জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলোর একটি। তাপপ্রবাহ, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, দাবানল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের বিপর্যয় মানুষের জীবন ও জীবিকাকে ক্রমাগত বিপন্ন করছে। এ বাস্তবতায় তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন—কপ৩১। ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এ সম্মেলনে বিশ্বের ১৯০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সম্মেলনের মূল লক্ষ্য জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতীতের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন এবং বৈশ্বিক সহযোগিতা জোরদার করা। এবারের সম্মেলনের প্রতিপাদ্য একটি টেকসই, সহনশীল ও ন্যায়সংগত ভবিষ্যৎ নির্মাণের প্রত্যাশাকে সামনে এনেছে। সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে পরিচ্ছন্ন জ্বালানি, বিদ্যুতায়ন, জলবায়ু অর্থায়ন, খাদ্যনিরাপত্তা, জীববৈচিত্র্য, সমুদ্র ও উপকূলীয় পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা, নগর সহনশীলতা এবং জলবায়ু প্রযুক্তি। বিশেষ গুরুত্ব পাচ্ছে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো।

সম্মেলনের অন্যতম আলোচিত উদ্যোগ হচ্ছে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব। সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে পরিবহন, শিল্প ও অন্যান্য খাতে বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্য এতে প্রতিফলিত হয়েছে। উদ্যোগটি সময়োপযোগী হলেও প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর বিষয়ে দেশগুলো কতটা কার্যকর সিদ্ধান্ত নিতে পারবে। কারণ, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহারও অব্যাহত থাকলে জলবায়ু সংকটের সমাধান হবে না।

প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে সীমিত রাখার প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। বিভিন্ন পূর্বাভাসে শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক তাপমাত্রা প্রায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪ ডিগ্রি বেড়েছে। ফলে ১ দশমিক ৫ ডিগ্রির লক্ষ্য ধরে রাখতে হলে কার্বন নিঃসরণ দ্রুত কমানোর বিকল্প নেই।

এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর দায় সবচেয়ে বেশি। শিল্পবিপ্লবের পর থেকে তাদের বিপুল কার্বন নিঃসরণই বর্তমান সংকটের প্রধান কারণ। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় অভিঘাত মোকাবিলা করতে হচ্ছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে। এসব দেশের পক্ষে নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলা, উপকূল রক্ষা, কৃষির অভিযোজন এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন করা কঠিন। তাই জলবায়ু অর্থায়ন এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহজ শর্তে পর্যাপ্ত অর্থ, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা দিতে হবে। শুধু ঋণ দিয়ে দায়িত্ব শেষ করার প্রবণতা বন্ধ করতে হবে।

বাংলাদেশের জন্য এ সম্মেলনের গুরুত্ব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বাড়ছে, নদীভাঙন ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ছে, অনিয়মিত বৃষ্টিপাত কৃষিকে ক্ষতিগ্রস্ত করছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি ভবিষ্যতে বড় সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে। অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের দায় অত্যন্ত সামান্য। জলবায়ু সম্মেলনের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাব। আগের ৩০টি সম্মেলনে বহু অঙ্গীকার করা হলেও তার সবকিছু বাস্তবায়িত হয় নি। উন্নত দেশগুলোর মধ্যে অর্থায়ন নিয়ে মতপার্থক্য রয়েছে, আবার জীবাশ্ম জ্বালানি উৎপাদন ও রপ্তানির সঙ্গে জড়িত দেশগুলোর স্বার্থও আলোচনাকে জটিল করে তুলছে। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদলের অনুপস্থিতিও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ।

আমরা মনে করি, কপ-৩১ যেন আরেকটি আনুষ্ঠানিক আলোচনা ও প্রতিশ্রুতির আসরে পরিণত না হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, অভিযোজন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অর্থায়ন নিশ্চিত করতে সময়সীমাবদ্ধ সিদ্ধান্ত প্রয়োজন। জলবায়ু সংকট কোনো একক দেশের সমস্যা নয়। এর দায় ও দায়িত্বও এক দেশের ওপর চাপিয়ে দেওয়া যায় না। যারা বেশি দূষণ করেছে, তাদেরই বেশি দায়িত্ব নিতে হবে। পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে কথার চেয়ে কাজের গুরুত্ব দিতে হবে। তুরস্কের সম্মেলন থেকে বিশ্ববাসী সে কার্যকর অঙ্গীকারই প্রত্যাশা করে।