আমরা গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রতীক জনগণের ‘দেশনেত্রী’ ,‘আপোসহীননেত্রী’ এবং জাতীর অভিভাবক বেগম খালেদা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে জানিয়েছেন, ‘আম্মা আর নেই’। দেশের জন্য জীবন উৎসর্গ করা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশব্যাপী গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রকাশ্যে, অপ্রকাশ্যে, নীরবে-নিভৃতে সর্বস্তরের মানুষ কান্নায় ভেঙে পড়েছে। তাঁর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক এবং আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে।
বিএনপি দলীয়ভাবে ৭ দিনের শোক ঘোষণা করেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন শোক প্রকাশ করে বলেছেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করে বলেছেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল। খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক দলগুলো গভীর শোক প্রকাশ করেছে। তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, ভারত ও অন্যান্য দেশের সরকার প্রধানরা। অন্তর্বর্তী সরকার ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাঁকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। সারাজীবন দেশের মানুষের মনে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এ বছরের ৭ জানুয়ারি তাঁকে চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হয়েছিল। তাঁর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল, তবে নানা রোগে জটিলতা ও শরীর-মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল প্রতিকূল। প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। যতদিন বেঁচে ছিলেন মনের অসীম দৃঢ়তা ও মনোবলে টিকেছিলেন। সর্বশেষ গত ২৩ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশ-বিদেশের চিকিৎসকরা তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন। তাঁকে সুস্থ করে তোলার তাদের চেষ্টার ত্রুটি ছিল না। কিন্তু সকল চেষ্টার ঊর্ধ্বে তিনি চলে গেছেন। মৃত্যু অনিবার্য। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন, ‘সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’।
পবিত্র কুরআনের সূরা আলে ইমরানের ২৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, ‘তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আর যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন।’ পৃথিবীতে যে যতই ক্ষমতাবান ও প্রভাবালী হোক না কেন, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। দেশের মানুষের মা-য়ে পরিণত হওয়া বেগম খালেদা জিয়াও তেমন একজন ছিলেন। পৃথিবীতে যারা কর্ম-ধর্ম, নীতি-আদর্শ, ইনসাফ ও সততা দিয়ে নিজেকে মানুষের নিখাদ ভালবাসায় পরিণত করেন, তারা মৃত্যুবরণ করলেও চিরস্মরণীয় হয়ে থাকেন। মানুষ যাকে ভালবাসে, মহান আল্লাহও তাকে ভালবাসেন।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবরণের পর দেশের এক ক্রান্তিকালে, অত্যন্ত বৈরি পরিবেশে অতি সাধারণ গৃহবধূ থেকে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আবির্ভূত হন। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর জেল-জুলুম ও রক্তচক্ষুকে উপেক্ষা করে গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেন। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি লড়াই করে গেছেন। গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে কোনো আপোস করেননি। এই দৃঢ়চেতা ও আপোসহীন বৈশিষ্ট্য দিয়ে তিনি দেশের মানুষের মণিকোঠায় ঠাঁই করে নেন। দেশের মানুষ তাঁকে অকাতরে ভালবেসে তাঁকে তিনবার রাষ্ট্রক্ষমতায় বসায়। তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ধারক-বাহক মনে করে। দেশ তাঁর হাতে নিরাপদÑএই বিশ্বাস তারা স্থাপন করে।
গণঅভ্যুত্থানে এরশাদের পতনের পর ১৯৯১ সালে সব হিসাব-নিকাষ উল্টে দিয়ে জনগণ তাঁকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করে। পরবর্তীতে তিনি যতবার একাধিক আসনে নির্বাচন করেছেন, কোনোটিতেই পরাজিত হননি। ফেনী, বগুড়া, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খুলনা, যেখানেই নির্বাচন করেছেন, সেখানেই তিনি বিজয়ী হয়েছেন। দেশের নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়াই একমাত্র উদাহরণ, যিনি ৫টি জাতীয় সংসদ নির্বাচনে ২৩টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতে বিজয়ী হয়েছেন। ভোটে হারের গল্প খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাসে নেই। এমনকি যেসব নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারেনি, সেসব নির্বাচনেও তিনি যতটি আসনে প্রার্থী হয়েছিলেন, তার সব কটিতে বিজয়ী হয়েছিলেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনেও তিনি দুটি আসনে প্রার্থী হয়েছিলেন। নির্দ্বিধায় বলা যায়, তাতেও তিনি নিরঙ্কুশ বিজয় লাভ করতেন। তার আগেই তিনি চলে গেলেন। বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের জন্য যা করে গেছেন, তা এদেশের মানুষ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মনে রাখবে। ইতিহাসে তাঁর নাম হীরকখচিত হয়ে থাকবে। তিনি এমনই এক রাজনীতিক ছিলেন, যিনি মৃত্যুর মুখোমুখি হয়েও অন্যায়ের কাছে মাথানত করেননি। এরশাদের স্বৈরশাসন, তাঁকে দেশছাড়া করার ওয়ান-ইলেভেন সরকারের ষড়যন্ত্র এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের শাসনামলে দেশ ও মানুষের স্বার্থে তিনি আপোসহীনভাবে সংগ্রাম করে গেছেন। মিথ্যা মামলা দিয়ে হাসিনা তাঁকে সাজা দিয়ে জেলে নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিলেও তিনি মাথানত করেননি।