গত ২২ ও ২৩ এপ্রিল মালদ্বীপের রাজধানী মালেতে সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রেজিওনাল কোঅপারেশন (সার্ক)-এর প্রথম ডেভেলপমেন্ট রিপোর্ট এসডিআর-২০২৫ চূড়ান্ত করার জন্য সদস্য দেশগুলোর সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপের ফিন্যান্স অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আলী রশিদ। সভায় বাংলাদেশ থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের জেনারেল ইকোনোমিকস ডিভিশনের সদস্য মনজুর হোসেইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। সভায় বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা সার্ককে পুনরুজ্জীবিত, দৃশ্যমান এবং কার্যকর করার ওপর জোর দেন। তারা বলেন, সার্ক এই অঞ্চলের ২০০ কোটি মানুষের স্বপ্ন এবং প্রত্যাশা। সার্কের অন্যান্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সার্ককে সক্রিয় ও কার্যকর করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংকট মোকাবেলা করে এতদঞ্চলের সকলের উন্নয়ন করার কথা বলেন। এই সভার মাধ্যমে বহুদিন পর সার্কের সংবাদ পাওয়া গেল। বাংলাদেশ সার্ককে শক্তিশালী ও কার্যকর করার জন্য সবসময়ই আগ্রহী। অনুষ্ঠিত সভায়ও প্রতিনিধিদলের বক্তব্যে তা প্রতিফলিত হয়েছে। বলা বাহুল্য, এক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় এবং অনুপ্রেরণা রয়েছে। তিনি এটা চাইবেনÑ কারণ, তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সার্কের স্বপ্নদ্রষ্ট্রা।

আশির দশকের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আশিয়ান জোটের আদলে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক দ্বন্দ্ব কমিয়ে মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর প্রস্তাব করেছিলেন। ১৯৮০ সালের ২ মে তিনি প্রথম আনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাষ্ট্রপ্রাধানদের কাজে সার্ক গঠনের প্রস্তাব তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে টানাপোড়েনের প্রেক্ষাপটে চীন ও পশ্চিমের সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্যই এই উদ্যোগ নিয়েছিলেন। জীবদ্দশায় সার্কের যাত্রা দেখে যেতে না পারলেও আঞ্চলিক সহযোগিতার জোট গঠনের ইতিহাসে তিনি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছেন।

সার্ক গঠনের পর ১৯৮৫ সালের ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশেই সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর সার্কভুক্ত দেশগুলোতে চক্রাকারে এ পর্যন্ত ১৮টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে ২০১৪ সালের পর থেকে এ সম্মেলন স্থগিত হয়ে আছে। ১৯তম সম্মেলন হওয়ার কথা পাকিস্তানের ইসলামাবাদে। মূলত ভারতের টালবাহানা এবং নানা অজুহাতের কারণেই সার্ক সম্মেলনটি আজো হতে পারেনি এবং তার কারণেই গতি লাভ করতে পারছে না। এতে খুব বেশি আগ্রহ দেখায় না। এর কারণ হচ্ছে, এই অঞ্চলে সে এককভাবে দাদাগিরি ফলাতে চায়। সকলকে নিয়ে এগিয়ে যেতে তার অনাগ্রহ পরিলক্ষিত হচ্ছে। সার্কের অন্য সদস্য দেশগুলো আন্তরিকতার সাথে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা, মানুষের জীবনমানের উন্নয়ন, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ চাইলেও ভারত তাতে বরাবরই অনীহা দেখাচ্ছে।

