বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামান ২০১৭ সালে দলটির আইসিটি উইং প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও বগুড়া আজিজুল হক কলেজে শিক্ষকতা করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ওয়াহিদুজ্জামান সংবাদপত্রে বিশ্লেষণের পাশাপাশি পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সক্রিয়। সাক্ষাৎকার নিয়েছেন সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক মাহফুজুর রহমান মানিক ।
সমকাল: বাংলাদেশের ভার্চুয়াল স্পেস ক্রমবর্ধমানভাবে ভুল তথ্য বা মিসইনফরমেশন, অপপ্রচার বা ডিজইনফরমেশন, ঘৃণা ছড়ানো এবং বর্ণবাদী আধেয়র আগ্রাসনের শিকার হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে কী করবে?
একেএম ওয়াহিদুজ্জামান: দেখুন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এর কোনো একরৈখিক সমাধান নেই। তবে বিএনপি বারবার প্রমাণ করেছে, জনগণের মৌলিক অধিকার রক্ষায় তারা সর্বোচ্চ চেষ্টা করবে। এর মধ্যে রয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং বাকস্বাধীনতা। এবার ক্ষমতায় এলেও এই নীতি থেকে সরে আসার কোনো কারণ নেই।
সমকাল : মিসইনফরমেশন বা ডিজইনফরমেশনের প্রতিক্রিয়ায় বিগত সরকারগুলো প্রায়ই পুলিশিং ও আইনের মাধ্যমে কার্যত বাকস্বাধীনতা হরণ করতে বা দমাতে চেয়েছে। আপনারা কী করবেন?
ওয়াহিদুজ্জামান: আমরা দেখেছি, আগের সরকারগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মূলত নাগরিকের অধিকার নিয়ন্ত্রণ করেছে। এর মধ্যে বিভিন্ন ডিজিটাল নিরাপত্তা আইন ও অনুরূপ ব্যবস্থার অপব্যবহারও ছিল। অন্যদিকে, সাম্প্রতিক দিনগুলোতেও আমরা দেখেছি, কিছু তথাকথিত অনলাইন অ্যাক্টিভিস্ট উস্কানি দিয়েছে এবং দেশজুড়ে, বিশেষ করে সংবাদমাধ্যমের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে সহিংসতা, আগুন দেওয়া ও জনতাকে উত্তেজিত করার ঘটনা ঘটিয়েছে। বিএনপি এ ধরনের সহিংসতাকে কঠোরভাবে নিন্দা করে। আগেই বলেছি, বিএনপি নাগরিকের বাকস্বাধীনতা ও বাকঅধিকারে বিশ্বাস করে।
সমকাল : এই স্বাধীনতা ও অধিকার রক্ষার বিষয়টি কীভাবে সংজ্ঞায়িত করবেন?
ওয়াহিদুজ্জামান: কেউ নিজের বাকস্বাধীনতা ও বাকঅধিকার প্রয়োগ করবে, তা যেন আরেকজনের অধিকার লঙ্ঘন না করে। এই দুই দিকই আমাদের অত্যন্ত সতর্কভাবে বিবেচনা করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও অপব্যবহারের কারণে এ সমস্যা দিন দিন আরও বেড়ে যাচ্ছে। সত্য ও বাস্তব তথ্য এখন ভুল তথ্য এবং উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিমূলক তথ্যের সঙ্গে মিশে যাচ্ছে।
সমকাল: এই সংমিশ্রণ ঠেকাবেন কীভাবে?
ওয়াহিদুজ্জামান: সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ করে একটি অনলাইন স্ট্যান্ডার্ড নির্ধারণকারী কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনা আমাদের রয়েছে। তবে আগের সরকারের মতো কোনো পুলিশিং বা দমনমূলক ব্যবস্থার পুনরাবৃত্তি চাই না।
সমকাল: বিএনপি ক্ষমতায় গেলে কি আগের আইনগুলো বাতিল, সংশোধন বা প্রতিস্থাপন করবে? করলে সেগুলোর বদলে আপনারা কী ধরনের অধিকারভিত্তিক কাঠামো চালু করতে পারেন?
