সমুদ্রসীমার মালিকানা প্রতিষ্ঠা একটি দেশের জন্য যেমন সার্বভৌমত্বের অর্জন, তেমনি তা অর্থনৈতিক সম্ভাবনারও নতুন দুয়ার খুলে দেয়। ২০১২ সালে মিয়ানমার এবং ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মধ্য দিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল জলসীমার ওপর অধিকার প্রতিষ্ঠিত হয়। ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি এ সমুদ্রসীমা মৎস্যসম্পদসহ নানা প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাময় আধার। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো সমুদ্রসীমার মালিকানা অর্জনের এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এর সম্পদ অনুসন্ধান ও আহরণে প্রয়োজনীয় সক্ষমতা গড়ে ওঠেনি। অর্থনৈতিক সমুদ্রসীমার প্রায় ৭০ শতাংশ এলাকার মৎস্যসম্পদ সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকার বিষয়টি এ সক্ষমতার ঘাটতিকেই সামনে নিয়ে আসে।
সমুদ্রের কোন এলাকায় কী প্রজাতির মাছ রয়েছে, সেগুলোর মজুদ কত, কোথায় প্রজনন হয় এবং কোন মাত্রায় আহরণ করলে সম্পদের পুনরুৎপাদন ব্যাহত হবে না—এসব তথ্য ছাড়া সামুদ্রিক মৎস্যসম্পদের পরিকল্পিত ব্যবহার সম্ভব নয়। অথচ মৎস্য অধিদপ্তরের গবেষণা কার্যক্রম এখনো সীমিত সক্ষমতার একটি জাহাজ ‘আরভি মীন সন্ধানী’-নির্ভর। ২০১৮ সালে জরিপ চালাতে গিয়ে জাহাজটি সর্বোচ্চ ৬০ নটিক্যাল মাইল পর্যন্ত যেতে পেরেছিল। উত্তাল সমুদ্র ও কারিগরি সীমাবদ্ধতার কারণে গভীর সমুদ্রে নিয়মিত গবেষণা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে বাংলাদেশের বিশাল অর্থনৈতিক সমুদ্রসীমার একটি বড় অংশ কার্যত বৈজ্ঞানিক অনুসন্ধানের বাইরে থেকে যাচ্ছে। এক যুগেরও বেশি সময় ধরে সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশ তেমন সাফল্য দেখাতে পারেনি।
সামুদ্রিক সম্পদ অনুসন্ধানে এ সীমাবদ্ধতা নতুন নয়। ১৯৭২ সাল থেকে বিভিন্ন সময়ে জরিপ পরিচালিত হলেও দীর্ঘদিন ধরে বিদেশী গবেষণা সংস্থার সহায়তার ওপর নির্ভর করতে হয়েছে বাংলাদেশকে। নরওয়ের গবেষণা প্রতিষ্ঠান ড. ফ্রিডটজফ ন্যানসেনের সহযোগিতায় সাম্প্রতিক জরিপে ৬৫টি নতুন জলজ প্রাণীর সন্ধান পাওয়া গেছে, যার পাঁচটি বিশ্বে প্রথমবারের মতো আবিষ্কৃত হয়ে থাকতে পারে। এটি যেমন বঙ্গোপসাগরের জীববৈচিত্র্যের ব্যাপকতা নির্দেশ করে, তেমনি নিয়মিত ও বিস্তৃত গবেষণার প্রয়োজনীয়তাও স্পষ্ট করে। জলবায়ু পরিবর্তন, দূষণসহ বিভিন্ন কারণে মাছের বিচরণ ক্ষেত্র পরিবর্তিত হচ্ছে। পুরনো জরিপের তথ্য দিয়ে বর্তমান সম্পদের অবস্থা নিরূপণ কিংবা আহরণের পরিকল্পনা করা তাই ঝুঁকিপূর্ণ।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের পিছিয়ে থাকার বিষয়টি আরো স্পষ্ট হয়। ভারত ১৯৮৪ সাল থেকে গবেষণা জাহাজের মাধ্যমে গভীর সমুদ্রের মৎস্যসম্পদ নিয়ে জরিপ পরিচালনা করছে। মাছের মজুদ ও বিস্তৃতি নিরূপণের পাশাপাশি বাণিজ্যিক আহরণের সম্ভাবনাও যাচাই করছে দেশটি। মিয়ানমারও বিভিন্ন সময়ে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে জরিপ চালিয়েছে। বিপরীতে বাংলাদেশের গবেষণা কার্যক্রম মৌসুম ও জাহাজের সক্ষমতার সীমাবদ্ধতায় আটকে রয়েছে। আধুনিক গবেষণা জাহাজ, প্রয়োজনীয় প্রযুক্তি, পর্যাপ্ত বাজেট এবং দক্ষ জনবল ছাড়া এ ব্যবধান কমানো সম্ভব নয়।
এখানে নীতিগত পরিকল্পনারও ঘাটতি রয়েছে। ২০২০ সালের সামুদ্রিক মৎস্য আইন ও ২০২৩ সালের সামুদ্রিক মৎস্য বিধিমালা প্রণীত হলেও গভীর সমুদ্রের সামগ্রিক মৎস্যসম্পদ অনুসন্ধান ও ব্যবস্থাপনার বিষয়টি যথেষ্ট স্পষ্ট নয় বলে সংশ্লিষ্টদের অভিযোগ। অন্যদিকে মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সামুদ্রিক মাছ আহরণের পরিমাণ ছিল ৫ লাখ ৬৮ হাজার ৩১২ টন। ২০৩৫ সালে প্রচলিত সামুদ্রিক আহরণ কমে ৪ লাখ ৬৪ হাজার টনে নামার বিপরীতে গভীর সমুদ্রের আহরণ ৭২ হাজার ৫০০ টনে উন্নীত হওয়ার প্রক্ষেপণ রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সম্পদের প্রকৃত মজুদ, প্রজাতির বিস্তৃতি ও টেকসই আহরণমাত্রা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য থাকা অপরিহার্য।
মৎস্য অধিদপ্তর জানিয়েছে, সারা বছর সমুদ্রে গবেষণা চালানোর জন্য নতুন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। উদ্যোগটি ইতিবাচক। তবে শুধু প্রকল্প গ্রহণ বা নতুন জাহাজ সংগ্রহ করলেই সমস্যার সমাধান হবে না। গবেষণা কার্যক্রমকে নিয়মিত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও মৎস্য অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি গবেষণার তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও নীতিনির্ধারণে ব্যবহারের সক্ষমতাও তৈরি করতে হবে। একই সঙ্গে মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, নির্বিচার আহরণ নিয়ন্ত্রণ এবং গভীর সমুদ্রে দায়িত্বশীল বাণিজ্যিক মৎস্য আহরণ নিশ্চিত করতে হবে।
সরকার পাঁচ বছর মেয়াদি সুনীল অর্থনীতির মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনায় সামুদ্রিক মৎস্যসম্পদকে যথাযথ গুরুত্ব দেয়া প্রয়োজন। কারণ সমুদ্রের সম্পদ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না থাকলে বিনিয়োগ, আহরণ ও সংরক্ষণের কোনো পরিকল্পনাই কার্যকর হবে না। সমুদ্রসীমার মালিকানা অর্জন ছিল প্রথম ধাপ; এখন প্রয়োজন সেই জলসীমার সম্পদ সম্পর্কে জ্ঞান ও সক্ষমতা অর্জন। অন্যথায় বঙ্গোপসাগরের বিপুল সম্ভাবনা কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে, আর অর্থনৈতিক সুফল থেকে বঞ্চিত হবে দেশ।
