আসিফ মোহাম্মদ শাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক, গবেষক এবং শাসন ব্যবস্থা ও নীতি বিশেষজ্ঞ। তিনি ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালাইটিকসের (দায়রা) ভাইস চেয়ারম্যান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষ করার পর যুক্তরাষ্ট্রের জর্জ মেসন ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে স্নাতকোত্তর এবং রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন।
সমকাল: জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হচ্ছে। আপনাকে যদি গত দুই বছরের একটা সংক্ষিপ্ত মূল্যায়ন করতে বলা হয়, কী বলবেন? আসিফ মোহাম্মদ শাহান: প্রথম কথা হলো, গণঅভ্যুত্থানে আমরা একটা কর্তৃত্ববাদী বা আধিপত্যবাদী সরকারের পতন দেখেছি। দ্বিতীয়ত, নির্বাচন এখানে বন্ধ ছিল, সেটা হয়েছে। তৃতীয়ত, মতপ্রকাশের স্বাধীনতার কিছু ক্ষেত্রে আমরা গুণগত পরিবর্তন দেখেছি। তবে আরও গুরুত্বপূর্ণ, জন-আকাঙ্ক্ষার ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন বা ইতিবাচক রূপান্তর দেখেছি। আন্দোলনটা শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা নিয়ে। আগস্টের ২-৩ তারিখে দেখা গেছে, গণঅভ্যুত্থানের সামনের সারির নেতা যারা ছিলেন তাদের বক্তব্যে শুধু সরকার পতন নয়; রাষ্ট্রের গুণগত সংস্কারের বিষয়টা জোরালো হয়।
তারা স্পষ্ট করেই বলেন– আমরা শুধু শেখ হাসিনার পতন চাই না, এমন একটা ব্যবস্থাগত পরিবর্তন চাই, যেখানে কোনো সরকার আধিপত্য বা কর্তৃত্ববাদী হতে পারবে না। এ আকাঙ্ক্ষার নিরিখে বিচার করলে আমি বলব, দুই বছরে এর একটা ভিত্তি তৈরি করার সুযোগ ছিল; দুর্ভাগ্যবশত, সেটা আমরা করতে পারিনি। একটা জুলাই সনদ আছে, কিন্তু সেটাকে ঘিরে এখনও বিতর্কে সন্দেহ থাকছে যে একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার মৌলিক নীতিমালার ফ্রেমওয়ার্ক আমরা আদৌ তৈরি করতে পারব কিনা। একটা নির্বাচন আমরা পেয়েছি, কিন্তু পরের নির্বাচনটা কেমন হবে, তখনকার নির্বাচন কমিশন কতটুকু স্বাধীন হবে, সে ব্যাপারেও পরিষ্কার ধারণা আমাদের নেই। সব মিলিয়ে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু হলেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ নিয়ে ব্যর্থতা থেকেই যাচ্ছে।
সমকাল: আপনি গণঅভ্যুত্থান থেকে প্রাপ্তি হিসেবে নির্বাচন ও মতপ্রকাশের অধিকারের কথা বললেন। কিন্তু বিরোধীদের বক্তব্য, ভোটটা বেশ সুষ্ঠু হয়েছে, তবে ফল ঘোষণায় জনমতের প্রতিফলন ঘটেনি। আবার সরকারি দলের অনেকে বলছেন, বিশেষত ঢাকার আসনগুলো বিএনপি রাজনৈতিক কারণে জামায়াতকে উপহার দিয়েছে। আসিফ মোহাম্মদ শাহান: বিরোধী দলের নেতারা কিন্তু নির্বাচনের দু-তিন দিন পরও এমন অভিযোগ তোলেননি। এখন যখন বলছেন তখনও কোনো সাক্ষ্য-প্রমাণ হাজির করতে পারছেন না তারা। আর তাদের জিজ্ঞেস করা দরকার, তারা যে ৬৯ বা ৭০টা আসন জিতেছেন, সেগুলো হিসাবে নিয়েই কি এমন অভিযোগ তুলছেন? এ নির্বাচনে কোনো অনিয়ম হয়নি, এমনটা আমি বলব না। তবে বহু বিদেশি পর্যবেক্ষক এ উপলক্ষে এসেছিলেন, তাদেরও কেউ কোনো অনিয়মের কথা বলেননি।
