হামের প্রাদুর্ভাবের মধ্যেই দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম লইয়া যে উদ্বেগ দেখা দিয়াছে, তাহা অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক। গত শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদনে জানানো হইয়াছে, গত বৎসরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) যক্ষ্মা রোগী শনাক্তের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাইয়াছে, যাহা মূলত প্রাণঘাতী এ রোগের ঝুঁকি বিস্তারের ইঙ্গিত করে। এ আশঙ্কার আরও কারণ হইল, বেশ কয়েকটি কেন্দ্রে ইতোমধ্যে ঔষধ ও কিটের মজুতও শেষ হইয়াছে এবং নূতন ক্রয়কার্যেও ধীরগতি দেখা দিয়াছে। প্রসঙ্গত, গত মাসে করা স্বাস্থ্য বুলেটিনের তথ্য বলিতেছে, সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে জাতীয় কেস নোটিফিকেশন রেট (সিএনআর) ১৬৯-এ নামিয়া আসিয়াছে, যাহা গত দুই বৎসরের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালের একই সময়ে এই হার ছিল ১৯৬ এবং ২০২৩ সালে ২০১। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ১২১ জনের যক্ষ্মা হয়। বিশেষজ্ঞদের অভিমত, শনাক্তকরণ হ্রাস পাওয়ার অর্থ রোগীর সংখ্যা হ্রাস পাওয়া নহে; বরং ইহা সেবা ও নজরদারিতে ঘাটতির ইঙ্গিত হইতে পারে।
যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি পরিচালিত হইত রাষ্ট্রীয় অর্থায়ন ও বৈদেশিক ফান্ডে, যেখানে মার্কিন সহায়তা সংস্থা ইউএসএইড ও গ্লোবাল ফান্ডের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিত। কিন্তু ২০২৪ সালে আকস্মিকভাবে বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই সকল সহায়তা বন্ধ করিয়া দেয়। যাহার নেতিবাচক প্রভাব উক্ত কর্মসূচিতে পড়িয়াছে। প্রতিবেদনমতে, রাষ্ট্রীয় অর্থায়নে জটিলতা এবং বৈদেশিক সহায়তা হ্রাস পাওয়া এবং জনবল ঘাটতির কারণে মাঠ পর্যায়ের কার্যক্রম দুর্বল হইয়া পড়িয়াছে। কিন্তু যক্ষ্মা এমন একটি রোগ, উপযুক্ত নিয়ন্ত্রণ কর্মসূচির অনুপস্থিতিতে যাহা মহামারির রূপ ধারণ করিতে পারে।
বর্তমানে ইহার প্রতিষেধক ও কার্যকর চিকিৎসা সুলভ হইলেও, বিশেষত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পক্ষে যাহাদের সাধারণত লবণ আনয়নেই পান্তা শেষ– এই সকল কিছুর ব্যয়ভার বহন করা কঠিন। অন্যদিকে, সমাজ হইতে এই রোগ নির্মূল না হইলে তাহাতে অন্যেরাও আক্রান্ত হইতে পারে। উল্লেখ্য, সরকার ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্য নির্ধারণ করিয়াছে। তবে এখনও প্রায় ২১ শতাংশ রোগী শনাক্তের বাহিরে। উপরন্তু, যক্ষ্মার প্রকোপ বেশি বিশ্বের এমন ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। অধিকতর উদ্বেগজনক হইল, সাধারণত দেশে মোট যক্ষ্মা রোগীর প্রায় ১০ শতাংশ শিশু থাকে। কিন্তু এখন শনাক্ত হইতেছে মাত্র ৪-৫ শতাংশ। ২০২৫ সালের শেষ প্রান্তিকে শিশু রোগী শনাক্তের সংখ্যা ছিল দুই সহস্র ৯৯৫, যেখানে ২০২৪ ও ২০২৩ সালের একই সময়ে এই সংখ্যা ছিল যথাক্রমে চার সহস্র ৩৩১ এবং চার সহস্র ৩২৮। শিশুদের এই নীরব ঘাতকের শিকার হওয়া বেশি উদ্বেগজনক এই কারণে, যক্ষ্মাক্রান্ত শিশু শারীরিক ও মানসিকভাবে এতটাই ক্ষতিগ্রস্ত হয়, তার শারীরিক-মানসিক বিকাশ খর্ব হয়; কর্মক্ষমতা হ্রাস পায়। ফলে জীবনযুদ্ধে সমবয়সীদের সহিত প্রতিযোগিতায় সে অনগ্রসর। এমনকি রাষ্ট্র, সমাজ ও পরিবারের জন্যও সে বোঝাস্বরূপ।
প্রতিবেদনমতে, ২০২৪ সালে রাষ্ট্রীয় কর্মসূচি বন্ধ হইলেও গত বৎসর নূতন ডিপিপি প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়, কিন্তু অদ্যাবধি উহার অনুমোদন হয় নাই। এই কারণেই মাঠ পর্যায়ের চিকিৎসা কেন্দ্রগুলিতে পরীক্ষা কিট ও ঔষধের সংকট দেখা দিয়াছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ সতর্ক করিয়াছেন, দ্রুত অর্থায়ন ও প্রশাসনিক অনুমোদন না হইলে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে বৃহৎ আকারের বিপর্যয় দেখা দিতে পারে। আমাদের প্রত্যাশা, হামের মহামারির ন্যায় যক্ষ্মাও অনুরূপ পরিস্থিতি ধারণ করার পূর্বেই দ্রুত কার্যকর পদক্ষেপ গৃহীত হইবে। সক্রিয়ভাবে রোগী অনুসন্ধান বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে স্ক্রিনিং দ্রুত জোরদার করিতে হইবে।
