গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পের ঝাঁকুনিতে রাজধানীসহ পুরো দেশ কেঁপে ওঠে। এর আগে বিভিন্ন সময়ে ভূমিকম্পে রাজধানী কেঁপে ওঠলেও তার তীব্রতা এবারের মতো হয়নি। সেগুলো ছিল মৃদু ধরনের কম্পন। আবহাওয়া অধিদফতরের বার্তা অনুযায়ী, এবারের ভূমিকম্প মাঝারি ধরনের, যা ৫.৭ মাত্রার। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেছেন, স্মরণকালের মধ্যে এটি দেশের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পের কারণে দেয়াল ধসে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদিতে, ঢাকায় ৪ জন এবং নারায়ণগঞ্জে ১ জন। আহত হয়েছেন ৬ শতাধিক। ভূমিকম্পে রাজধানীর বহুতল ভবনগুলোকে দুলতে দেখা যায়। ছুটির দিন হওয়ায় অনেকে সেসময় ঘুমে ছিলেন। তীব্র ঝাঁকুনি টের পেয়ে বাসা-বাড়ির লোকজন অনেকটা দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটাছুটি শুরু করে। কী করবে, বুঝে উঠতে পারছিল না। হুড়োহুড়ি করে বাসা বাড়ি থেকে নামতে গিয়ে অনেকে আহত হয়। সবচেয়ে বেশি অসুবিধায় পড়ে বয়স্করা। তারা যেমন দ্রুত ছুটতে পারে না, তেমনি তাদের নিয়ে সজনদের বের হতে বেগ পেতে হয়েছে। যারা বের হতে পেরেছেন, তারা বাসা ছেড়ে সড়কে নেমে আসে।

এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর অতি সন্নিকটে ৩০ কিলোমিটার উত্তর-পূর্ব কোণে নরসিংদীর মাধবদী উপজেলায়। এর আগের মাঝারি মানের ভূমিকম্পগুলোর বেশিরভাগের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সীমানার বাইরে আসাম কিংবা মিয়ানমারে। ফলে এবারের মতো এত তীব্র ঝাঁকুনি অনুভূত হয়নি। নরসিংদীর মাধবীতে রয়েছে জিওলজিক্যাল সেটআপ বা টেকটনিক গঠনের (ভূতাত্ত্বিক গঠন বা বিন্যাস) দুটি প্লেটের সংযোগস্থল এবং এখানের ১০ কিলোমিটার গভীর থেকে এবারের ভূমিকম্পের উতপত্তি হয়েছে। এই সংযোগস্থল সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ হাওর এলাকা হয়ে মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগরের আন্দামানে চলে গেছে। সংযোগস্থলের একটি বার্মা প্লেট, অন্যটি ইন্ডিয়ান প্লেট। এই দুই প্লেটের সংযোগস্থলকে বলা হয় সাবডাকশন জোন।

যখন একটি প্লেটের নিচে আরেকটি প্লেট তলিয়ে যায়, তখনই ভূমিকম্পের সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে, এবারের মতো এর আগে রাজধানীর এত কাছে ৪ মাত্রার বেশি ভূমিকম্প হয়নি। পরিসংখ্যান অনুযায়ী, ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত ঢাকার ১৫০ কিলোমিটারের মধ্যে ৫ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ১৪টি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে দুটি ছিল ৬ মাত্রার। এবারের ভূমিকম্পে অনেক ভবনে ফাটল ধরেছে, বেশ কিছু ভবন ও মাটি দেবে গেছে। গত তিন দশকে কোনো ভূমিকম্পে এত ক্ষয়ক্ষতি হয়নি। গত এক দশকে দেশে ২০টির মতো ভূমিকম্প হয়েছে। এগুলোর গড় মাত্রা ছিল ৪। তবে এসব ছোট ছোট ভূমিকম্প যে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা, তা বিশেষজ্ঞরা আগেই বলেছেন। এই আশঙ্কারই ফল এবারের মাঝারি ধরনের ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলেছেন, বড় ধরনের ভূমিকম্প ১৫০ বছর পরপর ফিরে আসার শঙ্কা থাকে।

