হাজার বছর ধরে তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রাণপ্রবাহ। উজানে ভারতের গজলডোবা বাঁধের কারণে অববাহিকা অঞ্চলে তিস্তা এখন মৃত প্রায়। উজানে ভারতের পানি প্রত্যাহার ও বাঁধ নির্মাণে বাংলাদেশে বিরূপ প্রভাবের চিত্র নতুন করে বলার কিছু নেই। এ অঞ্চলের কৃষি, নৌ যোগাযোগ, জীব-বৈচিত্র্য ও খাদ্যনিরাপত্তা ক্রমাগত হুমকির মুখে পড়লেও তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের তালবাহানার শিকার বাংলাদেশ। গত দেড়যুগ ধরে ভারতের বশংবদ সরকার বাংলাদেশে ক্ষমতাসীন থাকলেও তিস্তার পানি বন্টন চুক্তির মূলা ঝুলিয়ে রাখা হয়েছিল। কংগ্রেসের মনমোহন সিং থেকে বিজেপির নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে তারা বিশ্বস্ত সহযোগি হিসেবে গণ্য করলেও বাংলাদেশের মানুষের প্রয়োজনে তিস্তা চুক্তি ঝুঁলিয়ে রাখার মূল কৌশল ছিল পশ্চিমবঙ্গে মমতা বেনার্জির বিরোধিতার অজুহাত। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন ও ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে অবাধ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। অন্যদিকে গত সপ্তাহে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা বেনার্জির তৃণমূল কংগ্রেসের ভরাডুবির মধ্য দিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। এহেন বাস্তবতায় তিস্তার পানিবন্টন চুক্তির ক্ষেত্রে কথিত মমতা কার্ড আর নেই। অন্যদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগও অনেকদূর এগিয়েছে। বিশেষত চীনের বিনিয়োগ, কারিগরী ও অর্থনৈতিক সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেশের উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতির জন্য এক নতুন স্বাপ্নিক প্রকল্পে পরিনত হয়েছে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ন কবির তিনদিনের রাষ্ট্রীয় সফরে চীনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের আড়াই মাসের মাথায় পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, বিনিয়োগ ও উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। বিশেষত তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা রিভার কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট(টিআরসিএমআরপি) বাস্তবায়নের প্রশ্নে চীন সরকারের সদিচ্ছা ও বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থান এখন স্পষ্ট।
এই প্রকল্পের গুরুত্ব বিবেচনায় বিগত সরকারও চীনের প্রস্তাবে রাজি হয়ে নীতিগতভাবে ও সমীক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রকল্পের কাজ অনেকটা এগিয়ে রাখলেও শুধুমাত্র ভারতের আপত্তির কারণে তা থেমে গিয়েছিল। আঞ্চলিক বাস্তবতা হচ্ছে, ভারত-বাংলাদেশসহ উপমহাদেশের ভূপ্রকৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে বিবেচিত গঙ্গা তথা পদ্মা এবং তিস্তার উৎসমুখ তিব্বত বা চীনে। ভূরাজনৈতিকভাবে চীনের সাথে ভারতের দ্বন্দ্ব থাকলেও নদ-নদী প্রবাহ পুরো অঞ্চলকে একটি অবিভাজ্য আঞ্চলিক সত্তায় পরিনত করেছে। এ কারণেই যৌথ নদীগুলোর পানিবন্টন সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরেই অববাহিকাভিত্তিক নদী ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে। আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আমাদের অনিবার্য অধিকার। তিস্তার পানিচুক্তি এ কারণেই আমাদের জন্য অপরিহার্য। এর সাথে তিস্তা মহাপরিকল্পনার কোনো সম্পর্ক নেই। আমাদের নদনদীর পানি ব্যবস্থাপনা, নদীভাঙ্গন রোধ, কৃষি ও শিল্পের পরিকল্পিত উন্নয়নের স্বার্থেই গঙ্গা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের তফতরে অনুষ্ঠিত এক সভায় পদ্মা ব্যারাজ প্রকল্প ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। উল্লেখ্য, শত শত কোটি ডলার ব্যয় সাপেক্ষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের আগ্রহ এবং নিবিড়ভাবে কাজ করার অঙ্গিকার আমাদের জন্য অনেক বড় আর্শিবাদ। ভারতের আপত্তির কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষের বাঁচা-মরার মত গুরুত্বপূর্ণ প্রকল্প বছরের পর বছর ধরে ঝুলিয়ে রাখার আর সুযোগ নেই। তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে এবার তিস্তা মহাপরিকল্পনা আলোর মুখ দেখবেই।
চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অগ্রাধিকার হিসেবে আলোচিত হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সহযোগিতা চেয়েছেন। সেই সাথে তিনি চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ(বিআরআই) ও রোহিঙ্গা পুনর্বাসন ইস্যুতেও দুই পক্ষের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা যায়। এরপর পররাষ্ট্রমন্ত্রীর সাথে চীনের সিপিপিসিসি বা গণরাজনৈতিক পরামর্শক সম্মেলনের চেয়ারম্যানের মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের সাথে চীনের বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরো বাড়িয়ে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার দৃঢ় অঙ্গীকার প্রকাশিত হয়েছে।
আঞ্চলিক বাস্তবতা ও বৈশ্বিক প্রেক্ষাপটে কৌশলগতও উন্নয়ন অংশীদার হিসেবে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় আসীন হতে চলেছে। নিকটতম প্রতিবেশি হিসেবে ভারত যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ একইভাবে উন্নয়ন অংশীদারিত্বে চীনের সহযোগিতা আমাদের জন্য অপরিহার্য। চীনের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে প্রেসিডেন্ট জিয়ারউর রহমান থেকে খালেদা জিয়া তথা বিএনপির উত্তরাধিকার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান অঙ্গীকারাবদ্ধ। পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনাসহ বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তা অংশীদারিত্বের ক্ষেত্রসমুহ পর্যালোচনা ও এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নেরই অংশ।
বাংলাদেশ তার প্রয়োজনে স্বাধীনভাবে প্রতিবেশী ও আন্তর্জাতিক অংশীদারিত্বের ক্ষেত্রসমূহ নির্ধারণ করবে। এ ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত অবস্থান হচ্ছে, ‘সবার আগে বাংলাদেশ’। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দক্ষ কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তার চীনা প্রতিপক্ষের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের দৃঢ়তা ও প্রকৃত অবস্থান তুলে ধরার মাধ্যমে চীনের সহযোগিতা নিশ্চিত করতে সক্ষম হবেন, এটাই ছিল জাতির প্রত্যাশা। এ ক্ষেত্রে তিনি অনেকটাই সফল। অনেক আগেই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশ যুক্ত হওয়ার সম্মতি জ্ঞাপন করেছে। পূর্বমূখী পররাষ্ট্রনীতি ও কানেক্টিভিটি উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সাথে চীনসহ আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে সরাসরি যোগাযোগের সুযোগ উন্মুক্ত হবে বলে আমরা আশাবাদী। তবে এই মুহূর্তে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত করার কার্যকর উদ্যোগের কোনো বিকল্প নেই। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে চীনের সাথে গভীরতর সহযোগিতার এক মাইল ফলক অগ্রগতি অর্জিত হবে। তিস্তা মহাপরিকল্পনাকে অগ্রাধিকার দিয়ে এই প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সহযোগিতার নিশ্চিত করতে চীন সফরে পররাষ্ট্রমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব ও ঐকান্তিক প্রয়াসকে আমরা অভিনন্দন জানাই।