সরকারি দলের নেতারাও জামায়াতকে আসন উপহার দেওয়ার কথা বলছেন সাক্ষ্য-প্রমাণ ছাড়াই। রাজনৈতিক বাগাড়ম্বর ছাড়া এগুলো কিছু নয়। তারা জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কেও অনেক চটকদার বুলি আওড়েছেন। তাদের কোনো কথাই দল কিন্তু অনুমোদন বা সমর্থন করেনি। সমকাল: আপনি মতপ্রকাশের অধিকার পেয়েছেন বললেন, কিন্তু সাইবার নিরাপত্তা আইনে আনা সংশোধনীগুলোর ব্যাপারে কী বলবেন? আসিফ মোহাম্মদ শাহান: মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আমি যা বলতে চেয়েছি তা হলো, সরকার কিছুটা অধিকার অ্যালাউ করছে; অর্থাৎ সরকার চাইলে তা কেড়েও নিতে পারে। এটা কোনোভাবেই টেকসই অধিকার নয়। অন্তর্বর্তী সরকার যে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ করেছিল, তা আদর্শ ছিল না, তবে গতিমুখটা ইতিবাচক দিকে ছিল। আর বর্তমান সরকার আইনটি নিয়ে যা করছে, তা ইতিবাচক দিকে নিয়ে যাবে না আমাদের।
মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন (ভুল ও অপতথ্য) নিশ্চিতভাবে ছড়ানো হচ্ছে; তবে তা আইন দিয়ে ঠেকানো যাবে না। আর তা প্রতিরোধের নামে নাগরিকের মতপ্রকাশের অধিকার খর্ব করতে পারেন না। মতপ্রকাশের অধিকার হলো, আপনি যা শুনতে পছন্দ করেন না, সেটাও বলতে পারা। এমনকি মিথ্যা বলার অধিকারও এর মধ্যে থাকে, যতক্ষণ না তা সামাজিক কোনো অস্থিরতা বা সম্প্রীতি নষ্ট করার পর্যায়ে যায়। নিছক মিথ্যা কথা বলার জন্য, গুজব ছড়ানোর জন্য বা সামাজিক মাধ্যমে এ রকম কিছু লাইক-শেয়ার করার জন্য রাষ্ট্র কাউকে শাস্তি দিতে পারে না। সাইবার নিরাপত্তা আইন নিয়ে সরকার যা করছে তা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের বিরোধী। সমকাল: এনসিপির বিভিন্ন সমাবেশে হামলাকে কীভাবে দেখেন? আসিফ মোহাম্মদ শাহান: কোনোভাবেই সমর্থন করা যায় না একে।
আপনি কারও বক্তব্যকে অসহনীয় মনে করতে পারেন, মানহানিকরও ভাবতে পারেন; কিন্তু তার জবাব হামলা বা নির্যাতন হতে পারে না। আপনি পাল্টা রেটরিক আওড়াতে পারেন, চাইলে আইনের আশ্রয়ও নিতে পারেন, কিন্তু কোনোভাবেই কারও মুখ বন্ধ করতে পারেন না, কাউকে শারীরিকভাবে আঘাত করতে পারেন না। রাষ্ট্রকে তার নাগরিকদের জন্য প্রাণের অধিকার, ন্যূনতম কথা বলার অধিকার, সংগঠন বা জমায়েত করার অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্র কোনো অজুহাতেই এসব অধিকার কেড়ে নিতে পারে না। সবচেয়ে বড় কথা, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছরের মাথায় সরকারের দিক থেকে এহেন আচরণকে সরকারের বড় ব্যর্থতা হিসেবে দেখি। সমকাল: জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থানকে কীভাবে দেখছেন? সরকার বলছে, সনদের দাঁড়ি-কমা-সেমিকোলনসহ বাস্তবায়ন করবে তারা।
