চলমান ইরানযুদ্ধের কারণে বিশ্বব্যাপি জ্বালানিতেলের সংকট এক অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কী ধনী, কী দরিদ্রÑসব দেশই এই জ্বালানিতেলের সংকটে খাবি খাচ্ছে। বৈশ্বিক অর্থনীতি অস্থির এবং ওলট-পালট হয়ে গেছে। বিশ্ব খাদ্যসংস্থার (এফএও) হিসাব অনুযায়ী, ইরানযুদ্ধের কারণে বিশ্বে খাদ্যপণ্যের দাম গত ফেব্রুয়ারির তুলনা এ মাসে (মার্চে) ২.৪ শতাংশ বেড়েছে। জ্বালানিতেলের দাম বেড়েছে ৩০ শতাংশ পর্যন্ত। আইএমএফের মতে, জ্বালানির দাম ১০ শতাংশ বাড়লে বৈশ্বিক মূল্যস্ফীতি ০.৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এতে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্য ডলার সংকট ও আমদানিব্যয়ের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে। বুঝতে অসুবিধা হয় না, আমদানিনির্ভর জ্বালানিতেলের দাম বৃদ্ধিতে বাংলাদেশের অর্থনীতি কতটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে। সরকার পরিস্থিতি সামাল দিতে কৃচ্ছ্রসাধন নীতি অবলম্বন করছে। অফিস সময় ১ ঘন্টা কমিয়ে ৯টা-৪টা করেছে। বিদ্যুৎসাশ্রয়ে সরকারি অফিস থেকে শুরু করে বেসরকারি পর্যায়ে আলোকসজ্জা নিষিদ্ধ করেছে। সরকারি গাড়ির তেল ত্রিশ শতাংশ কমিয়েছে। সন্ধ্যা ৬টার পর সব বিপণিবিতান ও মার্কেট বন্ধ হবে। সরকার জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসখাতের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে। সরকার বহুমুখী পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানিসাশ্রয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যুদ্ধ যদি প্রলম্বিত হতে থাকে, তাহলে এই কৃচ্ছ্রসাধনও সংকট মোকাবেলায় যথেষ্ট হবে না।
বৈশ্বিকভাবে জ্বালানিতেলের দাম প্রায় দ্বিগুণের বেশি হয়ে গেলেও সরকার সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে দেশে জ্বালানিতেলের দাম বৃদ্ধি করেনি। গত শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানিয়েছেন, বৈশ্বিকভাবে জ্বালানিতেলের দাম বৃদ্ধি পেলেও সরকার দেশে বৃদ্ধি করেনি। এ পর্যন্ত বিশ্বের ৮০টি দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে। জনগণের যাতে দুর্ভোগ না বাড়ে, তা নিশ্চিত করতে সরকার জ্বালানিতেলের দাম বাড়ায়নি। এজন্য জ্বালানিতেলে সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। বলার অপেক্ষা রাখে না, এভাবে মাসের পর মাস ভর্তুকি দিলে সরকারের আর্থিক খাত দুর্বল হয়ে পড়বে। দেশ অস্থিতিশীল হয়ে উঠবে। দেশের অর্থনীতি অস্থিতিশীল হয়ে উঠলে সাধারণ মানুষ সরকারের উপর ক্ষুব্ধ হয়।
অন্যদিকে, অসাধু ব্যবসায়ীরা জ্বালানিতেলের সংকটকে অজুহাত দেখিয়ে মজুদ করে এবং সংকটকে আরও তীব্র করে তোলে। সীমান্ত দিয়ে তেল পাচার করে। অস্বীকার করার উপায় নেই, জ্বালানিতেলের সংকটে সব ধরনের উৎপাদন ও সরবরাহ বিঘিœত হয়। পরিবহন ব্যয় বেড়ে যায়। এতে উৎপাদিত পণ্য, বিশেষ করে কৃষিপণ্যের সরবরাহ কমে যায়। গতকাল একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা যায়, জ্বালানিতেলের সংকটের কারণে কৃষিপণ্যের পরিবহন খরচ বেড়ে যাওয়ায় লাভ দূরে থাক, কৃষকের উৎপাদন খরচও উঠছে না। ফলে যে স্বপ্ন নিয়ে কৃষক ফসল উৎপাদন করেছে, তা ক্ষেতেই নষ্ট ও পচে যাচ্ছে। টমেটো, তরমুজ, আনারসসহ মৌসুমী ফল ও সবজি ক্ষেতেই নষ্ট হচ্ছে। কৃষকরা ব্যাপক লোকসান ও ক্ষতির মুখে পড়ছে।
