দীর্ঘ বন্ধ্যাত্ব ও প্রতিবন্ধকতা পেরিয়ে মালয়েশিয়া শ্রমবাজারের দরোজা শীঘ্রই খুলতে যাচ্ছে। এ বিষয়ে প্রাসঙ্গিক আনুষ্ঠানিকতা শেষে নভেম্বরের শুরুতেই প্রথমে সরকারিভাবে জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)এর মাধ্যমে এরপর পর্র্যায়ক্রমে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে জনশক্তি প্রেরণ করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বুধবার ঢাকায় উইটনেস ফাউন্ডেশন নামের একটি সংগঠন কর্তৃক আয়োজিত এক অভিবাসন সংলাপে অংশগ্রহণ করে প্রতিমন্ত্রী এই সুখবর দেন।
উক্ত অভিবাসন সংলাপের শিরোনাম ছিল ‘অনিয়মিত ঝুঁকিপূর্ণ অভিবাসন প্রতিরোধ এবং সাব-এজেন্টের জবাবদিহি নিশ্চিতকরণ।’ এই শিরোনামের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সৃষ্ট সংকটের বিষয়বস্তু নিহিত রয়েছে। মালয়েশিয়ায় জনশক্তি রফতানির ক্ষেত্রে বিদ্যমান সংকট অনেক পুরনো। দুই দেশের শীর্ষ পর্যায়ের নানা রকম উদ্যোগ, প্রস্তাব, সুপারিশ জিটুজি পর্যায়ে অতি স্বল্প খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের চুক্তি হওয়ার পরও তা বাস্তবায়ন হয়নি। সংকট সমাধানে কয়েক বছর ধরে শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ ও কূটনৈতিক তৎপরতাও তেমন কোনো কাজে আসেনি। উপরন্তু শেখ হাসিনার পতনের কয়েক মাস আগে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের সুযোগ বন্ধ হয়ে যায়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম এ বিষয়ে নতুন প্রত্যাশা জেগে ওঠে। মালয়েশীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মালয়েশিয়া সফর এবং প্রথম বিদেশ সফর হিসেবে চীন সফরের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া গমন, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের কৌশলগত অবস্থানের মধ্য দিয়ে মালয়েশিয়ায় জনশক্তি রফতানি বিষয়ক বরফ গলতে শুরু করে।
বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতায় তেমন কোনো আশার আলো দেখা যাচ্ছিল না। বিশেষত মধ্যপ্রাচ্য যুদ্ধ, জ্বালানি সংকট, বিনিয়োগে বন্ধ্যাত্ব, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে আরো জটিলতর সংকটের আভাস দিচ্ছে। এহেন বাস্তবতায় ইতিমধ্যে কিছু আশার আলো দেখা যায়। বিশেষত, ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুর পরাজয়ের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের সম্ভাবনা বেড়েছে। যুদ্ধাবস্থায়ও কোনো দেশের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন কর্মকা- বন্ধ হয়ে যায়নি। তিরিশ সাল নাগাদ উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ২০৩৪ সালে সউদী আরবে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপকে সামনে রেখে অবকাঠামো উন্নয়নে যে ব্যাপক কর্মযজ্ঞ চলছে, তাতে বাংলাদেশি শ্রমিকদের আরো বর্ধিত হারে অংশগ্রহণের সুযোগ রয়েছে। ইসরাইলে রাজনৈতিক পরিবর্তন ও যুদ্ধ বন্ধের সম্ভাবনার সাথে সাথে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকা-ে নতুন গতি সঞ্চারিত হবে। বাংলাদেশ হবে তার অবিচ্ছেদ্য অংশীদার। বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হওয়ার আগেই মালয়েশিয়া, সউদী আরবসহ প্রধান শ্রমবাজারে আরো কয়েক লাখ কর্মী নিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে পারলে আমাদের অর্থনৈতিক সংকট কেটে গিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উত্তরণের লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত হতে পারে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপির নির্বাচনী ইশতেহারে আগামী ৫বছরে অন্তত ১ কোটি লোকের বৈদেশিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেয়া হয়েছিল।
