গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দ্রুত সংস্কার ও গণহত্যার বিচার কার্যক্রম শেষ করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোই ছিল মূল লক্ষ্য। এটা অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ। তবে দেশের মানুষ দেখেছে, অন্তর্বর্তী সরকারের ষোল মাসে কিছু রাজনৈতিক ইসলামী দল ও সংগঠন নির্বাচন যাতে না হয়, অন্তর্বর্তী সরকার বছরের পর বছর ক্ষমতায় থাকুক এমন বয়ান দিয়েছে। নানা ইস্যু ও দাবি সামনে এনে নির্বাচন বিলম্ব ও বানচালের ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলমী দলগুলো সভা-সমাবেশ করে তাদের দাবি অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচনসহ নানা দাবিতে আন্দোলন শুরু করে এবং নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুমকি দিয়েছে। এই হুমকির নেপথ্য কারণ হচ্ছে, হাসিনার পতনের পরপরই প্রশাসন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, মাদরাসা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জামায়াতের অনুসারি ও মতাদর্শের লোকজন বসিয়ে সরকারের ওপর কর্তৃত্ব স্থাপন করে। এমনও বলা হয়, জামায়াত ছায়া সরকার হয়ে ক্ষমতা উপভোগ করছে। সঙ্গতকারণেই প্রশ্ন ওঠে, বিনানির্বাচনে ক্ষমতা উপভোগ করলে কে নির্বাচন চাইবে? নির্বাচন যাতে বিলম্ব বা না হয়, এ চেষ্টাই সে করবে। অন্যদিকে, নির্বাচন বানচালে পতিত আওয়ামী লীগ ও ভারত ষড়যন্ত্র-চক্রান্ত করবে, এটা স্বাভাবিক। তাদের পতনের পর অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই তারা অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশকে ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করে আসছে। নির্বাচনের তফশিল ঘোষণার পর তারা যে আরও মরিয়া হয়ে উঠবে, তা অনেকটা অনুমিতই ছিল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাচেষ্টার মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটেছে।
নির্বাচন বানচালে আওয়ামী লীগ ও ভারত যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নেমেছে, তা এখন দৃশ্যমান। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা পরিকল্পনাসহ নানা সন্ত্রাসী কর্মকা-ের মিশন নিয়ে নেমেছে, এটা পরিস্কারভাবে বোঝা যাচ্ছে। ওসমান হাদিকে হত্যাচেষ্টার মাধ্যমে এই মিশনের শুরু। পত্রপত্রিকার খবর অনুযায়ী, তাদের হিট লিস্টে আরও অনেকে রয়েছে। বিশ্লেষকরা এ অনুমানও করছেন, সামনে আরও অঘটন ঘটতে পারে। সরকারকে তারা সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে ওসমান হাদির হত্যাচেষ্টা ঘটনা নিয়ে দেশ প্রতিবাদমুখর হয়ে উঠেছে। এ প্রতিক্রিয়া ও প্রতিবাদ হওয়া স্বাভাবিক। তবে এ ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করে নির্বাচন বানচালের এক ধরনের প্রবণতাও রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করেন।
এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন এক অনুষ্ঠান শেষে ওসমান হাদিকে হত্যাচেষ্টা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, নির্বাচনের সময় এ ধরনের ঘটনা সবসময়ই ঘটেছে এবং ঘটতে থাকে। মাঝেমধ্যে খুনখারাবি হয়। তার এ মন্তব্যে জামায়াতে ইসলামী, এনসিপিসহ তাদের সমমনা দলগুলো তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। জামায়াতে ইসলামী ব্যাখ্যা দাবি করে সিইসিকে বলেছে, তিনি এ পদে থেকে দায়িত্ব পালনের উপযুক্ত কিনা, তা প্রমাণ করতে হবে। তার সহযোগী কোনো কোনো দল সিইসির পদত্যাগও দাবি করেছে। নির্বাচন কমিশন থেকে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, সিইসি মূলত বোঝাতে চেয়েছেনÑ হাদির ওপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়নি।
বলার অপেক্ষা রাখে না, প্রধান নির্বাচন কমিশনার একজন আমলা ছিলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আমাদের দেশে নির্বাচনের সময় আইনশৃঙ্খলাজনিত কী ধরনের পরিস্থিতি হয়, তা বলতে গিয়ে হয়ত গুছিয়ে বলতে পারেননি। পরবর্তীতে নির্বাচন কমিশন তার যৌক্তিক ব্যাখ্যা দিয়েছে। এটাই নির্বাচন কমিশনের অবস্থান। তবে তার এ মন্তব্য নির্বাচনবিরোধীদের কাছে এক ধরনের অস্ত্র তুলে দিয়েছে। এ নিয়ে এখন তারা নির্বাচনবিরোধী পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে পর্যবেক্ষকরা মনে করছেন। তাদের মতে, নির্বাচন পেছানোর পাঁয়তারা হিসেবে তারা তাদের পুরনো এজেন্ডা নতুন করে চাঙা করতে চায়। নির্বাচনের পরিবেশ নেই বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলতে চায়। নির্বাচন পিছিয়ে গেলে বা না হলে কার লাভ, তা বুঝতে অসুবিধা হয় না। অথচ আমাদের দেশে নির্বাচনের সময় কমবেশি সহিংসতা নতুন কিছু নয়। অতীতে এর অনেক নজির রয়েছে। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সংঘাত-সংঘর্ষের সৃষ্টি হয়েছে। আহত-নিহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রধান নির্বাচন কমিশনার সেই প্রেক্ষাপট বিবেচনায় মন্তব্য করেছেন। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তার চিকিৎসার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিতকরণসহ কাউকে কাউকে গ্রেফতার করেছে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংসদ সদস্য প্রার্থী ও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের তালিকা করে তাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু, দেহরক্ষী নিয়োগের অনুমতি ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরামর্শ দেয়ার নীতিমালা করেছে। নির্বাচন কমিশনও জোর দিয়ে বলেছে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নেয়া হয়েছে।
আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন হওয়া ছাড়া বিকল্প কিছু নেই। নির্বাচন না হলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। ফলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারসহ ফ্যাসিবিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে যা যা করণীয় তা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করতে হবে। পতিত আওয়ামী লীগ ও ভারত নির্বাচন ভন্ডুল করতে চাইবে, এটা গোপন কিছু নয়। তাদের প্রতিহত করতে ভেদাভেদ ভুল সকলকে এক থাকতে হবে। যেসব ফ্যাসিবিরোধী রাজনৈতিক দলের মধ্যে কোনো ইস্যুকে কেন্দ্র করে বা অজুহাত দাঁড় করিয়ে নির্বাচন পেছানোর প্রবণতা রয়েছে, তা থেকে বের হয়ে আসতে হবে। সুষ্ঠু পরিবেশে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন কীভাবে করা যায়, তা নিশ্চিতে সকল পক্ষকে ভূমিকা রাখতে হবে।
