দেশের অর্থনীতিতে নানামুখী সংকটে নাজেহাল সাধারণ মানুষ। এ কথা সত্য যে, এই সংকট হঠাৎ করে বা অন্তর্বর্তী সরকারের হাত ধরে আসেনি। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে কতিপয় দানবীয় অলিগার্কের হাতে ছেড়ে দিয়েছিল। এস আলম, সামিট গ্রুপ, বেক্সিমকোর মতো কর্পোরেট কোম্পানির মালিকরা দেশের ব্যাংকিং সেক্টর, জ্বলানি-বিদ্যুৎসহ বিনিয়োগ সংশ্লিষ্ট খাতগুলোকে নিজেদের কায়েমী স্বার্থ ও লুটপাটের মৌরসিপাট্টায় পরিণত করেছিল। দেড় দশকে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল তারা। জুলাই অভ্যুত্থান ছিল সেই লুটপাট, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে দেশের যুব সমাজ ও নাগরিকদের বিক্ষুব্ধ প্রতিক্রিয়া।

অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকার। গণহত্যাসহ বিগত ফ্যাসিস্ট সরকারের মানবতাবিরোধী অপরাধের বিচার ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি বিগত সরকারের অনিয়ম-দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের মধ্য দিয়ে দেশে যে সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয় ঘটেছিল, তার বিরুদ্ধে ত্বরিৎ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে সম্ভাব্য বিপর্যয় ঠেকানোই ছিল এই সরকারের কাছে সাধারণ মানুষের প্রথম প্রত্যাশা। কিন্তু গত ১৬ মাসেও সরকার জনগণের সে প্রত্যাশা পূরণে কোনো আশাবাদ সৃষ্টি করতে পারেনি। অন্তর্বর্তী সরকারের প্রথম বর্ষপূর্তিতে সরকার এবং কোনো কোনো অর্থনৈতিক বিশ্লেষক ও সংস্থার তরফে বলা হয়েছিল, বিপর্যয় ঠেকিয়ে অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করতে যাচ্ছে সরকার।

গতমাসের প্রথম দিকে প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিগত ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি। ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স আয়, জোরালো রফতানি আয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি অর্থনীতির বিপর্যয় কাটিয়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করছে বলে বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ আপডেট’ শীর্ষক মূল্যায়নে বলা হয়েছে। তবে জিডিপি প্রবৃদ্ধির সম্ভাবনা সত্ত্বেও কর্মসংস্থান সংকোচন, মূল্যস্ফীতির উচ্চহার ও দারিদ্র্যের হার বৃদ্ধির কারণে অর্থনৈতিক সংকট ও বৈষম্য বৃদ্ধির যে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, দেশের অর্থনীতিতে এখন তারই প্রতিফলন দেখা যাচ্ছে। প্রায় দু’মাস পর বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কে বিশ্বব্যাংকের সর্বশেষ মূল্যায়ন প্রকাশিত হয়েছে। গতকাল দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন সহযোগী দৈনিকে প্রকাশিত রিপোর্টে বিশ্বব্যাংকের করা আগের আশঙ্কারই প্রতিফলন দেখা যাচ্ছে। এই মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে দারিদ্র্যের হার কয়েক দশক কমার পর ৪ বছর ধরে বাড়ছে। অর্থাৎ পতিত স্বৈরাচারী সরকারের লুটপাটের বিরূপ প্রতিক্রিয়া সেই সরকারের শেষদিকে তীব্রতর আকার ধারণ করতে শুরু করলেও এখন তা আরো স্পষ্টভাবে ধরা পড়তে শুরু করেছে। বর্তমানে দেশে দরিদ্র জনসংখ্যা ৩ কোটি ৬০ লাখ। বিশ্বব্যাংকের হিসাবে ২০২২ সালে দেশে ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার কিছুটা উপরে থাকা অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ মানুষগুলো কর্মসংস্থান সংকোচন ও মূল্যস্ফীতির চাপে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার আশঙ্কা এখন আগের চেয়ে বেড়েছে।

দেড় দশকের লুটপাট ও অনিয়ম-দুর্নীতি দেশের অর্থনীতিতে ক্রমেই জোরালো প্রভাব সৃষ্টি করছে। এটাই স্বাভাবিক। এ ধরনের প্রভাব ও ক্রমবর্ধমান সংকট দূর করতে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য উদ্যোগ গ্রহণে ব্যর্থতার দায় অনস্বীকার্য। সরকার জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে সংস্কার, মানবতাবিরোধী অপরাধের বিচার ও নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়নে মনোযোগ দিলেও দেশের সামাজিক-অর্থনৈতিক বাস্তবতার উপর রাজনৈতিক স্থিতিশীলতা অনেকাংশে নির্ভরশীল। দেশে ক্রমবর্ধমান শিক্ষিত-অশিক্ষিত কর্মক্ষম জনসংখ্যার বিপরীতে কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে তা সমাজে ও রাষ্ট্রে বহুমুখী বিরূপ প্রভাব সৃষ্টি করে থাকে। দারিদ্র্য বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ জীবন যাপনের মান নিচে নেমে যায়।

সমাজে অবক্ষয়, অপরাধ প্রবণতা, নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা বেড়ে যায়। বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিনিয়োগ উপদেষ্টার নানাবিধ উদ্যোগ তেমন কোনো কাজে আসেনি। বিগত সরকারের মন্ত্রী-এমপি ও অলিগার্কদের মাধ্যমে পাচার হওয়া শত শত বিলিয়ন ডলারের কিয়দংশও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সফল হয়নি। এ ক্ষেত্রে সরকারের আন্তরিক উদ্যোগের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। গতকাল পত্রিকান্তরে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, দেশে খেলাপি ঋণের হার ৩৪ শতাংশে পৌঁছেছে, যা ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। ব্যাংকিং খাতে ১৭.৩৪ লক্ষকোটি টাকা ঋণের প্রায় এক চতুর্থাংশই এনএলপি বা অনুৎপাদনশীল খাতে চলে গেছে। এসব অর্থ উদ্ধার করে বিনিয়োগ ও কর্মসংস্থানের মূল ধারায় গতিশীলতা বৃদ্ধিতে সরকারের লক্ষ্য এবং অর্জন একেবারেই নগণ্য। খেলাপি ঋণ উদ্ধারে গতানুগতিক ধারার চক্র থেকে ব্যাংকিং সেক্টরকে বের করে আনতে পারেনি সরকার। এ ক্ষেত্রে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক এবং প্রধান উপদেষ্টার দায় রয়েছে। সংস্কার ও নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্তের মূল চালিকা শক্তি দেশের কর্মক্ষম যুব সমাজ ও সম্ভাবনাময় অর্থনীতি। এ ক্ষেত্রে গতানুগতিক স্থবিরতা, দুর্বলতা ও ব্যর্থতা জিঁইয়ে রেখে অন্যান্য খাতে সাফল্য অর্জন করা অসম্ভব। প্রত্যাশিত গণতান্ত্রিক প্রক্রিয়া, জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার মধ্য দিয়ে জাতির প্রত্যাশা পূরণ করতে হলে প্রথমেই ব্যাংকিং সেক্টরের লুটেরা ও বিনিয়োগ-কর্মসংস্থানের প্রতিবন্ধকতার বিরুদ্ধে সরকারকে দৃঢ় ও কঠোর সিদ্ধান্তে আসতে হবে। সেই সাথে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ও সিন্ডিকেটেড মুনাফাবাজি রুখতে নজরদারি বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।