দেশে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। কিশোর গ্যাং ও মাদকাসক্তির মতো সামাজিক সমস্যা এক সময় শহরকেন্দ্রিক সমস্যা হিসেবে বিবেচিত হলেও এখন তা গ্রামাঞ্চল পর্যন্ত সারাদেশে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্র ও সমাজের জন্য এটি অতি উদ্বেগজনক বিষয়। এ ধরনের সামাজিক সমস্যা হঠাৎ করেই দেখা দেয়নি। দশকের পর দশক ধরে দেশে আইনের শাসনের অনুপস্থিতি, ফ্যাসিবাদী দুঃশাসন ও বিচারহীনতার সংস্কৃতির হাত ধরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, রাজনীতিবিদ, আইনপ্রণেতা ও আইনশৃঙ্খলা বাহিনী যখন আইনভঙ্গ করে বেপরোয়া দুর্নীতি ও অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ে তখন নাগরিক নিরাপত্তা চরমভাবে লঙ্ঘিত হয়। সর্বব্যাপী দুর্নীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের হাত ধরে দেশে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গতকাল পত্রিকান্তরে প্রকাশিত রিপোর্টে সারাদেশে ৩৮৬ কিশোর গ্যাংয়ের ৪ হাজার সদস্যকে চিহ্নিত করা হয়েছে বলে জানা যায়। পত্রিকার প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে কিশোর গ্যাংয়ের সংখ্যা যা-ই উল্লেখ করা হোক না কেন, এর প্রকৃত সংখ্যা ও অনুরূপ সামাজিক সংকটের মাত্রা আরো অনেক বেশি বলেই প্রতীয়মান হয়। কিশোর গ্যাং ও মাদকের হটস্পটগুলোর বেশিরভাগই যথাযথভাবে চিহ্নিত হলেও এর প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। মূলত আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগেই দেশে মদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা ক্রমে ভয়াবহরূপে বিস্তার লাভ করছে। অধিকাংশ মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দৃষ্টান্ত না থাকায় তা এখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।
জুলাই অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর একশ্রেণির সদস্য কর্মস্থল ত্যাগ করে কার্যত আত্মগোপনে চলে যায়। বাহিনীর চেইন অব কমান্ড ভেঙে পড়ে। এ সুযোগে মাদক চোরাচালান এবং মাদকের কেনাবেচা বেড়ে যায়। দেশের বিভিন্ন স্থানে মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে এক ধরনের মব কালচারে লিপ্ত হয়ে পড়ে। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল ও অকার্যকর করে তোলার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে নানা দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন পেশার মানুষ রাজপথে নেমে আসে। রাজনৈতিক-অরাজনৈতিক শত শত সংগঠনের আন্দোলন ও উসকানিমূলক কর্মকা- সামাল দিতে সরকারকে যথেষ্ট চাপে পড়তে হয়েছে। এ পরিস্থিতির সুযোগ নিয়েছে পেশাদার অপরাধী, মাদক কারবারি এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা।
এত কিছু সামাল দিয়ে অবাধ, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলেও জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতার কারণে বিগত আওয়ামী লীগ আমলেও প্রতি বছর হাজার হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের খবর প্রকাশিত হয়েছে। কিন্তু সেসব ব্যবস্থার বেশিরভাগই ছিল গুরুপাপে লঘুদ-। সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধের জন্য শুধু তিরস্কার, বদলি কিংবা সাময়িকভাবে সুযোগ-সুবিধা বাতিলের মধ্যে সীমাবদ্ধ থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধপ্রবণ সদস্যরা আরো বেপরোয়া হয়ে পেশাদার অপরাধীদের সাথে যোগসাজশ ও সহযোগীর ভূমিকা নিতে ভয় পায় না। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় মানুষের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা প্রবল হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। অন্যদিকে পলাতক ফ্যাসিস্টের দোসররা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক-রাজনৈতিক অপরাধ প্রবণতা মূলত বিচারহীনতার সংস্কৃতি থেকেই উৎসারিত। মাঝে মধ্যেই এসব চক্রের বিরুদ্ধে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে হুঙ্কার ছাড়া হলেও কাজের কাজ তেমন কিছুই হচ্ছে না। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানগুলো কার্যত লোক দেখানো। তারা হেরোইন, ফেন্সিডিল, ইয়াবাসহ প্রচলিত-অপ্রচলিত মাদকের চোরাচালান, রাঘব-বোয়াল চোরা কারবারিদের ধরার বদলে শহরের লাইসেন্সধারী বারগুলোতে হানা দিয়ে খবরের শিরোনাম সৃষ্টি করতেই যেন বেশি আগ্রহী। কিশোর-তরুণদের নৈতিক অবক্ষয় এবং বিপথগামিতা বিগত সময়ের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, শিক্ষা কারিক্যুলাম থেকে ইসলামি শিক্ষা ও মূল্যবোধ বিসর্জনের মধ্য দিয়েই প্রকট আকার ধারণ করেছে।
সেই সাথে যুক্ত হয়েছে, মাদকের সহজলভ্যতা এবং অনলাইন জুয়া, পর্ণগ্রাফিসহ স্মার্টফোনের নানাবিধ আসক্তি। যে দেশের কিশোর-তরুণ ও যুব সমাজ জীবন বাজি রেখে প্রবল ফ্যাসিবাদী স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে, সে দেশের যুব সমাজের একটি অংশ ক্রমবর্ধমান হারে মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় ও অপরাধপ্রবণ হয়ে ওঠার পেছনের সামাজিক-রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণসমূহ চিহ্নিত করে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি শিশু-কিশোরদের আসক্তি ও বিপথে ঠেলে দেয় এমন সব সাইট ও অ্যাপসমূহের অ্যাকসেস বন্ধ করে দিতে হবে। অনেক উন্নত দেশেও শিশু-কিশোরদের জন্য স্মার্টফোন সহজলভ্য নয়। কিশোর-তরুণরা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হওয়ার আগেই তাদের ওপর নজরদারি ও সংশোধনের উদ্যোগ থাকতে হবে। এ ক্ষেত্রে পিতা-মাতাদের দায় এড়ানোর সুযোগ নেই। দেশের যুব সমাজ দেশের মূল শক্তি ও সম্পদ। তাদের অবক্ষয়, হতাশা, অপরাধ ও মাদকাসক্তির দিকে ঠেলে দিয়ে দেশের কোনো উন্নয়ন পরিকল্পনা সফল হতে পারে না। সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার কিশোর পুত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) কিশোর গ্যাংয়ের দ্বারা নির্মম হত্যাকা-ের শিকার হয়েছে। ডক্টরেট ডিগ্রধারী বাংলা বিভাগের অধ্যাপিকার কিশোর পুত্রের হাতে থাকা দামি মোবাইল ফোনই তাকে অপরাধীচক্রের টার্গেটে পরিণত করেছিল। সন্তানের ভবিষ্যৎ নিয়ে সমাজের পিতা-মাতা ও অভিভাবকদের নতুন করে ভাবতে হবে। সেই সাথে আমাদের সরকারকেও এ বিষয়ে একটি কার্যকর সিদ্ধান্তে আসতে হবে। শিক্ষা গবেষক, মনোবিজ্ঞানী, সামাজিক-রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব, শিক্ষাকারিক্যুলাম প্রণেতা, অপরাধ বিশেষজ্ঞ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের সম্পৃক্ত করে সামাজিক অবক্ষয় ও কিশোর অপরাধ প্রতিরোধে টেকসই উদ্যোগ নিতে হবে।