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে। হাসিনা বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে হেন কোনো কুৎসা নেই, যা রটাননি। ২০০০ সালে তিনি যখন বিরোধীদলীয় নেত্রী তখন একটি দৈনিকের সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আপনারা লক্ষ করে থাকবেন, আমি কিন্তু তাঁকে (শেখ হাসিনা) লক্ষ্য করে কোনো সময় ব্যক্তিগত আক্রমণ করি না। তাঁর পিতা বা তাঁর পরিবার স¤পর্কে কখনো কোনো আক্রমণ করে কথা বলিনি। আপনারা নিশ্চয়ই লক্ষ করবেন, সংসদে বা সংসদের বাইরে কোনো সুযোগ পেলেই তিনি আমাকে ব্যক্তিগতভাবে ও পারিবারিকভাবে আক্রমণ করে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন।
আমি মনে করি, এসব বলা ঠিক নয়।’ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হাসিনা যেভাবে ব্যক্তিগত ঈর্ষা ও রাজনৈতিক প্রতিহিংসা দেখিয়েছেন, এমনকি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, তা বিশ্বের ইতিহাসে বিরল। বেগম খালেদা জিয়া তার কথার জবাব না দিয়ে দেশের সেবা করে গেছেন। দেশ ও জনগণের পাশে থেকেছেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন, আপনারা আমাকে ছেড়ে গেলেও আমি আপনাদের ছেড়ে যাব না। তিনি কথা রেখেছেন। জীবদ্দশায় বেগম খালেদা জিয়া জনগণকে ছেড়ে যাননি। উনস্টন চার্চিল বলেছেন, ‘যুদ্ধে তুমি একবার মরতে পার, কিন্তু রাজনীতিতে তোমাকে অনেকবার মরতে হবে।’ রাজনীতিতে বেগম খালেদা জিয়া ভুল-ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না। তবে রাজনৈতিক মৃত্যুশঙ্কা সাথে নিয়েই তিনি আপোসহীনভাবে লড়াই করে জনগণের ভালবাসার শীর্ষে গিয়েছেন। পরিণত হয়েছেন, দেশের মা ও মাটির নেত্রীতে।
মানুষের জন্যই যুদ্ধ করতে করতে তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর জন্য আজ দেশের মানুষ কাঁদে। যতদিন দেশ থাকবে, ততদিন দেশের মানুষ তাঁকে খুঁজে বেড়াবে, বাংলাদেশের মা ও মাটিতে। স্মরণ করবে দেশের জন্য তাঁর অসামান্য অবদান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধিপত্যবাদীর নিগড় থেকে বের করে বাংলাদেশের জনগণের যে আত্মপরিচয় বাংলাদেশী জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক যাত্রার সূচনা করেছিলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন তা ধরে রেখে, লড়াই করে জনগণের মন ও মননে প্রোথিত করে গেছেন। যতবার বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, ততবার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দর্শণ দিয়ে জনগণ তা মোকাবেলা করেছে। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন তারই ধারাবাহিকতায় হয়েছে। বেগম খালেদা জিয়া জেলে থেকে এবং অসুস্থ হয়েও হাসিনা ও আধিপত্যবাদী শক্তির আতঙ্ক হয়েছিলেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমরা কারও পক্ষে না। পাকিস্তানের পক্ষেও না, ভারতের পক্ষেও না। আমরা বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের জনগণের পক্ষে। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য।
দেশে যে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে, তার মধ্যেও বেগম খালেদা জিয়া মহীরুহ হয়ে বেঁচেছিলেন। প্রত্যেক মানুষের অসীম শ্রদ্ধা ও ভালবাসার নেত্রী হয়েছিলেন। হাসিনার পতনের পর তিনি হাসপাতালে অসুস্থ অবস্থায় থেকেও দেশের জনগণের উদ্দেশ্যে ভিডিও বার্তায় কোনো প্রতিশোধের কথা বলেননি। তিনি জনগণকে আহ্বান জানিয়ে বলেছিলেন, শান্তি, প্রগতি, সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি। তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিয়ে তিনি একটিও নেতিবাচক মন্তব্য করেননি। তাঁর এ সৌজন্যবোধ, পরিমিতিবোধ ও উদারতা রাজনীতিতে এক অসাধারণ মানদ- ও প্রেরণা হয়ে থাকবে। দেশের মানুষ বেগম খালেদা জিয়ার আহ্বান অক্ষরে অক্ষরে পালন করেছে।
গণঅভ্যুত্থানে হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পর জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র রুখে দিয়েছে। তিনি জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর মৃত্যুতে দেশের যে অপূরণীয় ও অসীম ক্ষতি হয়েছে, তা অন্য কারো পক্ষেই পূরণ করা সম্ভব নয়। এমন আপসহীন, প্রাজ্ঞ-বিজ্ঞ, দূরদর্শী ও ক্যারিশম্যাটিক নেতৃত্ব আর আসবে কিনা, জানা নেই। দেশের গণতন্ত্র, উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি, রাজনৈতিক শিষ্টাচার, সংকটে-সংগ্রামে বেগম খালেদা জিয়া কীভাবে নিজের জীবন উৎসর্গ করে গেছেন, তা এ প্রজন্ম এবং ভবিষ্যত প্রজন্মের সামনে তুলে ধরা প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় বন্ধ হয়নি, বরং নতুন করে শুরু করার অপরিহার্য ভিত্তি দিয়েছে। তাঁর গড়ে দেয়া ভিত্তির উপরই আগামীর বাংলাদেশ দাঁড়াবে, এগিয়ে যাবে। দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে হারিয়ে মা হারানোর বেদনায় যে শোক-সন্তাপে বিহ্বল অবস্থায় রয়েছে, তা সইবার এবং ধৈর্য ধরার শক্তি মহান আল্লাহ দিন, আমরা এই দোয়া করি। আমরা তাঁর আত্মার মাগফেরাত ও তাঁর পরিবারের প্রতি গভীল সমবেদনা জানাই।
