অবশেষে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী। ইরাকে দুই দশক অবস্থানের পর দেশটি থেকে মার্কিন সামরিক বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করা হলো। ২৯ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের দেশটি ছেড়েছেন সেখানে থাকা শেষ মার্কিন সেনারা। এরমধ্য দিয়ে ইরাকে নতুন দিনের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছে দেশটির সরকার, যদিও সেনাপ্রত্যাহার পরবর্তী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ইরাকি। উল্লেখ্য, মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে ইরাকিদের মধ্যে আনন্দ ও উদ্বেগ, দু’টি চিত্রই লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি প্রতিবেশী দেশ ইরানের জন্য বড় সুযোগের দরজা খুলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। কারণ, ইরাকে ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী রয়েছে। মার্কিন বাহিনীর অনুপস্থিতিতে এই গোষ্ঠীগুলো আরো সক্রিয়া ও শক্তিশালী হয়ে উঠতে পারে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে সুবিধা পেতে পারে তেহরান। ইরাক থেকে সেনা পুরোপুরি সরিয়ে নিতে ২০২৪ সালের একটি সমঝোতা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তখন দেশটিতে আড়াই হাজার মার্কিন সেনা ছিলেন। গত বছরই তাদের বেশির ভাগকে সরিয়ে নেওয়া হয়। শুধু আধা স্বায়ত্তশাসিত কুর্দি এলাকাগুলোয় কিছু সেনা ছিলেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায় ২০০৩ সালে। দেশটির প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে তারা। ২০০৬ সালেরর ডিসেম্বরে সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়। ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনা সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়ে যায়। এই সেনাদের একটি অংশ ২০১১ সালে ইরাক ছাড়ে। পরে ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) বিরোধী অভিযানের জন্য ইরাকে আরো সৈন্য পাঠানো হয়।
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেছেন, এর মধ্যদিয়ে ইরাকের জন্য নতুন দিনের সূচনা হলো। দেশটি সব ধরনের বিদেশি সামরিক উপস্থিতি থেকে মুক্ত হবে। একই সঙ্গে ইরাকের পুরো ভূখন্ডের ওপর জাতীয় সার্বভৌমত্ব পুরোপুরি প্রতিষ্ঠিত হবে। এদিকে ইরাকে সক্রিয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্সের কমান্ডার আবু মোজতাবা আল ইয়াসিরি মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাকে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে উল্লেখ করেছেন। তবে উদ্বেগ প্রকাশ করেছেন ফালুজা অঞ্চলের একটি আদিবাসী গোষ্ঠীর নেতা আবদুল রহমান আল-জোবাইর। তিনি বলেন, ‘আমরা মনে করি, এই মুহূর্তে নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি নিজেদের হাতে নেওয়ার জন্য ইরাক প্রস্তুত নয়। ইরাকের জনগণ পূর্ণ সার্বভৌমত্ব চায়। কিন্তু আমার মনে হয়, মার্কিন বাহিনী এভাবে চলে গিয়ে যে শূন্যতা তৈরি করেছে, সেটি সব ইরাকির জন্য বড় শঙ্কা।
ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্সের মতো তেহরান সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে। চলমান ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাতে ভূমিকা রেখেছে এই গোষ্ঠীগুলো। চলতি মাসেই ইরাক থেকে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পাইপ লাইনে হামলা চালানো হয়েছে। এছাড়া ইরান যুদ্ধের সময় যে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন, তাদের মধ্যে সাতজন ইরাকে ছিলেন। ইরাকি নিরাপত্তা বিশ্লেষক জাসিখ আল-বাহাদলি রয়টার্সকে বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ইরাক থেকে চলে যাওয়ায় কৌশলগতভাবে ইরানেরই লাভবান হওয়ার সুযোগ রয়েছে। কারণ, এর ফলে ইরাক থেকে একটি সামরিক উপস্থিতি সরে যাচ্ছে, যারা বহু বছর ধরে দেশটিতে তেহরানের প্রভাবের বিরুদ্ধে ভারসাম্য রক্ষা করে এসেছে। উপলব্ধি করা যায়, ইরাকে এখন ইরানের প্রভাব বৃদ্ধি পাবে। রাজনৈতিক ও সামরিক প্রভাবের বাইরে ধর্মীয় প্রভাবের বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। শিয়া-সুন্নী প্রসঙ্গটি ইরাকে কোন দিকে যায় সেটিও দেখার মত এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।