আসিফ মোহাম্মদ শাহান: আমরা কি আদৌ সে রকম কিছু দেখছি? বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় নিয়ে তো জুলাই সনদে সরকারের আপত্তি ছিল না। কিন্তু তারা কি সেদিকে যাচ্ছে? বিচারপতি নিয়োগের বিষয়ে সামান্য কিছু দ্বিমত ছিল বিএনপির, তবে এসেনশিয়ালি অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত প্রক্রিয়াটাকে সমর্থন করেছিল। সেটাও কি কার্যকর হচ্ছে? বিএনপি চায় একটা শক্তিশালী সরকার হতে, কিন্তু তার যদি কোনো জবাবদিহি না থাকে তাহলে সরকারটি দানবে পরিণত হতে বাধ্য। জবাবদিহি নিশ্চিত করেও একটা সরকার শক্তিশালী হতে পারে, সেই প্রক্রিয়ায় বিএনপিকে যেতে হবে। গণতান্ত্রিক সরকারের মূল শক্তি জনসমর্থন। তার জন্য দুর্নীতি দমন করতে হবে, দুদককে শক্তিশালী ও স্বাধীন করেই তা সম্ভব। জননিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীন ও শক্তিশালী পুলিশ বাহিনী লাগবে।
আমরা অপেক্ষা করছি, বিএনপি এগুলোর পাশাপাশি মানবাধিকার কমিশন, তথ্য অধিকার কমিশন ইত্যাদি নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। সমকাল: তাহলে ছয় মাস বয়সী সরকার সম্পর্কে কড়া আলাপে যেতে চান না? আসিফ মোহাম্মদ শাহান: বলতে পারেন, সরকার সম্পর্কে আমার অনুভূতি মিশ্র। যেমন– অর্থনীতিকে ঠিকঠাক করার জন্য সরকারের ভিশন বা স্বপ্ন আছে, আকাঙ্ক্ষাও আছে। বিশেষত সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে যেভাবে বিস্তৃত করা হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ টানার জন্য তাদের চেষ্টা আছে। কিন্তু এগুলো বাস্তবায়নে যে পদক্ষেপ দরকার, সেখানে কিছু সন্দেহ সৃষ্টি হয়েছে। আরও গুরুত্বপূর্ণ হলো, শুধু অর্থনৈতিক উন্নয়ন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে না। আওয়ামী লীগ সরকারের সময় আমরা তা দেখেছি।
অর্থনৈতিক উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে, ন্যায্যভাবে বণ্টন করতে হলে, একটা রাজনৈতিক ব্যবস্থা লাগে। এ ক্ষেত্রে বর্তমান সরকারের মধ্যে অনীহা দেখছি আমি। সংসদের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থায়ী কমিটির প্রধানের পদ বিরোধী দলকে দেওয়া হচ্ছে বলে জেনেছি, সেটা ইতিবাচক। তবে শেষ পর্যন্ত তা কীভাবে কাজ করবে, তা দেখার প্রয়োজন আছে। সমকাল: যদি বিরোধী দলের ভূমিকা সম্পর্কে মন্তব্য করতে বলি? আসিফ মোহাম্মদ শাহান: বিরোধী দলের ভূমিকা খুব একটা ভালো দেখছি না। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর কাছ থেকে এখনও কোনো কার্যকর বিরোধিতা দেখিনি। সংসদে তাদের বক্তব্য বা কার্যক্রম দেখুন, কোনো ক্ষেত্রেই উদাহরণ তৈরি করতে পারেনি, যা দেখে বলা যাবে তারা সরকারি দলকে জবাবদিহির মধ্যে রাখতে পারবে।
বিরোধীদলীয় নেতা সংসদের বাইরে সরকারের বিরুদ্ধে নানা হুমকি-ধমকি দিয়ে চলেছেন; কিন্তু সেগুলো কার্যকর করার সক্ষমতা আছে কিনা, তার প্রমাণ পাওয়া যাচ্ছে না। তারা বলছে, সরকার সংস্কার ইত্যাদি বিষয়ে প্রতিশ্রুতি রাখছে না; কিন্তু তার জন্য তারা না পারছে সংসদে কিছু করতে, মাঠেও এ বিষয়ে জনমত গঠন করতে পারছে না। বরং সরকার সংসদে একপ্রকার ব্ল্যাংকচেক পাচ্ছে বলে দেখছি। সমকাল: এনসিপির ভূমিকা নিয়ে কী বলবেন? আসিফ মোহাম্মদ শাহান : দলটির দু-একজন নেতা কিছু চেষ্টা করছেন। তাদের পদযাত্রায় যাওয়াটাকেও আমি ভালো মনে করি। কিন্তু দলটির নেতাদের আরও দায়িত্বশীল হতে হবে, বিশেষত বক্তব্য দেওয়ার সময়। তাদের কিছু নেতা যে ভাষায় কথা বলেন, সেটা জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু তৈরি করছে, ভেবে দেখা দরকার।
