আমাদের আবহাওয়া ও পরিবেশ-প্রতিবেশ যেন ক্রমেই চরমভাবাপন্ন হয়ে উঠছে। আইলা-সিডরের মতো সামুদ্রিক জলোচ্ছ্বাসের প্রবণতা কিংবা সাম্প্রতিক সময়ে ঘন ঘন বিপজ্জনক মাত্রায় ভূমিকম্পের প্রকোপ বৃদ্ধির মধ্য দিয়ে সেই সংকেত ক্রমেই বাস্তব হয়ে উঠতে দেখা যাচ্ছে। স্বল্পমেয়াদি শীত ও মাঘ মাস শেষ হওয়ার আগেই গরমের আভাস স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। বিশ্বের উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের মতো ক্রান্তীয় অঞ্চলের দেশগুলোর জন্য অশনিসংকেত বহু আগেই দেয়া হয়েছিল বিশ্বসংস্থাগুলোর পক্ষ থেকে। কিন্তু সম্ভাব্য দুর্বিপাক ও বিপর্যয় ঠেকাতে আমাদের রাষ্ট্র গত তিন দশকেও তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। কিউটো প্রটোকল থেকে শুরু করে গ্লোবাল সামিটগুলো নিয়ে অনেক বাগাড়ম্বর হলেও ক্লাইমেট চেঞ্জের সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে আন্তর্জাতিক ইনিশিয়েটিভও যথেষ্ট নয়। মূলত শিল্পোন্নত-ধনী দেশগুলোর অতিমাত্রায় অনিয়ন্ত্রিতভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি এবং বায়ুমন্ডলের ওজোন স্তরের ক্ষয় থেকে নানাবিধ প্রাকৃতিক বিপর্যয়, মানুষসহ প্রাণী জগতের স্বাস্থ্যঝুঁকির সবচেয়ে বড় শিকার হচ্ছে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোর মানুষ। পুঁজিবাদী অর্থনৈতিক প্রতিযোগিতার দৌড়ে বিশ্বকে অস্তিত্বের সংকটে ঠেলে দেয়া শিল্পোন্নত দেশগুলোর বেশিরভাগ শীতপ্রধান অঞ্চলে অবস্থিত হওয়ায় নিজেরা সুরিক্ষত থাকলেও তাদের কারণে সৃষ্ট গ্লোবাল ওয়ার্মিং ও ক্লাইমেট চেঞ্জের শিকার হচ্ছে অধিক জনসংখ্যার ভারে ন্যুজ ক্রান্তীয় অঞ্চলের দেশগুলোর জনগণ। জলবায়ু পরিবর্তন ও উষ্ণায়নের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম উদাহরণ হয়ে উঠেছে।

বৃটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা পত্রে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশকে বিশ্বের উষ্ণতম দেশ হিসেবে দেখানো হয়েছে। অক্সফোর্ডের এই গবেষণা রিপোর্ট বৃটিশ বিজ্ঞান সাময়িকী নেচার সাসটেইনেবিলিটিতে এ সপ্তাহে প্রকাশিত হয়েছে। জীবাশ্ম জ্বালানির নিয়ন্ত্রণহীন ব্যবহারের বিপদ ও পরিবর্তনের চালচিত্র নিয়ে বিভিন্ন সময়ে এমন গবষেণা রিপোর্ট প্রকাশিত হলেও এর বিপরীতে কোনো বাস্তব পদক্ষেপ নেয়া হয়নি। ফলে গত কয়েক দশকের ধারাবাহিকতায় উষ্ণায়নের বিপদ ক্রমেই ভুক্তভোগী দেশগুলোর ঘাড়ের উপর শ্বাস ফেলছে। গবেষণা উপাত্ত বিশ্লেষণ করে বলা হয়েছে, ২০১০ সালে বিশ্বের ২৩ শতাংশ বা ১৫ কোটি মানুষ গ্লোবাল ওয়ার্মিংয়ের ভুক্তভোগী ছিল, ২০৫০ সাল নাগাদ তা ৪১ শতাংশে পৌঁছবে। এর ভুক্তভোগী হবে বিশ্বের ৩৭৯ কোটি মানুষ।

