রাজধানীর কড়াইল বস্তিতে বারংবার অগ্নিকাণ্ড কেবল উদ্বেগজনকই নহে, হতাশাজনকও বটে। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যম পরিবেশিত সংবাদ অনুসারে, গত মঙ্গলবার অপরাহ্ণে ভয়াবহ অগ্নিকাণ্ডে এই বস্তির প্রায় দেড় সহস্র গৃহ ভস্মীভূত হইয়া যায়। ফায়ার সার্ভিসের প্রায় ২০ ইউনিটের প্রচেষ্টায় পাঁচ ঘণ্টার অধিক সময় পর সেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি উদ্বেগজনক। এই অগ্নিকাণ্ডে অনেকেরই সর্বস্ব পুড়িয়াছে। উন্মুক্ত প্রান্তরে রাত্রি যাপন করিয়াছেন অনেকে। সমকালের প্রতিবেদনে মিনা আক্তার নামে এক নারীর বাস্তবতা উঠিয়া আসিয়াছে, যিনি এক দশক পূর্বে স্বামীকে হারাইবার পর ছেলেকে লইয়া রাজধানীর কড়াইল বউবাজার বস্তিতে আশ্রয় গ্রহণ করেন। পরিচ্ছন্নতাকর্মীরূপে মাত্র আট সহস্র টাকা বেতনে চাকুরি করেন। তাহার বেতনের অধিকাংশই চলিয়া যায় বাড়ি ভাড়ায়।
তৎসহিত তিন সন্তানের লেখাপড়ার ব্যয়। ফলে মাস শেষে কানাকড়িও উদ্বৃত্ত থাকে না। এখন আগুনে গৃহের সকল আসবাব ভস্মীভূত হইবার কারণে স্বভাবতই তিনি চিন্তাগ্রস্ত। এদিকে ভুক্তভোগীদের ভাষ্য, আগুন যেন কড়াইলবাসীর নিত্যসঙ্গী। অদ্যাবধি বৃহৎ পরিসরে অগ্নিকাণ্ড ঘটিয়াছিল ২০০৪ ও ২০১৭ সালে। কখনও কখনও বৎসরে দুই-তিনবারও অগ্নিকাণ্ডের দেখা মেলে। কড়াইল বস্তিতে লক্ষাধিক মানুষের বাস। জরাজীর্ণ খুপরিঘরে থাকিতে হয় তাহাদের। তথায় মনুষ্যবাসোপযোগী ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ জরুরি। কিন্তু নীতিনির্ধারকগণ যে উহাদের হিসাবের বাহিরেই রাখিয়াছেন– অগ্নিকাণ্ডে তাহাদের নিরাপত্তা ব্যবস্থা না রাখাই উহার প্রমাণ। সুবিধাবঞ্চিত নাগরিকদের প্রতি রাষ্ট্রের এহেন অবহেলা আমাদের হতাশার অন্যতম কারণ। ইহাও উল্লেখ করা প্রয়োজন, অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক পরিবার নিঃস্ব হইবার অঘটনে গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করিয়া প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা করিবার নিশ্চয়তা দিয়াছেন বটে, ক্ষতিগ্রস্ত অনেকেই অভিযোগ করিয়াছেন, যথাসময়ে তাহাদের নিকট প্রয়োজনীয় সাহায্য পৌঁছায় নাই। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করিয়া ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ-সংক্রান্ত প্রধান উপদেষ্টার নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পূর্বেও কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন করা হইয়াছিল, যাহাদের প্রতিবেদনগুলি হয় আলোর মুখ দেখে নাই অথবা সুপারিশমালা আমলে লওয়া হয় নাই। এইবার উহার পুনরাবৃত্তি ঘটিবে না– এই নিশ্চয়তা কেহ দিতে পারে না।
আমরা জানি, প্রায় ৯০ একর ভূমি লইয়া দেশের এই বৃহত্তম বস্তি অবস্থিত। উপরন্তু ইহার অবস্থান ঢাকার অত্যন্ত অভিজাত এলাকা গুলশান-বনানীর পার্শ্বে। ফলে প্রভাবশালীদের লোলুপ দৃষ্টি বরাবরই উহার উপর। অতীতে এই রাজধানীতেই কোনো কোনো বস্তিতে রহস্যময় অগ্নিকাণ্ডের পর অসহায় মানুষকে উচ্ছেদ করা হইয়াছে। সেই সকল স্থানে আকাশচুম্বী ভবন, মার্কেট বা অন্য কিছু গড়িয়া তোলা হইয়াছে। সেই কারণেই কড়াইলের অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনারূপে মানিয়া লওয়া কঠিন। কড়াইল বস্তিসহ রাজধানীর বস্তিগুলিকে বিশেষত ক্ষমতাসীন দলের আশীর্বাদপুষ্ট দুর্বৃত্তদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা কাহারও অজানা নহে। ইতোপূর্বে সমকালে প্রকাশিত প্রতিবেদনেই আসিয়াছে, রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে টানা ১৬ বৎসর ‘রাজত্ব’ করিয়াছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। মার্কেট বসাইয়া চাঁদাবাজি, গৃহ দখল, ক্রয়-বিক্রয়ে কমিশন, অবৈধ গ্যাস সংযোগ, পানি ও বিদ্যুৎ খাতে কোটি কোটি টাকা আত্মসাৎ করিয়াছিলেন তাহারা। এখন উহারা নিষ্ক্রান্ত হইলেও তৎশূন্যস্থলে আসন পাতিয়াছেন বর্তমানে প্রভাবশালী রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ। ফলে চাঁদাবাজি, গ্যাস-বিদ্যুৎ-পানি বাণিজ্য হইতে মুক্তি মিলে নাই বস্তিবাসীর। পূর্বের নিয়মেই তাহাদের অতিরিক্ত অর্থ দিয়া এই সকল সুবিধা ক্রয় করিতে হয়। তদুপরি বারংবার এহেন অঘটন প্রমাণ করিতেছে তথাকার মানুষের জীবন কতটা নাজুক! তৎকারণেই কড়াইল বস্তি লইয়া দীর্ঘ মেয়াদে ভাবিতে হইবে এবং বস্তিবাসীর নিরাপদ ও মানসম্মত জীবন নিশ্চিত করিতে প্রশাসনকে সক্রিয় থাকিতে হইবে।
