ভারতের উগ্রবাদী ও সাম্প্রদায়িক দুর্বৃত্তদের দাবির প্রেক্ষিতে দিল্লির বিজেপি সরকারের নির্দেশে ভারতের ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান প্রিমিআর লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিয়েছে। দিল্লির এ পদক্ষেপের পর ভারতের উগ্রবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠি যখন ‘ভারতের হিন্দুদের জয় হয়েছে’ বলে উল্লাস প্রকাশ করেছে, তখন ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে কড়া প্রতিক্রিয়া। অন্তর্বর্তী সরকারের পরামর্শে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। উল্লেখ্য, এবারের টি-২০ বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ‘সি’ গ্রুপের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনে ও একটি হওয়ার কথা মুম্বাইয়ে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে অনুরোধ জানানো হয়েছে, ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোথাও আয়োজন করতে। বাংলাদেশ দলের নিরাপত্তার প্রশ্ন তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে, বর্তমান পরিস্থিতিতে ভারতের কোনো শহরে বাংলাদেশ দল নিরাপদ নয়। শুধু দলই নয়। খেলা হলে বোর্ড কর্মকর্তা, দর্শক এবং সাংবাদিকরা যাবেন সেখানে। তারাও কেউ নিরাপদ থাকবে না বলে শঙ্কা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডকে ই-মেইল বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে দিয়েছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করে ও সরকারের পরামর্শ আমলে নিয়ে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, এমতাবস্থায় জাতীয় দলকে টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো হবে না। পর্যবেক্ষরা মনে করেন, এর মাধ্যমে ভারতের পদক্ষেপের যথার্থ পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, গোলামীর দিন শেষ হয়েছে। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া প্রসঙ্গে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠির কাছে নতিস্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডারকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ড. আসিফ নজরুল এও বলেছেন, ক্রীড়া উপদেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছি, বোর্ড যেন জানিয়ে দেয় যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। তিনি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকেও অনুরোধ জানিয়েছেন।
ড. আসিফ নজরুলের মতোই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানও মোস্তাফিজের ব্যাপারে ভারতের পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। প্রশ্ন করেছেন, কোন যুক্তিতে মোস্তাফিজকে বাদ দেয়া হলো? খেলোয়াড়ি কোনো কিছু হলে তো কোনো ব্যাপার ছিল না। এ যুক্তি আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। ফলে আমাদের পদক্ষেপ নিতেই হচ্ছে। চুপ থাকার উপায় নেই। আইপিএলের সম্প্রচার বন্ধের বিষয়ে তিনি জানান, আইনী ভিত্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আশার কথা, সে সিদ্ধান্ত ইতোমধ্যে হয়ে গেছে। সরকার বাংলাদেশে আইপিএলের খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ভারতের সিদ্ধান্তকে ন্যক্কারজনক বলে অভিহিত করে বলেছেন, এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন। ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বাংলাদেশি খেলোয়াড় বিরোধিতাÑ একইসূত্রে গাঁথা। ওদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, মোস্তাফিজ ইস্যুতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা কূটনৈতিক পদক্ষেপেরই অংশ। এটা নেওয়া ছাড়া এ মুহূর্তে বাংলাদেশের করার আর কিছু নেই। ভারতের অন্যায় ও অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশের গৃহীত সিদ্ধান্ত ও পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। ভারতে বাংলাদেশ দলের খেলাবন্ধ এবং বাংলাদেশে আইপিএলের খেলা ও অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধÑ দুইই বাংলাদেশের মানুষের জেনুইন সেন্টিমেন্টের অংশ। এ সেন্টিমেন্টকে যথার্থ মূল্য দেয়ায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, মোস্তফা সারোয়ার ফারুকীকে। আরো ধন্যবাদ জানাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে। একই সঙ্গে আমরা সাধুবাদ জানাই, ভারতের সাবেক পররাষ্ট্রপ্রতিমন্ত্রী, রাজনীতিক ও কূটনীতিক শশী থারুরকে। তিনি ভারত সরকারকে তার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন রেখেছেন: আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি? একটি দেশকে, একজন ব্যক্তিকে, নাকি তার ধর্মকে? মোস্তাফিজের জায়গায় লিটন দাস বা সৌম্য সরকার হলে কি একই সিদ্ধান্ত নেয়া হতো? তার এ প্রশ্নের জবাব ভারতের বিজেপি সরকার দেয়নি।
ভারতের কাছে হেড ডাউন হয়ে চলার দিন শেষ। জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, যে বাংলাদেশ মাথা নোয়াবার নয়। পতিত স্বৈরাচার ক্ষমতায় থাকার বিনিময়ে ভারতের দাস্যতা মেনে নিয়েছিল। ভারত সবসময় শর্তযুক্ত সমর্থনে স্বৈরাচারের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। স্বৈরাচার উৎখাত হয়েছে এবং ভারতেই পালিয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানে ভারতের দাস সরকারেরই পতন হয়নি, ভারতের প্রভুত্বের পতন হয়েছে। এটা ভারতের পক্ষে মেনে নেয়া কঠিন। গণঅভ্যুত্থানের পর ভারত অন্তত ৩০ হাজার খুনীকে আশ্রয় দিয়েছে এবং লালন-পালন করছে। অন্তর্বর্তী সরকারকে এখন পর্যন্ত ভারত মেনে নিতে পারছে না। সরকারকে বিপাকে ও বিপদে ফেলার জন্য এমন কোনো উপায়, ষড়যন্ত্র ও চক্রান্ত নেই, যা করছে না।
পতিত স্বৈরাচার ও ভারত যৌথভাবে একের পর এক আঘাত করছে সরকার ফেলে দেওয়ার জন্য, অরাজকতা সৃষ্টির জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য। বাংলাদেশ ও তার জনগণের বিরুদ্ধে বেপরোয়া হয়ে নেমেছে ভারত। খেলাকে দেশ বিদ্বেষের হাতিয়ার হিসাবে ব্যবহার করা থেকেই এটা উপলব্ধি করা যায়। এরকম আদাজল খেয়ে কোনো দেশের পেছনে লাগা ভারতের নতুন প্রজন্ম কীভাবে নেবে সেটাই প্রশ্ন। ভারতে অন্তর্ভুক্তিমূলক সমাজে বিশ্বাসী মানুষ কম নেই। যতই উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা বাড়ছে ততই তাদের সংখ্যাও বাড়ছে। এটা অবশ্যই ভালো দিক। ভারতের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশের সঙ্গে দেশের, জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের প্রতি মূল্য না দিয়ে প্রতিবেশী দেশের দল বিশেষের সঙ্গে সম্পর্ক স্থাপনকে প্রাধান্য দিয়েছে। এর নিট ফল হিসেবে ভারত সব প্রতিবেশী হারিয়ে একা হয়ে পড়েছে। সার্বভৌম সমতার নীতি এবং সৎপ্রতিবেশীসুলভ নীতির অনুসরণই কেবল ভারতকে এই পতিত দশা থেকে উদ্ধার করতে পারে। বিদ্বেষ, বৈরিতা, উগ্রতা ও সাম্প্রদায়িকতা ভারতকে বিচ্ছিন্ন ও নিরালম্ব হওয়ার পথে আরো এগিয়ে দেবে, এটা তার নীতি নির্ধারকরা বুঝলে ভালো হয়।
