গত ২৫ ডিসেম্বর ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেন। ফেরার দিন তাকে গণসংবর্ধনা দিতে বিএনপি রাজধানীর অদূরে ৩০০ ফিটে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সমাবেশের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির নেতাকর্মীসহ সারাদেশ থেকে লাখ লাখ মানুষ আগে থেকেই রাজধানীমুখী হয়। এই গণসংবর্ধনা স্মরণকালের বৃহত্তম সমাবেশে পরিণত হয়। শুধু সমাবেশস্থল নয়, রাজধানীজুড়ে মানুষের ঢল নামে। এতে রাজধানীতে অচলাবস্থার সৃষ্টি হয়। রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলের সড়কগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। রাজধানীমুখী এবং রাজধানী থেকে বের হওয়া মানুষ অশেষ দুর্ভোগে পড়ে। যদিও গণসংবর্ধনার আগে থেকেই বিএনপির তরফ থেকে জনদুর্ভো সৃষ্টির বিষয়টি মাথায় রেখে মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছে। সংবর্ধনা শেষ হয়ে যাওয়ার পরও দলটি দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি সমাবেশস্থল এবং আশপাশের এলাকায় যে ময়লা-আবর্জনা জমেছিল, পরদিন বিএনপির নেতাকর্মীরা নিজ দায়িত্বে তা পরিস্কার করেছে।

১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে আবেগ ও আনন্দ-উচ্ছ্বাস কাজ করা স্বাভাবিক। নেতাকে কাছ থেকে দেখার সুযোগ তারা হাতছাড়া করতে চায়নি। তার ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে বা ইতিহাসের সাক্ষী হতে সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিল। লাখ লাখ মানুষ যখন ঢাকামুখী হয় এবং সমাবেশস্থলে হাজির হয়, তাতে পুরো রাজধানী অচল হয়ে পড়ার কথা। হয়েছেও তাই। এটা একটি ঐতিহাসিক দিন হওয়ায় হয়ত নগরবাসী এই দুর্ভোগ সয়ে গেছে। তবে ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগ সৃষ্টি করলে তারা যে, বিরক্ত ও বিক্ষুব্ধ হবে, তাতে সন্দেহ নেই। এমনিতেই গণঅভ্যুত্থানের পর কথায় কথায় ছাত্ররা বিভিন্ন দাবি আদায়ের নামে সড়ক অবরোধ, সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে জনদুর্ভোগ তৈরি করেছে।

বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ পেশাজীবীরা দাবি আদায়ের জন্য দিনের পর দিন জাতীয় প্রেসক্লাবের সামনে, শহীদ মিনার, শাহবাগসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ ও সমাবেশ করে নগরবাসীকে দুর্ভোগে ফেলেছে। এখনও তা করা হচ্ছে। দাবি আদায়ের জন্য জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি পালন কোনো সভ্য দেশে হতে পারে না। দাবি সরকারের কাছে, সাধারণ মানুষের কাছে নয়, তাহলে তাদের চলাচল আটকে দিয়ে তাদের দুর্ভোগ কেন তৈরি করা হবে? তাদের দাবির কারণে সাধারণ মানুষ কেন কষ্টে পড়বে? জনদুর্ভোগ সৃষ্টি করে এমন সমাবেশ ও অবরোধের অপসংস্কৃতি থেকে বের হয়ে বিকল্প কি পদক্ষেপ নেয়া যায়, সে চিন্তা আন্দোলনকারিদের করতে হবে।

আমরা দেখেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা শাহবাগ মোড়ে তথাকথিত গণজাগরণ মঞ্চ নামে সমাবেশ করে দিনের পর দিন কীভাবে পুরো এলাকা অবরোধ করে রেখেছিল। নগরবাসী কী সীমাহীন দুর্ভোগে পড়েছিল। দেখা যাচ্ছে, গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর দাবি আদায়ের নামে সেই শাহবাগ একইভাবে অবরোধ করে রাখা হচ্ছে। আমরা লক্ষ্য করছি, জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকারিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ গত শুক্রবার জুমার নামাজের পর থেকে শাহবাগ অবরোধ করে রেখেছে। ঘোষণা দিয়েছে, সরকার দ্রুত হাদির বিচার নিশ্চিত না করলে অনির্দিষ্টকালের জন্য শাহবাগে তারা অবস্থান করবে। এতে নগরবাসীকে কী অসহনীয় দুর্ভোগে পড়তে হবে, তা বোধকরি ব্যাখ্যা করে বলার অবকাশ নেই। হাদির হত্যাকারিদের দ্রুত বিচার হোক, তা দেশের সকল মানুষ চায়। এ নিয়ে কারো দ্বিমত নেই। তবে সড়ক অবরোধ করে দাবি আদায় করতে গিয়ে নগরবাসীর দুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য হতে পারে না। শাহবাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। রাজধানীর পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণে যোগাযোগ ব্যবস্থার অন্যতম স্থান। এর আশপাশে রয়েছে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ স্থান দিয়ে প্রতিদিন অসংখ্য রোগী, শিক্ষার্থী, অফিসগামী, ব্যবসায়ীরা যাতায়াত করে। অবরোধের কারণে তাদের দুর্ভোগ সীমাহীন হয়ে পড়েছে। আমরা মনে করি, দাবি আদায়ের নামে নগরবাসীকে জিম্মি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাজধানীতে যখনই রাজনৈতিক দলগুলো কর্মসূচি ঘোষণা করে, তখন নগরবাসীর মধ্যে একধরনের আতঙ্ক তৈরি হয়। বিরক্তি ও ক্ষোভের জন্ম হয়। তারা ভালো করেই জানে, কর্মসূচির কারণে রাজধানীর সড়কগুলো অচল হয়ে পড়বে। এতে তারা জরুরি কাজে যেতে পারবে না, রোগীকে যথাসময়ে হাসপাতালে নেয়া যাবে না। তাদের দৈনন্দিন জীবনের ছক বদলাতে হবে। বদলাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এই ধকল তাদের পক্ষে নেয়া কষ্টকর। যেকোনো ন্যায্য দাবি আদায়ে প্রতিবাদ-বিক্ষোভ হতে পারে। তবে তা জনদুর্ভোগ সৃষ্টি করে করলে, তার আবেদন ও সমর্থন সাধারণ মানুষের কাছে কমে যায়। রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে এ বিষয়গুলো মাথায় রেখে সমাবেশ ও কর্মসূচি দেয়া উচিৎ। জনদুর্ভোগ এড়িয়ে কীভাবে দাবি-দাওয়া আদায় করা যায়, সে চিন্তা তাদের করতে হবে। এ কথা মনে রাখা প্রয়োজন, রাজনৈতিক দল বা সংগঠনের দাবি তার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, অন্যের কাছে তা গুরুত্বপূর্ণ না-ও হতে পারে। ফলে দাবি আদায় করতে গিয়ে সড়ক অবরোধ করে তাদের জিম্মি করা তাদের অধিকারকে খর্ব করার শামিল। আমরা আশা করি, বিএনপিসহ রাজনৈতিক দলগুলো রাজধানীতে সভা-সমাবেশের কর্মসূচি দেয়ার ক্ষেত্রে নগরবাসীর দুর্ভোগের বিষয়টি মাথায় রাখবে। বিভিন্ন সংগঠনগুলোর দাবি আদায়ের কর্মসূচিও জনদুর্ভোগ সৃষ্টির বাইরে রাখতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে।