আমাদের প্রতিবেশী দেশটি তো আকারে অনেক বড়, কিন্তু আচরণে বড় নয় কেন? এ প্রশ্নটি শুধু সংখ্যালঘু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নেই, অন্যদের মধ্যেও সেই প্রশ্ন আছে, এখন বিশেষভাবে সেই প্রশ্ন দেখা দিয়েছে খৃস্টানদের মধ্যে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে খৃস্টান সম্প্রদায়ের গির্জা ও প্রার্থনা কেন্দ্র লক্ষ্য করে হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন খৃস্টানরা। ৫ নভেম্বর বৃহস্পতিবার শতশত খৃস্টানের অংশ গ্রহণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোকারীদের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পাঁচ মাস আগে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার গঠনের পর থেকেই খৃস্টানদের লক্ষ্য করে হামলা চলছে।
কলকাতার এসপ্ল্যানেডে অনুষ্ঠিত এ বিক্ষোবে অল ইন্ডিয়া খৃস্টান কাউন্সিলের প্রেসিডেন্ট আর্চবিশপ জোসেফ ডি সুজা, বিশপ শ্যামল বসু, বিশপ নির্মল গোমেজসহ খৃস্টান সম্প্রদায়ের বিভিন্ন নেতা অংশ নেন। বঙ্গীয় খৃস্টীয় পরিষদের (বিসিপি) তথ্য অনুসারে, গত মে মাস থেকে পুরো রাজ্যে খৃস্টানদের প্রার্থনা কেন্দ্র লক্ষ্য করে ৪৮টি হামলার ঘটনা ঘটেছে। কিন্তু এর বিপরীতে এজাহার দায়ের হয়েছে ১৫টি। ৪৮টি হামলার মধ্যে সাত গির্জায় হামলার ঘটনা রয়েছে। এগুলোর মধ্যে ছয়টি ক্যাথলিক গির্জা ও একটি উত্তর ভারতীয় গির্জা শাখার অন্তর্ভুক্ত।
এদিকে বৃহস্পতিবার বিসিপির পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) পশ্চিমবঙ্গ রাজ্যপ্রধান জিষ্ণু বসুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা পশ্চিমবঙ্গে গির্জা ও খৃস্টান সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে কথা বলেন। আরএসএস রাজ্য প্রধান জানান, প্রার্থনাগৃহে হামলা ও লুটপাট অগ্রহণযোগ্য। এটি কোনো অবস্থায়তেই যৌক্তিক হতে পারে না। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বাসন্তিতে নতুন স্থাপিত এক গির্জায় ভাঙচুর চালায় হিন্দুত্ববাদী বিশৃঙ্খল জনতা। হামলায় গির্জার বিশপ ও বেশ কয়েকজন যাজক আহত হন। একই দিন মালদহ জেলার ইবিশ্চন্দ্রপুরে এক প্রার্থনা সভায় হামলা করা হয়। এর আগে ৫ জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামে নির্মাণাধীন এক গির্জায় ভাঙচুর করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের কংগ্রেসদলীয় সদস্য সাইয়েদ নাসের হুসেইন বলেন, বিজেপি-আরএসএসের ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে অবশ্যই বন্ধ করতে হবে, যার মাধ্যমে সংখ্যালঘুদের অধিকার অবজ্ঞা করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের প্রতি খৃস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের বিচার ও প্রত্যেক নাগরিকের কোনো প্রকার ভীতি ছাড়াই নিজের ধর্মীয় বিশ^াসের চর্চার অধিকার নিশ্চিতের দাবি জানান এ কংগ্রেস নেতা। দাবি তো জানালেন কংগ্রেস নেতা, কিন্তু বিজেপি তাতে কান দেবে কী? হিন্দু ধর্মে তো সকল ধর্মকে সমাদর করার কথা বলা হয়েছে, কিন্তু সেই সমাদর হচ্ছে কী? ভারতের সংবিধানকে মান্য করলেওতো সংখ্যালঘুদের মৌলিক ও অধিকার ক্ষুণœ হওয়ার কথা নয়। তাই প্রশ্ন জাগে, বিজেপি সরকার কিসের ভিত্তিতে দেশ চালাচ্ছে? উগ্রতা, হিংসা, বিভাজন তো রাষ্ট্র পরিচালনার নীতি হতে পারে না। ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চত করাই তো রাষ্ট্রের দায়িত্ব। বিষয়টি তো বিজিপিরও জানার কথা।