এক ধরনের আধিপত্যবাদী নীতি ও মনোভাবের কারণে তার সাথে প্রতিবেশী দেশগুলোর কারোই ভাল যাচ্ছে না। এতে এ অঞ্চলে সে অনেকটা একা হয়ে পড়েছে। অথচ ক্রমাগত পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে সার্ককে গতিশীল ও কার্যকর করলে এ অঞ্চল অর্থনীতি ও নিরাপত্তার দিক থেকে শক্তিশালী হবে। শক্তিশালী অর্থনৈতিক হাবে পরিণত হবে। উল্লেখ করা প্রয়োজন, ইউক্রেন যুদ্ধ, ইরানযুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কবলে রয়েছে। মূল্যস্ফীতি, উচ্চ পণ্যমূল্য, বেকারত্ব বৃদ্ধির কারণে উন্নত দেশগুলো অর্থনীতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর প্রভাবে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থেকে খারাপ হচ্ছে। ইরানযুদ্ধের কারণে জ্বালানি সংকট পরিস্থিতির আরও অবনতি ঘটাচ্ছে। বাংলাদেশ কী পরিস্থিতিতে রয়েছে, তা নতুন করে বলার কিছু নেই।

পতিত স্বৈরাচার উন্নয়নের নামে লুটপাট ও অর্থপাচার করে অর্থনীতিকে ধ্বংস করে গেছে। অন্তবর্তী সরকার সেই অর্থনীতিকে উদ্ধার করতে পারেনি। নির্বাচনের মাধমে বিএনপি সরকার ক্ষমতায় এসে উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর ও তলাবিহীন ঝুড়ির অর্থনীতি পেয়েছে। এর মধ্যে ইরানযুদ্ধে জ্বালানি সংকটের অভিঘাত অর্থনীতিকে প্রায় স্থবির করে দিয়েছে। অর্থনীতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে গতকাল ইংরেজি দৈনিক নিউ এজের এক প্রতিবেদনে গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস-২০২৬ এর বরাত দিয়ে বলা হয়েছে, তীব্র ক্ষুধা ও পুষ্টিহীনতার মধ্যে থাকা দশটি দেশের মানুষের মধ্যে বাংলাদেশের মানুষও রয়েছে। পাকিস্তানও এ তালিকায় রয়েছে। সার্কভুক্ত অন্যদেশগুলোতে কমবেশি এই প্রবণতা রয়েছে। সার্ক কার্যকর ও গতিশীল থাকলে এর প্রত্যেক সদস্য রাষ্ট্র পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ সমস্যা থেকে মুক্ত থাকতে পারত। পর্যবেক্ষকদের মতে, দেশের ক্ষুধা, দারিদ্র্য, অর্থনৈতিক সংকট ইত্যাদি মোকাবেলা করার সক্ষমতা দেখিয়েই সরকারকে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার সেই সক্ষমতা দেখাতে পারবে বলে দেশের মানুষ প্রত্যাশা করে।

সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান ও রাজনৈতিক উত্তরাধীকারী তারেক রহমান সঙ্গতকারণেই পিতার পদাঙ্ক অনুসরণ করে সার্ককে পুনরুজ্জীবিত করতে চাইছেন। আঞ্চলিক জোটকে শক্তিশালী করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে তার সদিচ্ছা খুবই স্বাভাবিক। এক্ষেত্রে শক্তিশালী কূটনৈতিক তৎপরতা অপরিহার্য। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও জিয়াউর রহমান ভারতকে অন্তর্ভুক্ত করেই কূটনৈতিক দক্ষতার মাধ্যমে সার্ক গঠনের উদ্যোগ নিয়েছিলেন। চীন ও পশ্চিমমুখী হওয়ার ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা আশা করি, প্রধানমন্ত্রী তারেক রহমানও একই ডিপ্লোমেসির মাধ্যমে সার্ককে গতিশীল করতে ভূমিকা রাখবেন। তবে এক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান অনেক ক্ষেত্রে অপরিপক্কতার পরিচয় দিয়ে যাচ্ছেন। গত ৭-৮ এপ্রিল তিনি ভারত সফর করেছেন। সেখানে তিনি সার্ককে কার্যকর করার ব্যাপারে কোনো কথা বলেননি। তুরস্ক সফরে গিয়ে প্রসঙ্গটি তুলেছেন মাত্র। যেখানে যে কথা বলার দরকার ছিল, সেখানে না বলে অন্য জায়গায় বলেছেন। এটা কূটনীতির ক্ষেত্রে বড় ধরনের লুপহোল হিসেবে গণ্য।