শ্রমিক-কর্মচারীর ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে যেই অচলাবস্থা চলিতেছে, উহা উদ্বেগজনক। শনিবার প্রভাত হইতে বন্দরের তিনটি টার্মিনালে সকল প্রকার পরিচালন কার্যক্রম বন্ধ, যাহা রবিবারও চলিতেছে বলিয়া সমকাল অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানাইয়াছে।
দেশের আমদানি-রপ্তানির ৮৫ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়া পরিচালিত হইয়া থাকে বলিয়া উহা জাতীয় অর্থনীতির প্রাণপ্রবাহরূপে পরিচিত। সুতরাং, উক্ত অচলাবস্থা শুধু যে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী এবং অন্যান্য কর্মজীবীর জন্য ক্ষতির কারণ হইতেছে, তাহা নহে; জাতীয় অর্থনীতির জন্যও বৃহৎ আঘাত। তাই বলিয়া বন্দরে ধর্মঘট আহ্বানের ঘটনায় রাজস্ব ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করিতে তদন্ত কমিটি গঠন কতখানি সংগত, স্পষ্ট নহে। কারণ বন্দরের শ্রমিক-কর্মচারীরা ঘোষণা দিয়াই এই ধর্মঘট চালাইতেছেন। ধর্মঘটের কারণও বিবৃত। আন্দোলনকারী নেতা সমকালকে জানাইয়াছেন, বিদেশি কোম্পানিকে এনসিটি টার্মিনাল ইজারা দিবার সিদ্ধান্ত হইতে পশ্চাদপসরণ না করিলে তাহারা আরও কঠোর কর্মসূচি দিবেন। সেইখানে রাজস্ব ক্ষতি নির্ধারণে তদন্ত কমিটি গঠনের ন্যায় পদক্ষেপ পরিস্থিতির অবনতি বৈ উন্নতি ঘটাইবে না।
আমরা জানি, অন্তর্বর্তী সরকার গত বৎসর আকস্মিকভাবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এনসিটি বিদেশি কোম্পানির নিকট ইজারা দিবার ন্যায় নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করে। অথচ গণঅভ্যুত্থানের মধ্য দিয়া গঠিত এই সরকারের মূল কর্তব্য ছিল নির্বাচন, সংস্কার ও বিচারকার্য সম্পন্ন করা। তৎপরিবর্তে বন্দর ইজারা দিবার মতিভ্রম কেন ঘটিয়াছিল– স্পষ্ট নহে। তখন হইতে বন্দরের শ্রমিক-কর্মচারীদের সহিত বিভিন্ন রাজনৈতিক দল উক্ত সিদ্ধান্তের বিরোধিতা করিয়া আসিতেছে। কিন্তু এই সকল প্রতিবাদ-বিক্ষোভ উপেক্ষা করিয়াই সরকার স্বীয় সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগামী। অচলাবস্থা নিরসনে যেইখানে বন্দর কর্তৃপক্ষের দায়িত্ব ছিল আন্দোলনকারীর সহিত আলোচনা চালাইয়া যাওয়া, সেইখানে এক প্রকার নিবর্তনমূলক পন্থা বাছিয়া লওয়া হইয়াছে।
সমকালের প্রতিবেদন অনুসারে, চলমান আন্দোলনে নেতৃত্ব দানকারী চার কর্মচারীকে তাৎক্ষণিক চট্টগ্রাম বন্দর হইতে ঢাকার পানগাঁও নৌ টার্মিনালে বদলি করা হইলেও তাহারা নির্দেশ না মানিয়া আন্দোলন অব্যাহত রাখিয়াছেন। রবিবার সকালে বন্দর ভবন এলাকায় বিপুলসংখ্যক পুলিশও মোতায়েন করা হইয়াছে। ইহাতে সমস্যার সমাধান তো দূরস্থান, বরং উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাইবে, যাহাতে সমস্যাটি জটিল রূপ ধারণ করিতে পারে। এমনকি সংসদ নির্বাচনেও যদি এই উত্তেজনা কোনো অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলে তাহা হইলে বিস্ময়ের কিছু থাকিবে না। কারণ শাস্তিমূলক বদলির শিকার নেতারা ইতোমধ্যে ঘোষণা দিয়াছেন– বদলি করিয়া কিংবা তদন্ত কমিটির মাধ্যমে ভীতি প্রদর্শন করা যাইবে না কয়েক সহস্র শ্রমিক-কর্মচারীকে। ইহাতে তাহাদের আন্দোলন বরং আরও তীব্রতর হইবে।
স্মরণে রাখিতে হইবে, বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে সংশ্লিষ্টকরণের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। ভূ-রাজনৈতিক কারণে এবং একমাত্র সচল বন্দর হইবার কারণে ইহার স্পর্শকাতরতা আরও বৃদ্ধি পাইয়াছে। বর্তমান সরকারের ন্যায় অতীতেও বিভিন্ন সরকার বন্দর ব্যবস্থাপনায় উন্নতি সাধন এবং তথা হইতে ঘুষ-দুর্নীতি অবসানের যুক্তি প্রদর্শন করিয়া অনুরূপ সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করিয়াছিল। কিন্তু শ্রমিক-কর্মচারীদের সহিত দেশপ্রেমিক বিভিন্ন শক্তির সম্মিলিত প্রতিবাদের মুখে উহারা সফল হয় নাই। উপরন্তু জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হইলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই সপ্তাহও নাই। তথাপি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এই বৃহৎ সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের জন্য না রাখিয়া কেন তাহারা ক্ষিপ্র গতিতে বাস্তবায়ন করিতে অটল– তাহা রহস্যজনকও বটে। বন্দর বিষয়ে যেই কোনো সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত লইয়াই গ্রহণ ও কার্যকর করিতে হইবে। সরকার ও বন্দর কর্তৃপক্ষ বন্দর ইজারার বিষয়েও সেই পথ অনুসরণ করিবে– ইহাই আমাদের প্রত্যাশা।