বলা বাহুল্য, বাংলাদেশের মানুষ হবে এর প্রথমসারির ভুক্তভোগী। সাম্প্রতিক সময়ে স্পষ্ট হওয়া চরমভাবাপন্ন আবহাওয়া, সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঘূর্ণীঝড় এবং ভূমিকম্পের প্রকোপ বৃদ্ধির মধ্য দিয়ে তা আরো প্রকটভাবে প্রকাশিত হচ্ছে। আন্তর্জাতিক সংস্থার সম্মেলন ও গবেষণা পরিসংখ্যানে ধারাবাহিকভাবে এ চিত্র প্রকাশিত হলেও আমাদের সরকার এমন একটি বিপদের মুখেও নিষ্ক্রিয় ও দায়সারা ভূমিকা নিয়ে বসে আছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও ফিলিপাইনের মতো জনবহুল দেশ তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকিতে রয়েছে। যদিও বিশ্বের জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করা কোনো একক দেশের পদক্ষেপের উপর নির্ভরযোগ্য না হলেও জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ-প্রতিবেশগত বিষয়গুলো আরো অনেক কিছুর দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আমাদের সরকার ও জনগণকে সে সব বিষয়ের উপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে। বিশেষত আন্তর্জাতিক নদ-নদীর পানির ন্যায্য হিস্যা, সুপেয় পানির সংরক্ষণ, বনভূমি রক্ষা, কৃষিজমি রক্ষা ও কলকারখানার দূষণ নিয়ন্ত্রণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। বিশেষত বনভূমি রক্ষা, সুন্দরবনসহ উপকূলীয় সবুজবেষ্টনি, সবুজায়ন ও পরিকল্পিত টেকসই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশগত ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। পাহাড় সংরক্ষিত বনাঞ্চল ও জলাভূমি রক্ষা ও দূষণ প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে।

বিশ্বের বৃহত্তম বদ্বীপ ও নদীবেষ্টিত পাললিক ভূভাগ হিসেবে বাংলাদেশের ভূ-প্রকৃতির উপর অপরিকল্পিত, অন্যায্য হস্তক্ষেপের ধারাবাহিক পরিণতি থেকে বিপর্যয়ের সম্মুখীন বাংলাদেশ। উজানে যৌথ নদনদীর উপর ভারতের একতরফা বাঁধ নির্মাণ, পানি প্রত্যাহারের কারণে পলি জমে নদী শুকিয়ে যাচ্ছে। নদনদীর পানির প্রাপ্যতা কমে যাওয়ায় সেচকার্যসহ সুপেয় পানির জন্য ভূগর্ভের পানির উপর অধিক নির্ভরশীলতা এবং মাত্রাতিরিক্ত রাসায়নিক দূষণের কারণে প্রতিবেশ, স্বাস্থ্য ও ভূ-প্রকৃতিগত সংকট ক্রমেই প্রকট হয়ে উঠতে দেখা যাচ্ছে। দীর্ঘ খরা, অকাল বন্যা ও গ্রীষ্মকালের তাপপ্রবাহ আমাদের সহ্য সীমার মাত্রা অতিক্রম করে চলেছে। হিটস্ট্রোকসহ অতিরিক্ত তাপজনিত স্বাস্থ্য সংকট ও রোগব্যাধির প্রকোপ বেড়ে যাওয়ার বিপদ সংকেত নিয়ে বসে থাকবার কোনো সুযোগ নেই।

এসব বিষয়ে আমাদের জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগের দিকে মনোনিবেশ করতে হবে। দুঃখজনক বাস্তবতা হচ্ছে; পরাশক্তি দেশগুলো এখনো জীবাশ্ম জ্বালানির দখল নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের পথ বেছে নিচ্ছে। অন্য দেশের উপর নির্লজ্জ হস্তক্ষেপ ও দখলদারিত্বের নতুন নতুন দৃষ্টান্ত সৃষ্টি করছে। বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির ওপর বিনিয়োগ গবেষণা ও প্রয়োগের ক্ষেত্রে যথাযোগ্য উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও শিল্পায়নের ক্ষেত্রে পিছিয়ে থেকেও বিশ্বের উষ্ণায়নের সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। এ ধরনের বাস্তবতায় আমাদের সরকার এবং জনগণের সামগ্রিক দায়বদ্ধতা অনেক বেশি। বিশেষত বনভূমি রক্ষা, সবুজায়ন, অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের মতো উদ্যোগের ক্ষেত্রে জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তা নাহলে উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে দেশের বিশাল এলাকা লবণ পানিতে তলিয়ে যেতে পারে। এক সময়ের নদী-বিধৌত সুজলা-সুফলা বাংলাদেশ চরমভাবাপন্ন আবহাওয়া ও তীব্র তাপপ্রবাহে মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকির মুখে পড়বে। এমন একটি অস্তিত্বের সংকটকে অগ্রাহ্য করে বসে থাকার কোনো সুযোগ নেই। এখনই উপযুক্ত কর্মপরিকল্পনাসহ সমন্বিত উদ্যোগ নিতে হবে।