এ শঙ্কা থেকে ধারণা করা হচ্ছে, ৭ মাত্রার ভূমিকম্প হওয়ার সময় হয়ে গেছে। আমরা সামনে বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছি। তারা বলছেন, ৭ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর প্রায় ষাট শতাংশ ভবন গুঁড়িয়ে যাবে এবং লাখ লাখ মানুষ হতাহতের শিকার হবে। ঢাকা নগরী সবচেয়ে জনবহুল এবং এর ৯৫ শতাংশ অবকাঠামো অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। বিশেষজ্ঞরা বলেছেন, রাজধানীর বিল্ডিং কোড যথাযথভাবে মানা হয় না। ভবন তৈরির সময় ভূতত্ত্ববিদদের মতামত নেয়া হয় না। প্রকৌশলীরা যেভাবে চান, সেভাবে ভবন নির্মিত হয়েছে এবং হচ্ছে। এখন যেভাবে নগরায়ণ হয়েছে, তা ৫০ থেকে ১০০ বছরেও পরিবর্তন করা যাবে না। তবে ভূমিকম্পের শঙ্কা থেকে জরুরিভিত্তিতে কিছু পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় সচেতন হতে হবে। ফায়ার সার্ভিস যাতে ঘটনাস্থলে দ্রুত গিয়ে উদ্ধার কার্যক্রম চালাতে পারে, এজন্য তার যাতায়াতের পথ প্রশস্ত করতে হবে। বিশেষ করে পুরান ঢাকার সড়ক ও অলিগলি এতটাই সংকীর্ণ যে, কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ির যাওয়ার যায়গা থাকে না। দূরে গাড়ি থামিয়ে উদ্ধার কার্যক্রমে যেতে হয়। এতে সময় যেমন বেশি লাগে, তেমনি ক্ষতির পরিমাণও বাড়তে থাকে। আমরা দেখেছি, আগুন লাগলে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারে না। এ ব্যাপারে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে।

যখন ভূমিকম্প বা অগ্নিকা- ঘটে তখন আমরা এর কারণ ও প্রতিকার নিয়ে সোচ্চার হয়ে উঠি। কিছুদিন এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়, কর্তৃপক্ষ নানা উদ্যোগের কথা বলে, তারপর ভুলে যায়। প্রতিকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় না। আরেকটি বিপদ না আসা পর্যন্ত উদাসীন হয়ে যায়। ঝড়-জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা বিজ্ঞান দিতে পারলেও এখন পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দিতে বিজ্ঞান সফল হয়নি। কখন ভূমিকম্প হতে পারে এর কোনো প্রযুক্তি বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। যেহেতু বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হওয়ার শঙ্কা খুবই প্রবল, তাই এখন থেকে তার প্রস্তুতি থাকা ও গ্রহণ করা জরুরি। দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে সময়ক্ষেপণ করার চেয়ে এখন স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণই বেশি দরকার। নগরবাসীকে ব্যক্তি, পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ভূমিকম্পকালীন ও পরবর্তীকালে কী করতে হবে, সে বিষয়ে অবহিত করতে হবে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। ভূমিকম্পের সময় ঘরে, অফিসে এবং সড়কে কোন জায়গা নিরাপদ ও আশ্রয় নিতে হবে, আতঙ্কিত না হয়ে কী করতে হবে, সেগুলো নগরবাসীর সামনে তুলে ধরতে হবে। এবারের ভূমিকম্পে কত ভবনে ফাটল ধরেছে বা ভবন হেলে পড়েছে, এ ব্যাপারে রাজউকের জরিপ করা প্রয়োজন। এসব ভবন কেন হলে পড়ল, নির্মাণে কোনো ত্রুটি ছিল কিনা, ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ এবং বিল্ডিং কোড মানার ব্যবস্থা নিতে হবে। রাজধানীতে খোলা মাঠ ও জায়গা তৈরি করতে হবে, যাতে ভূমিকম্পের সময় মানুষ সেখানে আশ্রয় নিতে পারে।