অন্তর্বর্তী সরকারের সামগ্রিক সাফল্য-ব্যর্থতা বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি গবেষণা প্রতিবেদনে যেই পর্যবেক্ষণ দিয়াছে, উহা প্রণিধানযোগ্য। মঙ্গলবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানাইয়াছে, উহার গবেষণায় অন্তর্ভুক্ত বিচার, রাষ্ট্র সংস্কার, নির্বাচন ও রাষ্ট্র পরিচালনা– এই চার ক্ষেত্রেই সরকারের অর্জন অপেক্ষা ‘ঘাটতি বা পথভ্রষ্ট হওয়ার উপাদানের পাল্লা ভারি’। আমরা জানি, চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিজয়ী দল বা জোটের সরকার গঠনের মধ্য দিয়া এই সরকার বিদায় লইবে। উপরন্তু এই সরকারের প্রধান দায়িত্ব ছিল নির্বাচন, বিচার ও সংস্কার।

অতএব, উক্ত ক্ষেত্রসমূহে সরকার কতটা জনপ্রত্যাশা পূরণ করিতে পারিল, বিদায়কালে এই মূল্যায়ন জরুরি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলিয়াছেন, সার্বিক পর্যবেক্ষণে চারটি ক্ষেত্রেই সরকারের উল্লেখযোগ্য অগ্রগতি ও অর্জন হইলেও অবকাঠামো পর্যাপ্ত শক্তিশালী ও মজবুত নয়। ফলে সংস্কারের ভিত্তি দুর্বল রহিয়া গিয়াছে। এমনকি ঝুঁকি মোকাবিলার সম্ভাবনাও দেখা যাইতেছে না। তাঁহার মতে, বহুল আলোচিত জুলাই সনদকে কেন্দ্র করিয়া রাজনৈতিক দলগুলির সম্মতিতে যেই গণভোট অনুষ্ঠিত হইতে যাইতেছে, উহা লইয়া বিভিন্ন ধরনের ‘বিতর্ক’ ও ‘দ্বিধা’ সৃষ্টি হইয়াছে। বিচার বিভাগের সংস্কারকে তিনি সর্বোচ্চ হিসাবে দেখিলেও বিচারে ধীরগতি এবং প্রক্রিয়াগত দুর্বলতা রহিয়াছে এবং ‘বিচার ও প্রতিশোধ একাকার’ করা হইয়াছে বলিয়া জানাইয়াছেন। নির্বাচন ব্যবস্থায় অতীতের ন্যায় অর্থ, পেশিশক্তি এবং ধর্ম– এই তিনটি শক্তির অপব্যবহারের প্রকট দৃষ্টান্ত দেখা যাইতেছে। তদুপরি যদি মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রিত না হয়, তাহা হইলে নির্বাচনে ইহার প্রভাব পড়িতে বাধ্য বলিয়া তিনি মনে করেন। তাঁহার মতে, অসুস্থ প্রতিযোগিতার কারণে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা সহিংস রূপ লইতেছে এবং নির্বাচনের পরের কয়েক দিন পর্যন্ত সহিংসতার এই ঝুঁকি থাকিতে পারে। অন্তর্বর্তী সরকারের সময়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার যথাযথ মনোযোগ পায় নাই। জুলাই-পরবর্তী জবাবদিহির প্রক্রিয়া লইয়াও উদ্বেগ প্রকাশ করিয়াছে টিআইবি। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সহিত কোনো যাচাই-বাছাই ব্যতীত ঢালাওভাবে সাংবাদিকদের জড়িত করিয়া তাহাদের আটক রাখা হইয়াছে।

ইহা স্পষ্ট, রাজনীতিবিদগণ এবং আমলাতন্ত্র জুলাই আন্দোলন হইতে যথেষ্ট শিক্ষা গ্রহণ করেন নাই। উপরন্তু তাহারা স্বীয় কায়েমি স্বার্থ বজায় রাখিবার সর্বোচ্চ প্রচেষ্টা চালাইয়াছেন। কিন্তু এই শক্তিগুলিকে সংস্কারের গুরুত্ব বুঝাইতে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করিয়াছে, তাহাও বলা যায় না। ইহা অস্বীকার করা যাইবে না, সংস্কারের বিষয় নির্ধারণে সরকার এক প্রকার পিক অ্যান্ড চুজ পদ্ধতি অনুসরণ করিয়াছে। যেই কারণে রাজনৈতিক দলগুলি নিজ নিজ সুবিধা অনুযায়ী সরকারের বিরুদ্ধে পক্ষপাত দেখাইবার অভিযোগ তুলিতে পারিয়াছে। বিশেষত নারী কমিশনের প্রতিবেদন সম্পর্কে সরকারের নির্লিপ্ততা একদিকে প্রতিবেদনকে অবমূল্যায়ন করিয়াছে, অন্যদিকে নারীর ক্ষমতায়নের বিরোধী শক্তিকে উৎসাহ দিয়াছে। মব সহিংসতাকে উস্কানি দিবার মাধ্যমে যেইভাবে সংবাদমাধ্যমকে চাপে রাখা হইয়াছে, উহা নজিরবিহীন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অবাধ তথ্যের প্রবাহ অনুমোদনের অঙ্গীকারও ভঙ্গ করিয়াছে সরকার। সরকারি সিদ্ধান্ত গ্রহণ, নীতি ইত্যাদি ক্ষেত্রে অস্বচ্ছতা তো ছিলই, তাহা অংশগ্রহণমূলক হয় নাই এবং গোপনীয়তার সংস্কৃতিও উহাতে কাজ করিয়াছে। সরকারের সর্বোচ্চ মহলের ঘোষণা মানিয়া উপদেষ্টা পরিষদ তাহাদের সম্পদ বিবরণী প্রকাশ করে নাই। এই সকল কিছু বিভিন্ন অংশীজনের আস্থা অর্জনে সরকারের চেষ্টাকে ব্যর্থ করিতে যথেষ্ট ছিল।

সকল ভালো তাহার শেষ ভালো যাহার– এই প্রবাদবাক্য স্মরণে রাখিয়া সরকার আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনটি জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করিলে কিছুটা হইলেও স্বস্তি মিলিবে বলিয়া আমাদের বিশ্বাস।