ওয়াহিদুজ্জামান : সাধারণভাবে কোনো আইন বা অ্যাক্ট নিজে যতটা ক্ষতিকর না হতে পারে, তার চেয়ে বেশি ক্ষতিকর হতে পারে যেভাবে সেটি ব্যাখ্যা ও বাস্তবায়ন করা হয়েছে। তা সত্ত্বেও বিএনপি যে কোনো বিদ্যমান আইন পর্যালোচনা করবে, যেগুলো মতপ্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার খর্ব করতে ব্যবহৃত হয়েছে বা অপব্যবহার করা হয়েছে।
সমকাল: এ ক্ষেত্রে অনলাইন স্ট্যান্ডার্ড নির্ধারণকারী কর্তৃপক্ষের গঠন ও চরিত্র কেমন হবে?
ওয়াহিদুজ্জামান: এই কর্তৃপক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংবাদমাধ্যম, সিভিল সোসাইটি এবং বাংলাদেশে কার্যরত সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর প্রতিনিধিত্ব থাকবে। আমরা বুঝি, এই কর্তৃপক্ষের কাজের মাত্রা এবং দায়িত্ব অত্যন্ত বড় হবে। তবুও জনগণের অধিকার, জীবন ও সম্পদ, সামগ্রিকভাবে দেশের অখণ্ডতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য এ কাজটি করা প্রয়োজন।
সমকাল : অনেক গণতান্ত্রিক দেশ নির্বাহী নিয়ন্ত্রণের পরিবর্তে স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং স্বাধীন তদারকির ওপর গুরুত্ব দেয়।
ওয়াহিদুজ্জামান: আমরা নিশ্চয়ই উন্নত বিশ্বের বিধি, পদ্ধতি, চর্চাগুলো খতিয়ে ও যাচাই-বাছাই করে দেখব। রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই ভুল তথ্য মোকাবিলা কীভাবে সম্ভব, সেটা দেখব।
সমকাল : সাংবাদিক, বিরোধী কণ্ঠস্বর বা সাধারণ সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা এর লক্ষ্যবস্তু হয়ে উঠবে কিনা? ওয়াহিদুজ্জামান: না, যারা তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ, গঠনমূলক আলোচনা বা সমালোচনা করেন, তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু আপনি দেখবেন, সাম্প্রতিক দিনগুলোতে কীভাবে প্রোপাগান্ডা নেটওয়ার্ক, ভাড়াটে বট বাহিনী এবং সমন্বিত ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর জবাব হলো সত্যভিত্তিক প্রচারণা পরিচালনা করা।
সমকাল: এখন যা চলছে, তার বিরুদ্ধে কি বিএনপি কোনো উদ্যোগ নিতে পারছে? অর্থাৎ, ক্ষমতায় না গিয়েও কি কোনো দল, সংগঠন বা প্রতিষ্ঠান অপতথ্য, ভুল তথ্য মোকাবিলায় সক্ষম হতে পারে?
ওয়াহিদুজ্জামান : এটা সব সময় বাস্তবসম্মত বা আর্থিকভাবে সম্ভব হয় না। তবুও আপনি দেখবেন, অপতথ্য মোকাবিলায় বিএনপি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা মিথ্যার বিপরীতে সত্য তুলে ধরার কাজ চালিয়ে যাব। এ ক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশে কার্যরত সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর সক্রিয় সহায়তাও জরুরি। সমকাল: আপনি জানেন, বর্ণবাদ, সাম্প্রদায়িক বিদ্বেষ এবং অনলাইন হয়রানি সাধারণ মানুষ, সংখ্যালঘু ও নারীদের ওপর অসমভাবে প্রভাব ফেলে। এ থেকে মুক্তির উপায় কী?
