ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন গত রোববার একটি পর্যালোচনা বৈঠক করেছে। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্বাচনের তপশিল ঘোষণা নিয়ে যে প্রশ্ন ছিল, বৈঠকে সে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। বলা হয়েছে, চলতি সপ্তাহের (৮ থেকে ১৫ ডিসেম্বর) মধ্যে নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করা হবে। যেহেতু একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, সে কারণে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে একটানা ভোটগ্রহণ চলবে বিলেক সাড়ে ৪টা পর্যন্ত। স্মরণ করা যেতে পারে, অন্তর্বর্তী সরকার ইতোপূর্বে ঘোষণা করে যে, ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সে মোতাবেক নির্বাচন কমিশন প্রস্তুতি সম্পন্ন করে তপশিল ঘোষণার সময় নির্ধারণ করেছে।

নির্বাচন কমিশন এরই মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করেছে, অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছে। এছাড়া নির্বাচন সংক্রান্ত কেনাকাটা ও নির্বাচন পর্যবেক্ষক দলগুলোর নিবন্ধন শেষ করেছে। বর্তমানে নির্বাচন-কর্মকর্তাদের প্রশিক্ষণ ও প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধনের কাজ করছে। সাধারণত জাতীয় নির্বাচনে ৬৪ জেলার জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। এবার ইসির নিজস্ব কর্মকর্তাদের এই দায়িত্ব প্রদানের প্রস্তাব করে বিএনপি। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের একটি তালিকা প্রস্তুত করেছে ইসি। সেখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের রাখা হয়েছে। কোনো বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের রাখা হয়নি। বিএনপি অনুরোধ জানিয়েছিল, জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণাধীন ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে না রাখার জন্য। ইসি সেটা আমলে নিয়েছে। তবে বলেছে, বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের রিজার্ভ হিসেবে রাখা হবে। প্রয়োজন না হলে তাদের নেয়া হবে না। সকলেই জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ। এ প্রেক্ষিতে কোনো কোনো দলের তরফে পরিস্থিতি বিবেচনায় নিয়ে তপশিল ঘোষণার অনুরোধ জানানো হয়েছিল। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, এটার পক্ষে-বিপক্ষে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আছে। এমতাবস্থায়, ইসি তার নিজ বিবেচনায় আগের কমিটমেন্ট এবং সরকারের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।

নির্বাচন কমিশন তার এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন করে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাকে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করে। নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন সিইসিসহ নির্বাচন কমিশনারগণ। প্রধান উপদেষ্টা নির্বাচন প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। প্রয়োজনীয় সব রকম সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা চালকের আসনে আছেন। আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতেই হবে। তিনি স্মরণ করেন, জাতিকে একট সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেয়ার প্রত্যয়ে এগিয়ে চলেছি।

জানা গেছে, রেওয়াজ অনুযায়ী নির্বাচনের তপশিল ঘোষণার আগে নির্বাচন কমিশন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে। আগামী বুধবার সেই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এই সাক্ষাতের পরদিন অর্থাৎ বৃহস্পতিবার নির্বাচনের তপশিল ঘোষিত হতে পারে। বলা বাহুল্য, তফসিল ঘোষণার মধ্য দিয়ে বহুল আলোচিত ও প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। কারো আজানা নেই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক কথা, অনেক আলোচনা, অনেক বাদ-প্রতিবাদ, অনেক চক্রান্ত-ষড়যন্ত্র হয়েছে। সরকারের মধ্যকার একটি অংশ, একাধিক রাজনৈতিক দল এবং স্বৈরাচারের দোসররা পৃথক পৃথক স্বার্থে নির্বাচন বিলম্বিত হোক কিংবা না হোক, এটা চেয়েছে। কিন্তু বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল দ্রুত নির্বাচন দাবি করেছে।

লাগাতার দ্রুত নির্বাচনের তাগাদা দিয়েছে। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারও যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে সম্মত হয়েছে। সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং ঈদের উৎসবের মতো। নানা রকমের দোলাচল, বাধা, প্রতিবন্ধকতা, কাজের বিভিন্নতা ও দুরূহতা অতিক্রম করে নির্বাচন কমিশন আখেরে নির্বাচন-প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছে, এটা অবশ্যই একটি অকুণ্ঠ ধন্যবাদযোগ্য বিষয়। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। সিইসি এ এম এম নাসির উদ্দীন এর আগে সেকথা উল্লেখও করেছেন। যা হোক, ভালোয় ভালোয় সবকিছু এগিয়ে গেছে, এর চেয়ে সন্তোষের আর কিছু হতে পারে না। আমরা নির্বাচন কমিশনের সকল সদস্যসহ কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। তারা দ্রুততম সময়ে একটি অসম্ভবপর কাজ সম্ভবপর করেছেন। অন্তর্বর্তী সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টাকেও আমরা ধন্যবাদ জানাই। তিনি দ্রুত নির্বাচনের পক্ষেই অভিমত দিয়ে গেছেন।

নির্বাচন কমিশন যে প্রস্তুতি নিয়েছে, তাকে সন্তোষজনক বলে নির্দ্বিধায় অভিহিত করা যায়। তবে নির্বাচন কমিশনের জন্য আসল চ্যালেঞ্জ সামনে অপেক্ষমান। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করতে হবে। দিন শেষে নির্বাচন যদি জনআকাক্সক্ষা অনুযায়ী শেষ করা সম্ভব হয়, তবে ইতিহাসে স্থান পাবে নির্বাচন কমিশন। সরকারও নন্দিত অভিনন্দিত হবে। কার্যত নির্বাচন কমিশনের মূল পরীক্ষা শুরু হবে তপশিল ঘোষণার পর। তখন রাজনৈতিক দলগুলো নির্বাচনের ময়দানে পুরোপুরি নেমে পড়বে। তখন নির্বাচনবিধি লংঘন, সংঘাত-সংঘর্ষ, পেশিশক্তির ইস্তেমাল, কালো টাকার মহড়া ইত্যাদি নির্বাচনের পরিবেশকে ভয়াবহ করে তুলতে পারে। যদি তা হয়, তবে নির্বাচন অগ্রহণীয় ও প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন কমিশন ব্যর্থ বলে প্রতিপন্ন হবে।

সরকারের অখ্যাতি দেশে-বিদেশে ছড়িয়ে পড়বে। নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশন ও সরকারের কোনরূপ ব্যর্থ হওয়া যাবে না। তাদের যেকোনো মূল্যে দেশের স্বার্থে সফল হতেই হবে। নির্বাচন কমিশনকে তার কথাবার্তা, আচরণ ও কাজের ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। সব দলের জন্য নির্বাচনের মাঠ সমান করতে হবে। নির্বাচনের আচরণবিধি ও পরিবেশ লংঘনকারী যেই হোক, যারাই হোক তার বা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আইন-শৃংখলার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে তা নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নির্বাচন বানচাল করা, দেশের গণতন্ত্রে উত্তরণ ব্যর্থ করার জন্য দেশি-বিদেশি, চক্রান্ত সক্রিয় আছে। তারা সন্ত্রাস ও আইনশৃংখলার অবনতি ঘটিয়ে নির্বাচনকে ভ-ুল ও প্রশ্নবিদ্ধ করতে পারে। সে ক্ষেত্রে আইনশৃংখলা সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। আমরা আশা করবো, নির্বাচন গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ সহায়তা দেবে।