বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে ১৭ বৎসর নির্বাসিত জীবন অতিবাহিত করিয়া বৃহস্পতিবার ঢাকায় প্রত্যাবর্তন করিয়াছেন। তাঁহার এই প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে যেই উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়াছে, উহা জনসাধারণকেও স্পর্শ করিয়াছে। কঠোর রাষ্ট্রীয় ও দলীয় নিরাপত্তার মধ্যেও গণসংবর্ধনায় বিপুল জনসমাগম উহার প্রমাণ। এই সংবর্ধনা কার্যত গণতন্ত্রের পক্ষের গণসমর্থনরূপে বিবেচিত হইতে পারে। তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল সার্বিক রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ নহে; ব্যক্তিগতভাবেও তাঁহাকে নবতর দৃষ্টিভঙ্গি এবং পুরাতনকে পশ্চাতে ফেলিয়া সম্মুখপানে দৃষ্টিদানের অবকাশ দিবে বলিয়া আমরা বিশ্বাস করি।

বস্তুত তারেক রহমানের রাজনৈতিক জীবন কখনোই ঝঞ্ঝামুক্ত ছিল না। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে তিনি যখন লন্ডনে যাইতে বাধ্য হন তখনও দেশে রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক ছিল না। ‘ওয়ান ইলেভেন’রূপে পরিচিত অতীতের তুলনায় দীর্ঘমেয়াদি তত্ত্বাবধায়ক সরকারের তৎকালীন শাসনামলে দেশের প্রধান রাজনৈতিক দলসমূহের উপর নিপীড়ন ও বিরাজনীতিকীকরণ চলিতেছিল। এইবার তিনি যখন দেশে প্রত্যাবর্তন করিয়াছেন তখনও দেশের পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক নহে। গত বৎসর জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনাবসানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করিয়াছে। বিগত সরকারের সময় তাঁহার জন্য পরিবেশ কতটা প্রতিকূল ছিল, সকলেই জ্ঞাত। কিন্তু সেই সরকারের পতনের পরও তাঁহার জন্য পরিস্থিতি কতখানি অনুকূল হইয়াছিল– প্রশ্নসাপেক্ষ। কিছুদিন পূর্বে এই বিষয়ে জনতার প্রবল কৌতূহল মিটাইতে তিনি স্বয়ং বলিয়াছিলেন, দেশে প্রত্যাবর্তনের সিদ্ধান্তটি একান্তই তাঁহার এখতিয়ারে নহে। আমরা মনে করি, অবশেষে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়া রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরিয়া আসিয়াছে। এতদিন তিনি লন্ডন হইতে দলকে ‘ভার্চুয়ালি’ নেতৃত্ব দিয়াছেন। এখন তাঁহার সশরীর উপস্থিতি কেবল বিএনপিকে উজ্জীবিতই করিবে না; দেশের রাজনীতির জন্যও ইহা ইতিবাচক হইতে পারে।

আমরা দেখিয়াছি, গত বৎসরের গণঅভ্যুত্থানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিলেও গণঅভ্যুত্থানের অব্যবহিত পর তাহার একটা অংশ দুঃখজনকভাবে বল্গাহীন হইয়া ওঠে। চাঁদাবাজির সহিত জলমহাল, বালুমহাল, হাটবাজার ইত্যাদি দখলের মহোৎসব বর্তমানে দেশের সর্ববৃহৎ দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করে। যদিও তারেক রহমানের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটি তাৎক্ষণিক অভিযোগের ভিত্তিতে সাত সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিয়াছে, ইহাতে সুফল কতখানি মিলিয়াছে, যাচাইযোগ্য। তারেক রহমানের সশরীর উপস্থিতি এই ক্ষেত্রে পার্থক্য সৃষ্টি করিতে পারিবে বলিয়া আমাদের বিশ্বাস।

তারেক রহমান এমন সময়ে দেশে ফিরিলেন, যখন দেশে প্রায় সর্বক্ষেত্রে অস্থিরতা বিরাজমান। বিগত ১৬ মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি যদ্রূপ শান্ত হয় নাই, তদ্রূপ আইনশৃঙ্খলা পরিস্থিতিরও কোনো উন্নতি ঘটে নাই। বিশেষত মব-সন্ত্রাস এমন অপ্রতিরোধ্য হইয়া উঠিয়াছে, সরকারও ইহা লইয়া কথা বলিতে স্বস্তি পাইতেছে না। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ খাতেও কোনো সুখবর নাই। দেশি-বিদেশি সকল পর্যবেক্ষকেরই অভিমত, কেবল একটা অবাধ ও সুষ্ঠু পরিবেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের ভিত্তিতে অনুষ্ঠিত গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়া গঠিত সরকারই দেশকে এই হতাশাজনক পরিস্থিতি হইতে টানিয়া তুলিতে পারে। গণসংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানের বক্তৃতায়ও জনমনে বিরাজমান উদ্বেগসমূহ উঠিয়া আসিয়াছে এবং তিনি সমস্যাগুলি সমাধানের আশ্বাস প্রদান করিয়াছেন। গণসংবর্ধনা সভায় তারেক রহামানের বহুল আলোচিত উক্তি– আমার বা আমাদের একটা পরিকল্পনা রহিয়াছে, ইহারই ইঙ্গিত দেয়। ইহাও সত্য, যতক্ষণ সেই পরিকল্পনা জনসমক্ষে উন্মুক্ত না হইবে এবং তাহা কার্যকর না হইবে, ততক্ষণ উহা নিছক আশাবাদই থাকিয়া যাইবে। অতীতে এই দেশের জনগণ বহু নেতার বহু আশ্বাসবাণী কার্যক্ষেত্রে ব্যর্থ হইতে দেখিয়াছে। উহার পুনরাবৃত্তি কাম্য নহে। বরং আমরা কামনা করি, তারেক রহমানের প্রত্যাবর্তন গণতান্ত্রিক ব্যবস্থা, ইতিবাচক রাজনীতি ও জনমুখী কর্মসূচির রূপান্তর বিন্দুতে পরিণত হইবে।