ওয়াহিদুজ্জামান: বিষয়গুলো বহুমাত্রিক ও বহুরৈখিক। সমস্যাগুলো শুধু জাতিগোষ্ঠী, ধর্ম, বা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তা সাধারণ জনগণকেও ব্যাপকভাবে প্রভাবিত করে। আমরা যদি উৎস পর্যায়েই আগেভাগে এবং সক্রিয়ভাবে এসব প্রচারণা থামাতে পারি, তাহলে অনেক ক্ষতি হওয়ার আগেই তা প্রতিরোধ করা সম্ভব। এ ধরনের অপপ্রচার দেশের ভেতর থেকে হচ্ছে, আবার দেশের বাইরের পক্ষ থেকেও সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। তাই অনলাইন স্ট্যান্ডার্ড নির্ধারণকারী কর্তৃপক্ষের দায়িত্ব হবে এসব ঝুঁকি শনাক্ত করে আগাম সতর্কতা, নীতিগত দিকনির্দেশনা এবং প্রতিরোধমূলক পদক্ষেপ বিষয়ে সক্রিয় ও কার্যকর সুপারিশ প্রদান করা।
সমকাল : দেশের অনলাইন ইকোসিস্টেমে ফেসবুক, ইউটিউবের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মগুলো মূল ভূমিকা পালন করে। বাংলাদেশের মতো দেশের সরকার এগুলোর সঙ্গে কীভাবে কার্যকর সম্পৃক্ততা বা মিথস্ক্রিয়া বাড়াতে পারে?
ওয়াহিদুজ্জামান: আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট মডারেশন স্বচ্ছতা, ডেটা সুরক্ষা এবং আপিল ব্যবস্থা নিশ্চিত করতে বিএনপি সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর সঙ্গে কাজ করবে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল, ইউটিউব, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্ম দেশের কোটি কোটি মানুষ ব্যবহার করে। আমরা দেখেছি, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় এসব প্ল্যাটফর্ম কীভাবে কাজে লেগেছিল এবং জনগণের কণ্ঠস্বরকে শক্তিশালী করেছিল।
সমকাল: দেশের লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটরও এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন।
ওয়াহিদুজ্জামান : সে কারণেই এগুলোর ইতিবাচক ব্যবহার বাড়াতে কাজ করতে হবে, যাতে কারও কর্মসংস্থান বা ইতিবাচক যোগাযোগ ক্ষতিগ্রস্ত না হয়। তবে আমরা এটাও দেখেছি, একই প্ল্যাটফর্মগুলো কীভাবে মিথ্যা প্রোপাগান্ডা, ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য অপব্যবহার করা হয়। তাই আমাদের প্রয়োজন এই কোম্পানিগুলোর সঙ্গে খুব ঘনিষ্ঠ সমন্বয়। লক্ষ্য হবে একটি স্বচ্ছ, নিরাপদ এবং সবার জন্য লাভজনক পরিবেশ তৈরি করা, যেখানে প্ল্যাটফর্ম ও কনটেন্ট ক্রিয়েটর উভয়েই উপকৃত হবে। একই সঙ্গে সব কিছুর ওপরে অগ্রাধিকার পাবে নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সামগ্রিক নিরাপত্তা।
সমকাল: ভুল তথ্য মোকাবিলার জন্য তৈরি করা আইনগুলোর যাতে সাংবাদিক, রাজনৈতিক প্রতিপক্ষ বা সমালোচকদের বিরুদ্ধে অপব্যবহার না হয়, সেজন্য কী রক্ষাকবচ থাকা উচিত?
ওয়াহিদুজ্জামান: পর্যালোচিত আইন বা অ্যাক্টগুলোর ক্ষেত্রে কখন, কীভাবে এবং কোন পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট ও লিখিত নির্দেশনা থাকতে হবে। রাজনৈতিক অস্থিরতা বা উত্তেজনার সময়ও যেন এই নির্দেশনা একইভাবে কার্যকর থাকে এবং ইচ্ছামতো ব্যাখ্যা বা প্রয়োগের সুযোগ না থাকে, সেটি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়, ধর্মীয় বিশ্বাস বা জাতিগত পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার সমভাবে সংরক্ষিত থাকতে হবে। এর মধ্যে সাংবাদিক, রাজনৈতিক প্রতিপক্ষ এবং এমন ব্যক্তি বা গোষ্ঠীও অন্তর্ভুক্ত থাকবে। সরকারের রাজনৈতিক অবস্থানের সঙ্গে একমত না হলে বা প্রকাশ্য সমালোচনা করলেও তাদের অধিকার সুরক্ষিত থাকতে হবে।
