সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। গত সোমবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ডর দেখানোর মতো জায়গা নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারের বেড়া ভয় পায় না। বাংলাদেশ সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলার দরকার, আমরা কথা বলব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারত যদি তার সীমান্তে কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায়, সেটা তার আভ্যন্তরীণ ব্যাপার। তবে সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিকভাবে সতর্ক রয়েছে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, এটা ভারতের আভ্যন্তরীরণ ব্যাপার। পশ্চিমবঙ্গে নির্বাচনের পর প্রথমবারের মতো পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত শালীন, পরিশিলিত ও উচ্চমানের এবং উচ্চ কূটনৈতিক শিষ্টাচারপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীও প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কূটনীতির সর্বোচ্চ মান বজায় রেখে মন্তব্য করেছেন। আমরা পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রতিক্রিয়াকে সাধুবাদ জানাই।

পশ্চিমবঙ্গে উগ্রহিন্দুত্ববাদী বিজেপির বিজয় এবং শুভেন্দু অধিকারীর মতো উগ্রবাদমনস্ক ব্যক্তি মুখ্যমন্ত্রী হওয়ার পর সঙ্গতকারণেই তার বক্তব্যের প্রতিক্রিয়া বাংলাদেশে ব্যক্ত করবে। এই প্রতিক্রিয়া ও মন্তব্য কেমন হবে, তা নিয়ে দেশের মানুষের কৌতূহল থাকা স্বাভাবিক। পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তা কূটনৈতিক শিষ্টাচারে যেমন উচ্চমার্গীয়, মার্যিত, তেমনি তার বক্তব্যে বাংলাদেশের অবস্থান সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছে। বিশেষ করে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তা অত্যন্ত দৃঢ় ও প্রজ্ঞার পরিচায়ক। তার মন্তব্য শুভেন্দু অধিকারীর মতো একজন উগ্র ও আধিপত্যবাদীর বক্তব্যের উপর চপেটাঘাত স্বরূপ।

উল্লেখ করা প্রয়োজন, হুমায়ুন কবির যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ¯œাতক এবং লন্ডন স্কুল অফ ইকোনোমিস অ্যন্ড পলিটিক্যাল সয়েন্স, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ এবং লিডস ল স্কুল থেকে পৃথক তিনটি বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডনে মেয়রের দপ্তরে কৌশল সহকারী এবং পরবর্তীতে লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে কেবিনেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রীপরিষদ বিভাগের একটি টিমে এবং ঋষি সুনাকের সময় ন্যায় মন্ত্রণালয়ে একাধিক কেবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার সাথে কাজ করেন। ফলে শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং তার প্রতিক্রিয়ায় হুমুয়ুন কবিরের বক্তব্যের তুলনা করলে পার্থক্যটা পরিস্কার হয়ে যায়, কার শিক্ষাগত যোগ্যতা কতটুকু।

শুভেন্দু অধিকারী সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কথা বলে প্রকারন্তরে বাংলাদেশকে একটি হুমকির বার্তা দিয়েছেন। বাস্তবতা হচ্ছে, বর্তমান সরকার ও বাংলাদেশের মানুষ এখন আর ভারতের এসব পরোক্ষ ও প্রত্যক্ষ হুমকিতে ভয় পায় না। হুমায়ুন কবির তার বক্তব্যে তা পরিস্কার করে দিয়েছেন। বাংলাদেশের জনগণেরও অত সময় নেই ভারতকে নিয়ে মাথা ঘামানোর। শুভেন্দু অধিকারী সম্ভবত জ্ঞানের সীমাবদ্ধতার কারণে পরিবর্তিত প্রেক্ষাপটের বাংলাদেশকে বুঝতে অক্ষমতার পরিচয় দিচ্ছেন। বর্তমান সরকার দেশের উন্নয়নে ইতোমধ্যে যে বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, তাতে ভারতের দিকে তাকানোর সময় নেই। সরকার তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের কাজ শুরুসহ দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে। অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে বহুমুখী উদ্যোগ চলছে। স্বৈরাচার হাসিনার ফোকলা করে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরন্তর কাজ করে যাচ্ছেন। তাঁর বহুমুখী দিকনির্দেশনা ও পরিকল্পনায় দেশের অর্থনীতির সূচকগুলো ধীরে ধীরে উন্নত হচ্ছে। অর্থনীতিকে গতিশীল করতে সরকার যে মহাপরিকল্পনা ও কর্মযজ্ঞ নিয়ে এগিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকলে দ্রুতই দেশ স্বনির্ভরতা লাভ করবে। বলার অপেক্ষা রাখে না, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার প্রভু ভারতের ষড়যন্ত্র চলমান। তার সাথে বিভিন্ন উসিলায় আলী রিয়াজ গংদের ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠছে। দেশকে অস্থিতিশীল করার জন্য এই ষড়যন্ত্রকারি গোষ্ঠী সক্রিয় রয়েছে, যাতে বর্তমান সরকার সামনে এগুতে না পারে এবং উন্নয়ন কর্মকা- ব্যাহত হয়। এ ব্যাপারে সরকারকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের সাথে সাথে ভারতেরও আধিপত্যবাদের পতন হয়েছে। বাংলাদেশের জনগণের কাছে ভারত এখন অপ্রাসঙ্গিক। এখন আর তার চোখ রাঙানিতে দেশের মানুষ ভয় পায় না, বরং তার যেকোনো আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ভারত যদি মনে করে থাকে, ফ্যাসিস্ট হাসিনার সময়ের মতো সে যা বলবে, তাই হবে, সেই প্রেক্ষাপট এখন আর নেই। ভারতের কাছে বাংলাদেশের তেমন কোনো স্বার্থ নেই, বরং বাংলাদেশের কাছে তার বহুবিধ স্বার্থ রয়েছে। ফলে তাকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে সমতাভিত্তিক ও মর্যাদাপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যথার্থভাবেই বলেছেন, বাংলাদেশ এখন সেই আগের আমলের (হাসিনার শাসনামল) গোলামির দেশ নয় যে, বসে বসে দেখবে।

তিনি বলেছেন, প্রতিবেশীর সাথে সংলাপ ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রেখে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চাই। তার এই বক্তব্য থেকে বাংলাদেশ ভারতকে কী দৃষ্টিতে দেখে, তার পরিস্কার ধারণা পাওয়া গেছে। এই বার্তা ভারত বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে। এ নিয়ে সরকারের মাথাঘামানোর প্রয়োজন নেই। স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত কূটনৈতিক সম্পর্ক যেভাবে এগিয়ে যায়, ভারতের সাথেও সেভাবেই এগিয়ে যেতে হবে। ফলে শুভেন্দু অধিকারীর মতো উগ্রবাদীদের বক্তব্যে অতি প্রতিক্রিয়া না দেখিয়ে কূটনৈতিক ভাষায় যেভাবে জবাব দেয়ার প্রয়োজন, তাই দিতে হবে। পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তা যুক্তিযুক্ত এবং যথার্থ। বাংলাদেশের এখন পেছনে ফিরে তাকানোর সময় নেই। দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে, সেদিকেই পুরো মনোযোগ দিতে হবে। ভারতের কোন নেতা কি বলল, তাতে প্রতিক্রিয়াশীল না হয়ে, দেশের উন্নয়ন কাজে ক্রিয়াশীল হতে হবে।