মালয়েশিয়ার শ্রমবাজারে পুনরায় বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ অবারিত হওয়ার মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাস্তবায়নের শুভ সূচনা হতে চলেছে। আস্তে আস্তে অন্যান্য দেশেও এর সুবাতাস লাগবে বলে আশা করা যায়। তবে মালয়েশিয়ায় জনশক্তি রফতানির ক্ষেত্রে সিন্ডিকেটের অস্বচ্ছ তৎপরতা এবং অতিরিক্ত অভিবাসন ব্যয় সেখানে বাংলাদেশি কর্মী নিয়োগে সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে বিবেচনা করা হয়েছিল। এ ক্ষেত্রে মালয়েশিয়া কর্তৃপক্ষ অনেক নমনীয় ও লোভনীয় শর্তে সরকারি পর্যায়ে একলাখ টাকারও কম খরচে কর্মী নিয়োগের প্রস্তাব দিয়েছিল। সরকারের সংশ্লিষ্ট মহলের অদক্ষতা, অসাধুতা এবং মন্ত্রী, এমপি ও আমলাদের যোগসাজশে সিন্ডিকেটের কালো থাবায় সে প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হয়।
ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা থেকে মালয়েশিয়ায় একেকজন শ্রমিক পাঠাতে যেখানে সর্বোচ্চ দেড়লাখ টাকা খরচ হয়, সেখানে বাংলাদেশের কর্মীদের ৬ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হয়। অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে বাংলাদেশি শ্রমিকদের নানাবিধ সমস্যা, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপে পড়তে হয়। এ কারণেই মালয়েশিয়া সরকার জি টু জি ভিত্তিতে প্রায় বিনা খরচে বা একলাখ টাকারও কম খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রস্তাব দিয়েছিল। তবে সিন্ডিকেটের কারসাজিতে সে প্রস্তাব ভেস্তে গেছে। এবার নতুন সুযোগ আসলেও রিক্রুটিং এজেন্সি নিয়োগ এবং সামগ্রিক খরচাপাতির ক্ষেত্রে এখনো অস্বচ্ছতা রয়ে গেছে। কেউ কেউ বলছেন, চলতি উদ্যোগে জনপ্রতি অভিবাসন খরচ প্রায় ৭লাখ টাকা লাগতে পারে। এ খরচ প্রতিবেশী দেশগুলোর চেয়ে অন্তত তিন-চারগুণ বেশি।
মালয়েশিয়া সরকারের নীতিমালা ও প্রত্যাশিত কমপ্লায়েন্সের আলোকে অভিবাসন খরচসহ কর্মী নিয়োগের সামগ্রিক কর্মকা-ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মালয়েশিয়ায় জনশক্তি রফতানি কোনো সিন্ডিকেটের হাতে ছেড়ে দেয়া যাবে না। প্রথম পর্যায়ে বোয়েসেলের মাধ্যমে জনশক্তি রফতানির সাফল্য একটি পাইলট প্রকল্প হিসেবে গণ্য হতে পারে। এরই আলোকে পরবর্তীতে বাছাইকৃত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সরকারি শর্ত ও নীতিমালার আলোকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে অন্যান্য এজেন্সির জন্যও অবারিত হতে পারে। মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের অতীতের বদনাম ঘুচিয়ে নতুন বাস্তবতায় কর্মীবান্ধব পরিবেশ ও কর্মপন্থা নিশ্চিত করতে হবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অগ্রণী ভূমিকা পালনকারী প্রবাসী কর্মীদের যাতায়াত এবং কর্মক্ষেত্রের যে কোনো সমস্যা সমাধানে আরো যতœশীল হওয়া আবশ্যক। শ্রমবাজার ও বাণিজ্য অংশীদার দেশগুলোর সাথে কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারে সরকারের উচ্চ পর্যায়ে কার্যকর ভূমিকা জরুরি। ত্বরিত সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রতিটি সুযোগ কাজে লাগাতে হবে।
