ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সূচনা হইতেই অনেক প্রার্থী যেইভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করিয়া চলিয়াছেন, উহা উদ্বেগজনক। বুধবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, গত ২২ জানুয়ারি আনুষ্ঠানিক প্রচার আরম্ভ হইবার পর ছয় দিবসে সমগ্র দেশ হইতে আচরণবিধি লঙ্ঘনের অন্তত ৮০টি লিখিত অভিযোগ জমা পড়িয়াছে। অভিযুক্তদের মধ্যে প্রায় সকল দলের প্রার্থীই রহিয়াছেন এবং প্রায় প্রতিদিন উহার মাত্রা বর্ধমান। অথচ এইবার মনোনয়নপত্র জমাদানের সময় প্রথমবারের ন্যায় নির্বাচনী আচরণ বিধিমালা মান্য করিবার অঙ্গীকারনামা প্রার্থীদের দিতে হইয়াছিল।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বাহিরেও এক দলের প্রার্থীর প্রতিপক্ষ কর্তৃক আক্রান্তের অঘটনও ঘটিতেছে। মঙ্গলবার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করিয়া ডিম্ব নিক্ষেপের ঘটনা ঘটিয়াছে, যাহার দায় বিএনপির বলিয়া ভুক্তভোগী মনে করেন। এই জোটের তরফ হইতে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে বাধা, হামলা ও আচরণবিধি লঙ্ঘন করা হইতেছে বলিয়া নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দেওয়া হইয়াছে। বিএনপিও সংবাদ সম্মেলন করিয়া জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ধর্মীয় বিশ্বাস ও আবেগ ব্যবহার করিয়া এবং আর্থিক প্রলোভন দেখাইয়া ভোটারকে প্রভাবিত করিবার চেষ্টার অভিযোগ তুলিয়াছে। দুর্ভাগ্যবশত, এই সকল ঘটনায় নির্বাচন কমিশন তথা ইসিকে প্রয়োজনীয় মাত্রায় সক্রিয় দেখা যাইতেছে না।

অথচ প্রতিটা জেলায় রিটার্নিং কর্মকর্তা এবং বিচারকদের নেতৃত্বে গঠিত নির্বাচনী অনুসন্ধান ও বাস্তবায়ন কমিটি রহিয়াছে, যাহাদের দায়িত্ব প্রার্থীদের অভিযোগ তদন্ত করিয়া আচরণ বিধিমালা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক তিন দিবসের মধ্যে ইসিতে প্রতিবেদন জমা দেওয়া। ইসির আচরণ বিধিমালা অনুযায়ী উক্ত বিচারকগণ আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর উপর সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লক্ষ টাকা জরিমানা এবং দলের উপর দেড় লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করিতে পারেন। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রহিয়াছে ইসির। সমকালের প্রতিবেদনমতে, আনুষ্ঠানিক প্রচার শুরু হইবার পূর্বাপর প্রায় তিন সপ্তাহে আচরণবিধি ভঙ্গের প্রায় দেড় শত অভিযোগ আসিয়াছে, যেইখানে ৯৪টি মামলায় ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হইয়াছে। কতিপয় ক্ষেত্রে কারণ দর্শানো নোটিশ দেওয়া হইয়াছে। তবে নির্বাচনী অনুসন্ধান ও বাস্তবায়ন কমিটির সক্রিয়তা প্রত্যাশিত মাত্রায় থাকিলে নাসীরুদ্দীন পাটোয়ারীসহ বিভিন্ন প্রার্থী সম্প্রতি যে পাল্টাপাল্টি অভিযোগ করিয়াছেন, সেইগুলি উঠিত না।

স্বস্তির বিষয়, বিএনপি-জামায়াতসহ প্রতিদ্বন্দ্বী দলসমূহ ২২ জানুয়ারি নির্ধারিত দিবস হইতেই বড় কোনো অঘটন ব্যতিরেকে ছোট-বড় সমাবেশ করিয়া চলিয়াছে। ইহা অব্যাহত থাকিলে ভোটারদের মনে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাইবার আস্থা তৈয়ার হইবে। তবে নির্বাচনপূর্ব এই পরিবেশ বজায় রাখিতে হইলে ইসিতে যেই সকল অভিযোগ জমা পড়িয়াছে, সেইগুলির ব্যাপারে যদ্রূপ ব্যবস্থা লইতে হইবে, তদ্রূপ ইহার বাহিরেও দল বা প্রার্থী কোনো আচরণবিধি লঙ্ঘন করিলে ইসির তরফ হইতে স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত দেখাইতে হইবে। মনে রাখিতে হইবে, স্বাস্থ্য সংক্রামক নহে, ব্যধিই সংক্রামক। উপরন্তু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য ইসিকে সকল পক্ষের জন্য একই সমতল মাঠ তথা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করিতে হইবে। ইতোমধ্যে যেই সকল হামলা, সহিংসতামূলক অঘটন ঘটিয়াছে, সেইগুলির ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিয়া কঠোর বার্তা দিতে হইবে, যাহাতে নির্বাচনের পূর্বেই এই ধরনের অঘটন না ঘটে। নির্বাচনী পরিবেশ বজায় রাখিতে আইনশৃঙ্খলা বাহিনীকে যদ্রূপ তৎপর হইতে হইবে, তদ্রূপ রাজনৈতিক দলগুলিকেও দায়িত্বশীলতার পরিচয় দিতে হইবে। গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের সহযোগিতার মাধ্যমেই প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হইবে।