ভোলা সদরের কাচিয়া-সংলগ্ন মেঘনা নদীর ভবানীপুর চর হইতে অবৈধ বালু উত্তোলনে বাধা প্রদানের কারণে বালু সন্ত্রাসীরা এলাকাবাসীর উপর বন্দুক লইয়া যেই সন্ত্রাসী হামলা চালইয়াছে, উহার উদ্বেগ দ্বিবিধ। প্রথমত, উহার মধ্য দিয়া প্রমাণ হইল– গণঅভ্যুত্থানের মধ্য দিয়া সরকার পরিবর্তন হইলেও রাজনৈতিক মদদপুষ্ট বালু সন্ত্রাস নির্মূল হয় নাই। দ্বিতীয়ত, বালু দস্যুরা পূর্বের ন্যায় কেবল আইন, প্রশাসন ও স্থানীয় প্রতিবাদকেই অগ্রাহ্য করিতেছে না; বরং আগ্নেয়াস্ত্র লইয়া চড়াও হইতেছে। আমরা জানি, নির্বিচার বালু উত্তোলনই কেবল বেআইনি নহে; জনতার প্রতি আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও প্রয়োগও বেআইনি। আলোচ্য অঘটন সম্পর্কে পূর্বে অবহিতকরণের পরও পুলিশ যেইভাবে ঘটনা ঘটিবার পর অকুস্থলে পৌঁছাইয়াছে, উহা বাংলা প্রবাদকেই স্মরণ করাইয়া দেয়– ‘রোগীর মৃত্যুর পর ডাক্তার আসিল’। সেইখানে যেইভাবে তিনজন গুলিবিদ্ধসহ আহত হইয়াছেন, তাহার দায় পুলিশ ও প্রশাসনকে লইতে হইবে বৈ কি।

বস্তুত দীর্ঘদিন যাবৎ দেশের প্রায় সর্বত্র নদী-খাল তথা বিভিন্ন জলাশয় হইতে নিয়মবহির্ভূত উপায়ে যে বালু উত্তোলন চলিতেছে এবং প্রশাসন তাহা দেখিয়াও অধিকাংশ ক্ষেত্রে না দেখিবার ভান করিতেছে, তাহার পর আলোচ্য ঘটনায় বিস্মিত হইবার অবকাশ কম। ইতোমধ্যে এই সত্যটিও সর্বজনের স্বীকৃতি পাইয়াছে যে, কোনো সাধারণ বা নিরীহ মানুষের পক্ষে এহেন ব্যবসায় চালাইয়া যাওয়া সম্ভব নহে। মূলত রাজনৈতিক আশীর্বাদপুষ্ট স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীদের পক্ষেই তাহা সম্ভব। এই কারণে দেখা গিয়াছে যখনই যে দলীয় সরকার ক্ষমতায় বসিয়াছে তখন সেই সরকারের আশীর্বাদধন্য লোকেরাই দেশের সর্বত্র বৈধ বালুমহাল তো বটেই, অবৈধ বালু উত্তোলন বাণিজ্যকেও নিয়ন্ত্রণ করিয়াছে। প্রতিবেদনে যদিও সন্ত্রাসীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে কিছু বলা নাই, সাম্প্রতিক মাসগুলিতে বহু প্রতিবেদন সমকালেই প্রকাশিত হইয়াছে, যেখানে বলা হইয়াছে, বিগত সরকারের সময় সরকারদলীয় লোকেরা সমগ্র দেশের বালুমহালগুলি নিয়ন্ত্রণ করিলেও এখন সেইগুলির নিয়ন্ত্রণ কোনো কোনো ক্ষেত্রে বিএনপি এবং কোনো ক্ষেত্রে বিএনপি ও অন্যান্য দল সমর্থিত ব্যক্তিদের হস্তে।

আমরা জানি, দেশের পরিবেশ অধিকার আন্দোলনে নেতৃত্ব দানকারী অনেকেই অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে আসীন হইলেও পরিবেশ-প্রতিবেশবিরোধী অন্যান্য কর্মকাণ্ডের ন্যায় বালু সন্ত্রাসও বন্ধ হইতেছে না। এমনকি বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলার সাহসও অনেক ক্ষেত্রে কাহারও হইতেছে না। এহেন প্রকৃতিবিরোধী তৎপরতার বিরুদ্ধে স্থানীয় প্রশাসন তৎপর না হইবার পশ্চাতে অবশ্য অন্য কারণও থাকিতে পারে। অভিযোগ বিস্তর; বালু সন্ত্রাসীদের সহিত অনেক ক্ষেত্রেই স্থানীয় পুলিশ ও প্রশাসনের অসাধু সদস্যদের যোগসাজশ রহিয়াছে। নদী-খাল হইতে অপরিকল্পিত বালু উত্তোলন পরিবেশ-প্রতিবেশের কী ক্ষতি করে, সে সম্পর্কে নূতন করিয়া বলিবার কিছু নাই। ইহার কারণে একদিকে মৎস্যসহ বিভিন্ন প্রকার জলজ জীবের আবাসভূমি ধ্বংস, অন্যদিকে নদীভাঙন তীব্রতর হয় এবং নূতন নূতন এলাকায় ছড়াইয়া পড়ে। দেশের বহু স্থানে কোটি কোটি টাকা ব্য়য় করিয়া নির্মিত বহু সেতু ও বাঁধ শুধু নির্বিচার বালু উত্তোলনের কারণে হুমকির সম্মুখীন, এমন খবর বিরল নহে। এমনকি ক্ষেত্রবিশেষে খোদ নদীও মৃত্যুমুখে পতিত হইবার পরিস্থিতি সৃষ্টি হয়। বলিতে গেলে নদীই এই বাংলাদেশের প্রাণ, সেই প্রাণ যখন ধ্বংস হয় তখন মানুষের জীবনও বিপন্ন হয়।

অবৈধ বালু উত্তোলন বন্ধ করিতে হইলে বালু সন্ত্রাসীদের যে কোনো মূল্যে প্রতিহত করিতে হইবে, ইহা বলাই বাহুল্য। তজ্জন্য প্রয়োজনে বৃহৎ রাজনৈতিক দলগুলির সাহায্য লইতে হইবে। সিলেটে সাদাপাথর লুটপাটের ঘটনায় ইতোপূর্বে যেভাবে অভিযুক্ত স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হইয়াছিল, তাহা সর্বমহলের প্রশংসা কুড়াইয়াছিল। ভোলাসহ অন্যান্য স্থানের বালু সন্ত্রাসীদের বিরুদ্ধেও অনুরূপ শক্ত পদক্ষেপ জরুরি হইয়া পড়িয়াছে। স্থানীয় জনসাধারণের প্রতিরোধও যে জারি রাখিতে হইবে, তাহা বলা বাহুল্য।