এটা দীর্ঘদিন চললে, দলের অন্যদেরও তা প্রভাবিত করবে। এটা একদিকে পরিবেশকে অসুস্থ করবে, আরেকদিকে জনগণের কাছ থেকে তাদের দূরে ঠেলে দেবে। আমার প্রত্যাশা, এই নেগেটিভ রেটরিকের মধ্যে তারা হাবুডুবু খাবেন না। খেলে বিরোধী শিবিরের জায়গাটা আরও ফাঁপা হয়ে যাবে। সমকাল: বিরোধী দল হিসেবে জামায়াতের প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারার পেছনে কি বিএনপির সঙ্গে তাদের দীর্ঘদিনের কোয়ালিশন রাজনীতির যোগ আছে? আসিফ মোহাম্মদ শাহান: আমার তা মনে হয় না। এটা একেবারেই সামর্থ্যের ঘাটতি। অধ্যাদেশগুলো আইনে পরিণত করার বিষয়ে গঠিত বিশেষ কমিটিতে জামায়াত যে কজন সদস্য রাখার সুযোগ পেয়েছিল, সেখানে এমন লোকদের দেওয়া হয়েছিল, যাদের আইন প্রণয়ন ও প্রয়োগের প্রক্রিয়া সম্পর্কে কোনো ধারণা ছিল না।
আপনি জানেন, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সদস্য প্রদান করা হয়েছে জামায়াত থেকে। আমি আগ্রহ নিয়ে আছি, তারা সরকারি হিসাবনিকাশের ফাঁকফোকর কতটুকু ধরতে পারেন। আমার ধারণা, সংসদে কীভাবে কী করতে হয়, সে সম্পর্কে তাদের ধারণার ঘাটতি আছে। সমকাল: তাহলে বর্তমান রাজনৈতিক বিন্যাসে দেশের ভবিষ্যৎ কী দেখছেন আপনি? আসিফ মোহাম্মদ শাহান: বিশ্বে কোনো সরকারই যেচেপড়ে ক্ষমতার ভারসাম্য চায় না। তাকে এ জন্য চাপে রাখতে হয় বিরোধী দল থেকে। আমার আশঙ্কা, সরকারের স্বেচ্ছাচারী হওয়ার সব ধরনের ফ্যাক্টর এখানে সক্রিয়। একদিকে সবকিছু নির্ভর করছে এক ব্যক্তি তথা প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ ইচ্ছার ওপর। এটা অ্যালার্মিং; কারণ এটা তাঁকে চরম স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ সৃষ্টি করবে।
অন্যদিকে বিরোধী দল শুধু দুর্বল বা অক্ষম নয়, তাদের সঙ্গে সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের কোনো সংযোগ নেই। বিশেষত নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্পর্কে জামায়াতের অবস্থান নিয়ে নাগরিকদের মধ্যে ব্যাপক সন্দেহ আছে। সব মিলিয়ে সরকারের ভয়াবহ স্বেচ্ছাচারী হওয়ার পরিস্থিতিই দেখছি। সমকাল: এ রাজনৈতিক বিন্যাসে জনগণ কতদিন সন্তুষ্ট থাকবে? এর সুযোগ কি আওয়ামী লীগ নেবে না? আসিফ মোহাম্মদ শাহান: অন্তত আগামী সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা দেখি না আমি। মনে রাখবেন, আওয়ামী ভোটারদের একটা অংশ বিএনপির দিকে এবার ঝুঁকেছে, আবার বিএনপির একটা অংশ জামায়াতে গেছে। অতএব, এ স্থিতাবস্থা কেউই ভাঙতে চাইবে না।
আওয়ামী লীগ ফিরে এলে জামায়াতকে তৃতীয় বা তারও পরের স্থানে চলে যেতে হবে; এনসিপি তো অস্তিত্বের সংকটে পড়তে পারে। ফলে তিনটি দলের একটা অভিন্ন স্বার্থ আছে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার মধ্যে। আমার ধারণা আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিষয়টা পরিষ্কার হবে; তখন দলগুলো আওয়ামী লীগের অনেক জনপ্রিয় প্রার্থীকে দলে টানার চেষ্টা করবে, সেটা আওয়ামী লীগকে দুর্বল করবে। সমকাল: আপনি বলছেন, আগামী সংসদ নির্বাচন বর্তমান রাজনৈতিক বিন্যাস অনুসারেই হবে? আসিফ মোহাম্মদ শাহান: আমার তা-ই মনে হয়, যদি না বড় কোনো বিশৃঙ্খলা এর মধ্যে ঘটে। বিশেষত বিএনপি সরকার যদি অর্থনীতি গতিশীল করতে না পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, বিদ্যমান রাজনৈতিক বিন্যাসকে এগিয়ে নিয়ে যেতে না পারে, তখন ওই বিশৃঙ্খলায় পড়বে দেশ।