সরবরাহ করতে না পারায় সাধারণ মানুষ যেমন পণ্যসংকটে পড়েছে, তেমনি বেশিদামে তাদের কিনতে হচ্ছে। আমাদের দেশে স্বাভাবিক সময়ে পণ্যমূল্যবৃদ্ধিতে অসাধু ব্যবসায়ীদের অজুহাতের শেষ থাকেনা। আর যখন বাস্তবিক কোনো সংকট তৈরি হয়, তখন তাদের অজুহাত সীমাছাড়া হয়ে পড়ে। সরকার জ্বালানিতেলের দাম বৃদ্ধি না করলেও বৈশ্বিক মূল্যবৃদ্ধির অজুহাতে ইতোমধ্যে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বৃদ্ধি করে ফেলেছে। নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে পড়েছে। সাধারণ মানুষ পড়েছে চরম বিপাকে। মাছ, গোশত, ব্রয়লার মুরগী, সবজি ইত্যাদি খাদ্যপণের দাম বেড়েছে। পাশাপাশি চলছে অসাধু ব্যবসায়ীদের মজুতদারি এবং কৃত্রিম সংকট সৃষ্টি। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের সমন্বিত উদ্যোগ নেয়া জরুরি বলে পর্যবেক্ষকরা মনে করছেন। সরকার জ্বালানিসাশ্রয়ে যেসব উদ্যোগ নিয়েছে, তা সময়ের বিবেচনায় যৌক্তিক। পাশাপাশি বছরের পর বছর ধরে অবৈধভাবে রাজধানীর সড়ক ও ফুটপাত হকাররা যেভাবে দখল করে পথচারি চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং যানজট সৃষ্টি করে চলেছে, তা উচ্ছেদে সরকারের পদক্ষেপ সাধুবাদযোগ্য। এর সুফল পথচারি পাবে, যানজট কমবে এবং যানজটে দীর্ঘসময় আটকে থেকে যানবাহনের যে জ্বালানি ক্ষয় হয়, তা সাশ্রয় হবে। যানবাহন মসৃণভাবে চলতে পারবে এবং ফুটপাত দিয়ে মানুষ স্বচ্ছন্দে চলাচল করতে পারবে।
নতুন সরকার ক্ষমতায় এসেই একটি বিধ্বস্ত অর্থনীতি পেয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ফোকলা করে যাওয়া অর্থনীতিকে অন্তর্বর্তী সরকার ন্যূনতম উন্নতি করতে পারেনি। উল্টো টাকা ছাপিয়ে মূলস্ফীতি বৃদ্ধি এবং ঋণের বোঝা জনগণের উপর চাপিয়ে গেছে। উত্তরাধিকারসূত্রে এই শোচনীয় অর্থনীতিই বিএনপি সরকার পেয়েছে। ক্ষমতায় আসতে না আসতেই মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে ইরানযুদ্ধ। এমন ক্ষয়ীষ্ণু অর্থনীতি এবং বৈশ্বিক সংকট নিয়ে কোনো নির্বাচিত সরকারের যাত্রা খুব কম দেখা যায়। সরকার তার সীমিত সামর্থ্য নিয়ে এই সংকট মোকাবেলায় অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভর্তুকি দিয়ে জ্বালানিতেলের দাম ঠিক রেখেছে, বাড়ায়নি। তবে শোচনীয় অর্থনীতির মধ্যে এই ভর্তুকি কতদিন দেয়া যাবে? যদি ভর্তুকি চলতেই থাকে, তাহলে সরকারের হাতে থাকা টাকা দ্রুত ফুরিয়ে যাবে।
এভাবে দিনের পর দিন ভর্তুকি দেয়া কোনোভাবেই সম্ভব নয়। সরকার টাকা ছাপিয়ে চলবে না বলে আগেই সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায়, জ্বালানিতেলের দাম বৃদ্ধি ছাড়া সরকারের সামনে বিকল্প কোনো পথ আছে বলে মনে হয়না। দাম বাড়াতেই হবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ গত শুক্রবার সাংবাদিকদের বলেছেন, বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি আমদানিতে ব্যয় বেড়ে যাওয়ায় সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। উচ্চমূল্যে জ্বালানি কিনতে গিয়ে সরকারি তহবিল ক্ষয়ে যাচ্ছে। এভাবে দীর্ঘমেয়াদে চলা কঠিন। এতে উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সহায়তা ব্যাহত হবে। তাই, দেশের স্বার্থে জ্বালানির মূল্য সমন্বয়ের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। আমরা মনে করি, দেশের অর্থনীতির চলমান প্রেক্ষাপটে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা জরুরি। তা না হলে, ভর্তুকি দিতে দিতে সরকার অর্থশূন্য হয়ে পড়বে। তবে এটিও খেয়াল রাখতে হবে, এই মূল্যবৃদ্ধি যাতে যৌক্তিক পর্যায়ে থাকে এবং সাধারণ মানুষের কষ্ট যাতে তুলনামূলক কম হয়।
