যেইভাবে অবৈধ উপায়ে দেশে পুষ্টি পরিপূরক আসিতেছে, উহা উদ্বেগজনক। শনিবার প্রকাশিত এই বিষয়ক সমকালের প্রতিবেদনে বলা হইয়াছে, পুষ্টি পরিপূরক ঔষধ হিসেবে গণ্য করিয়া সনদ বাধ্যতামূলক করায় ইহাদের আমদানিতে জটিলতা বাড়িতেছে। অথচ সুযোগ বুঝিয়া অনুমোদনহীন পণ্য অবৈধভাবে ঠিকই ঢুকিতেছে দেশের বাজারে। এতে করিয়া যেইরূপে পণ্যের ঝুঁকি বাড়িতেছে, সেইরূপে পণ্য বিক্রয়ের সুযোগ নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের হাতে চলিয়া যাইতেছে। এই সুযোগে চাহিদা মিটাইতে বাজার ভরিয়া যাইতে পারে নকল পুষ্টি পরিপূরকে। সহজ কথায় বলিলে যাহা জীবন রক্ষাকল্পে ব্যবহার হইবে, তাহাই জীবন নাশকারী হইতে পারে।

তবে বুঝিয়া লওয়া প্রয়োজন, এই সম্পূরক মুখের মাধ্যমে গ্রহণ করা হইয়া থাকে এবং ইহাতে সাধারণত এক বা একাধিক খাদ্য তালিকাগত উপাদান থাকে। তবে আলোচ্য পুষ্টি পরিপূরক ঔষধ নহে। উভয়ের কাজ মানুষের সুস্থতা লইয়া হইলেও কাজের মান ও ধরন ভিন্ন। পুষ্টি সম্পূরকগুলি কেবল খাদ্য তালিকাগত পুষ্টি সম্প্রসারণকার্য করিয়া থাকে। অন্যদিকে ঔষধ হইতেছে রাসায়নিক পদার্থ, যাহা বিশেষভাবে রোগের চিকিৎসা এবং নিরাময়ের জন্য তৈয়ার করা হয়। সাধারণত আইসিইউতে চিকিৎসাধীন রোগীর পুষ্টি পরিপূরক নিশ্চিত করিয়া রোগের জটিলতা হ্রাস করিতে ব্যবহার করা হয়। এইগুলি ভিন্ন ভিন্ন ফর্মুলেশনে রোগীর বয়স, স্বাস্থ্য পরিস্থিতি ও নির্দিষ্ট চাহিদা অনুযায়ী ব্যবহার হইয়া থাকে।

গত ২৪ ডিসেম্বর ঔষধ প্রশাসন অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানাইয়াছে, ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী ডায়েটারি সাপ্লিমেন্ট, হারবাল সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, মেডিকেল বা থেরাপিউটিক নিউট্রিশন এবং খাদ্যপথ্যজাত পণ্য নিবন্ধন ছাড়া আমদানি, উৎপাদন, মজুত, বিপণন বা প্রদর্শন করা চলিবে না। এই সকল পণ্য এখন আইনের দৃষ্টিতে ‘ঔষধ’ হিসেবে বিবেচিত হইবে এবং আইন লঙ্ঘন করিলে তাহা হইবে দণ্ডনীয় অপরাধ।

প্রশ্ন হইতেছে এইরূপ কার্যক্রম দণ্ডনীয় হইলেও বিশেষ অনুমোদন কীভাবে মিলিতেছে? সমকালের প্রতিবেদন অনুযায়ী, বায়োসাইট হেলথকেয়ার লিমিটেড আর জাস করপোরেশন লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানকে পুষ্টি পরিপূরক আমদানির ছাড়পত্র দিয়াছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। উহার মধ্যে শুধু বায়োসাইট হেলথকেয়ার লিমিটেড একাই ১৯ হাজার ৭২৭ পিস পণ্য ভারত হইতে আমদানি করিতেছে।

এই সকল পুষ্টি সম্পূরক পণ্য বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রয়, বিতরণ বা সরবরাহ করা যাইবে না। তবে নির্দিষ্ট কিছু হাসপাতালে সরবরাহ করা হইবে বলিয়া উল্লেখ করা হইয়াছে। প্রশ্ন হইতেছে, এই দুই প্রতিষ্ঠান ঔষধ প্রশাসন অধিদপ্তর হইতে কোন বিশেষ ব্যবস্থাপনায় এই অনুমতি পাইয়াছে? ইহার নানারূপ উত্তর থাকিলেও কোনোটি সদুত্তর বলিয়া গণ্য করা যাইতেছে না। একই সঙ্গে আরও একখানি প্রশ্ন ভাবিতেছি, একখানি বিধিমালা তৈয়ার করিতে কি তিন বছর সময় প্রয়োজন হইতে পারে, বিশেষ করিয়া যখন জনস্বাস্থ্যের মতো এহেন গুরুত্বপূর্ণ একটি বিষয়!

পুষ্টি পরিপূরক লইয়া জটিলতার মূল কারণগুলি হইল উহাকে ঔষধ হিসাবে ঘোষণা, নিবন্ধন প্রক্রিয়া, অবৈধ পথে আমদানি। বাংলাদেশে পুষ্টি পরিপূরক আমদানিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কঠোরতা, নিবন্ধনের অভাব এবং অনিয়মের কারণে বৈধ আমদানিতে সংকট তৈয়ার হইতেছে। পুষ্টি পরিপূরক আর হোটেলের বাসি খাবারের বিষক্রিয়া এক না হইলেও খুব পৃথক কিছুও নহে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান এক বক্তব্যে উল্লেখ করিয়াছিলেন, দেশে প্রতি বৎসর যত শিশু মারা যায় তাহাদের ১০ শতাংশের কারণ ভেজাল ও বিষাক্ত খাদ্য। পুষ্টি পরিপূরক সংকট হইলে ভেজাল পণ্যের সয়লাবের আশঙ্কা আমাদের আতঙ্কিত করিতেছে। তাই যত দ্রুত সম্ভব নিবন্ধন সহজ করিয়া উন্নতমানের পুষ্টি পরিপূরক আমদানি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে আমদানিকারকদের পণ্যের গুণমানে নজরদারিও সমানভাবে গুরুত্বপূর্ণ। পুষ্টি পরিপূরক ব্যবহার কতখানি নিরাপদ, তাহাও নিশ্চিত করিতে হইবে।