ব্যাটারিচালিত রিকশা চলাচলসংক্রান্ত নীতিমালা প্রণয়নের উদ্যোগটি এক বৎসরেও সমাপ্ত না হইবার বিষয়টি দুঃখজনক। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৎসরের ১৯ নভেম্বর ঢাকা মহানগরের সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ বা চলাচলে বিধিনিষেধ আরোপ করিয়া হাইকোর্ট একটি রুল জারি করেন। উহার উপর এক মাসের স্থিতাবস্থা দিয়া গত বৎসরের ২৫ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত উক্ত সময়ের মধ্যে ওই রুল হাইকোর্টে নিষ্পত্তি করিতে নির্দেশ দেন। তখন হাইকোর্টের রায়ের আলোকে ব্যাটারিচালিত রিকশা চলাচলসংক্রান্ত রূপরেখা প্রণয়নে সংশ্লিষ্ট সকলেই সরকারকে তাগিদ দিলে শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুসারে, গত বৎসর ২৭ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক ও উপসচিবকে সদস্য সচিব করিয়া আট সদস্যের কমিটি করা হয়। কিন্তু কমিটি অদ্যাবধি উক্ত নীতিমালা চূড়ান্ত করিতে পারে নাই।

ইত্যবসরে অবাধে আমদানি, স্থানীয় গ্যারেজে সহজলভ্যতা, সহজে রাস্তায় নামানোর সুযোগ থাকায় স্বল্প পুঁজিতে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ ব্যাটারি রিকশা ক্রয় করিয়া জীবনের ঝুঁকি লইয়া সড়কে নামিয়া পড়িয়াছেন। এমনকি নড়বড়ে পুলিশি ব্যবস্থার কারণে তাহারা অলিগলি হইতে চলিয়া আসেন মহাসড়কে, উঠিয়া যান উড়াল সড়কে। পাশাপাশি নিজেদের তো বটেই, যাত্রী ও পথচারীদেরও দুর্ঘটনায় পতিত হইবার সমূহ শঙ্কার জন্ম দিয়া চলিয়াছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলিতেছে, গত ঈদে ঢাকায় সংঘটিত ৩১৫টি সড়ক দুর্ঘটনার প্রায় ১৫ শতাংশ ঘটিয়াছে ব্যাটারিচালিত রিকশার কারণে। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মো. শিফুন নেওয়াজ বলিয়াছেন, এই সকল যানবাহনের নকশায় প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতি ২০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত হইলেও বর্তমানে ব্যাটারিচালিত রিকশা ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত গতি তুলিতে পারে। সরু সড়কে এই গতি দুর্ঘটনার কারণ ঘটায়। ইহা প্রায় সর্বজনবিদিত যে, প্রচলিত রিকশার সহিত অনেকাংশে নিছক একটা ইঞ্জিন জুড়িয়া দিয়াই ব্যাটারিচালিত রিকশার নামকরণ হইয়াছে। বাহনটির জন্য সড়কের ধরন অনুযায়ী কোনো নকশাও অনুসরণ করা হয় না। অভিজ্ঞতা বলে, কথিত এই যান্ত্রিক বাহনে দীর্ঘদিন চলার খেসারত হিসাবে অনেকেরই পিঠের ও মাজা ব্যথা চরমে উঠিয়াছে। সংশ্লিষ্ট চালকের শরীরের অবস্থাও তথৈবচ। কিন্তু এত কিছুর পরও এই অবৈজ্ঞানিক যানটিকে লইয়া আমাদের নীতিনির্ধারকরা প্রয়োজনীয় মাত্রায় উদ্বিগ্ন বলিয়া মনে হইতেছে না।

অবশ্য সমকালের প্রতিবেদন অনুযায়ী, ব্যাটারিচালিত রিকশা চলাচল বিষয়সংশ্লিষ্ট কমিটি একটা খসড়া নীতিমালা প্রণয়ন করিয়াছে। ইহার নাম ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল নীতিমালা-২০২৫’। উহাতে চালানোর অনুমতিপত্র (লাইসেন্স) পাইবার যোগ্যতা, চালকের বয়স, রিকশার উচ্চতা, টার্নিং রেডিয়াস, মোটর, চেসিস, বডির সুরক্ষা ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সুপারিশমালা রাখা হইয়াছে। খসড়া নীতিমালাটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে পাঠানো হইয়াছিল। কিছু পর্যবেক্ষণসহ ইতোমধ্যে তাহারা খসড়াটি ফেরত পাঠাইয়াছেন। যদিও কমিটির নূতন দায়িত্বপ্রাপ্ত প্রধান অবিলম্বে উহা চূড়ান্ত করিয়া নীতিমালা কার্যকর করিবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন, এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় তিনি উল্লেখ করেন নাই। ফলে নীতিমালা কার্যকর বিষয়ে অনিশ্চয়তা রহিয়া গিয়াছে।

অনস্বীকার্য, বিনিয়োগ ও কর্মসংস্থান সম্পর্কিত বিগত সরকারসমূহের ভুল নীতি দেশে যে ক্রমবর্ধমান বেকারত্ব সৃষ্টি করিয়াছে, উহারই প্রত্যক্ষ ফলস্বরূপ নিম্ন আয়ের মানুষেরা নিরুপায় হইয়া ব্যাটারি রিকশা চালনাকে পেশা হিসাবে লইতে বাধ্য হইতেছেন। অর্থাৎ কেবল আইনগত পদক্ষেপ এই সমস্যার চূড়ান্ত সমাধান দিতে পারিবে না। কিন্তু ইহা ব্যাটারি রিকশাসংক্রান্ত নীতিমালা বা আইনের প্রয়োজন নাকচ করে না। আমরা মনে করি, সংশ্লিষ্ট সকলের সহিত পরামর্শক্রমে একটা প্রয়োগযোগ্য নীতিমালা প্রণীত হইবার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উহা কার্যকরে আন্তরিক হইলে সমস্যার তীব্রতা অনেকাংশে হ্রাস পাইবে।