তবে কোনো সংস্কার বা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে ব্যর্থ হলেও বিএনপি যদি অর্থনীতি মোটামুটি ম্যানেজ করতে পারে, অর্থাৎ জনগণের পক্ষ থেকে বড় কোনো অসন্তোষ না থাকে, তাহলেও বর্তমান বিন্যাস বহাল থাকবে। সমকাল: নাগরিক সামজের ভূমিকাকে কেমন দেখছেন? আসিফ মোহাম্মদ শাহান: আমার মনে হচ্ছে, গত আওয়ামী লীগ সরকারের সময় বিকল্প নাই বলে বলে নাগরিক সমাজ যে নাগরিক অধিকার প্রশ্নেও নিষ্ক্রিয়তার মধ্যে আটকা পড়েছিল, সেই মানসিক অবস্থা থেকে তারা এখনও সম্পূর্ণ বের হতে পারেনি। দেখবেন, এখনও অনেকে বলছেন, সবে সরকারের ছয় মাস হলো, আরও সময় দিতে হবে তাকে। এখানে একটা ডিলেমাও কাজ করতে পারে। বিশেষ করে রাজনীতির একটা পক্ষ নারী, সংখ্যালঘু ইত্যাদি প্রশ্নে সমস্যাপূর্ণ হওয়ায় সচেতন নাগরিকদের কাছে বিএনপিই একমাত্র ভরসার মতো কাজ করছে।
কিন্তু সময় দেওয়ার নামে নাগরিক ও গণতান্ত্রিক অধিকার প্রশ্নে সোচ্চার না হয়ে আমরা আবারও বিকল্প নাই-এর দিকে যাচ্ছি কিনা, সে বিপদটা নাগরিক সমাজ বুঝতে পারছে না। সময় যথেষ্ট হয়েছে, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে কণ্ঠ সোচ্চার করতে হবে। সমকাল: তরুণদেরও তো কণ্ঠ শোনা যাচ্ছে না, দুই বছর আগে যেমনটা শোনা গিয়েছিল। আসিফ মোহাম্মদ শাহান: এর জন্য আমি অন্তর্বর্তী সরকারকে দায় দেব। তরুণদের ক্ষমতার অংশীদার করে তারা দায়িত্ব সারতে চেয়েছে। অথচ ক্ষমতার অংশীদার না করে প্রয়োজন ছিল তরুণদের নানা ক্ষেত্রে এনগেজ করা। বিশেষত গণঅভ্যুত্থানের পরপর যত সব আইডিয়া এলো, সেগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার কিছুই করল না, যা তরুণদের হতাশ করেছে। অন্যদিকে রাজনীতিও যখন পুরোনো ধারায় ফিরে গেছে তখন তরুণদের জন্য আর কিছুই রইল না। সমকাল: তাহলে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বা সমাজ পেলাম না, রাজনীতিও তো অন্তর্ভুক্তিমূলক হলো না। আসিফ মোহাম্মদ শাহান: দুর্ভাগ্যবশত এটাই বাস্তবতা। গণঅভ্যুত্থানের পরপর প্রশ্নটা ছিল নাগরিকেরা রাষ্ট্র পরিচালনায় কতটা অংশগ্রহণ করবে, করবে কিনা। আর আজকে প্রশ্নটা দাঁড়িয়েছে নাগরিকেরা আদৌ রাষ্ট্রে অংশগ্রহণ করবে কিনা। সেটাও নির্ভর করছে বিএনপির সদিচ্ছার ওপর। অন্তর্ভুক্তির প্রশ্নটাই হারিয়ে গেছে। সমকাল: আমরা কি এগোলাম না পেছালাম? যেমন নব্বইয়ে যে অধ্যায় শুরু হয়েছিল, সেটাই চব্বিশে শেষ হয়েছে। এখন কোথায় আছি? আসিফ মোহাম্মদ শাহান: এখন আমরা ’৯১ সালে আছি। তখনকার ব্যর্থতাগুলো জেনেও আমরা কাজ করছি না। ফলে এখনকার পরিস্থিতি একটু বেশিই হতাশার। সমকাল: ধন্যবাদ আপনাকে। আসিফ মোহাম্মদ শাহান: সমকালকেও ধন্যবাদ।
