এবারের বিশ্ব টয়লেট দিবসের স্লোগান ‘নিরাপদ টয়লেট, সমতার আগামী’।বাংলাদেশে নিরাপদ টয়লেট সুবিধার অভাব একজন মানুষের, বিশেষ করে নারীদেরকাজ কিংবা চলাফেরার সুযোগ কীভাবে সীমিত করে?
বাসা থেকে বের হওয়ার আগে একজন নারীকে যদি ভাবতে হয়, ‘দরকার হলে কোথায় টয়লেট ব্যবহার করতে পারব?’, তাহলে সেই চিন্তা তার পুরো দিনের পরিকল্পনাকে প্রভাবিত করে। তিনি কতক্ষণ বাইরে থাকবেন, কত দূরে কাজে যাবেন, এমনকি পথে কতটা পানি পান করবেন, সেসব সিদ্ধান্তেও এর প্রভাব পড়ে।
ওয়াটারএইডের একটি জরিপে ঢাকার ৮৬৫ জন নারী অংশ নিয়েছিলেন। তাদের ৬৯ শতাংশ জানিয়েছেন, বাইরে থাকলে তারা কম পানি পান করেন। আরো ১৫ শতাংশ জানিয়েছেন, বাইরে থাকাকালে তারা একেবারেই পানি পান করেন না।
জরিপে উঠে এসেছে, নিরাপদ, পরিচ্ছন্ন ও ব্যক্তিগত গোপনীয়তা আছে এমন টয়লেটের অভাব এর অন্যতম কারণ। একজন নারী যেন স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, কর্মস্থলে পুরো সময় কাজ করতে পারেন এবং মাসিকের দিনেও তার স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারেন, সেসব সুযোগ নিশ্চিত করার জন্য নিরাপদ টয়লেটের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
দেশে প্রতি ১০০ জনে মাত্র ৩৭ জন নিরাপদ স্যানিটেশন সেবা ব্যবহার করেন। কারা সবচেয়ে পিছিয়ে আছেন, আর তাদের কাছে সেবা পৌঁছাতে মূল বাধা কী?
খোলা জায়গায় মলত্যাগ কমিয়ে আনা বাংলাদেশের জন্য বড় অর্জন। সরকারের নেতৃত্ব, স্থানীয় প্রতিষ্ঠানের উদ্যোগ এবং মানুষের অভ্যাসে পরিবর্তনের মাধ্যমে এই অর্জন সম্ভব করেছে। এখন সেই অর্জনের ওপর দাঁড়িয়ে পুরো স্যানিটেশন ব্যবস্থাকে নিরাপদ করতে হবে। অর্থাৎ টয়লেটের বর্জ্য যেখানে জমা হয়, সেখানে বা পরিশোধোনাগারে নিয়ে তা নিরাপদে ব্যবস্থাপনা করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের ২০২৪ সালের হিসাবে, বাংলাদেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ এমন ব্যবস্থাপনার আওতায় আছেন।
আমাদের কাজের অভিজ্ঞতা বলে,দুর্গম চর ও উপকূল, ঘনবসতিপূর্ণ নিম্ন আয়ের এলাকার বাসিন্দা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাধা সবচেয়ে বেশি। কোথাও বন্যায় টয়লেট বারবার ক্ষতিগ্রস্ত হয়, কোথাও কয়েকটি পরিবার মিলে একটি টয়লেট ব্যবহার করে, আবার কোথাও টয়লেট থাকলেও তা ব্যবহারের উপযোগী নয়। সবচেয়ে বড় বাধা হলো, যেসব এলাকায় সেবা পৌঁছানো ও সচল রাখার খরচ বেশি, সেখানকার অনেক পরিবারেরই সেই খরচ বহনের সামর্থ্য থাকেনা। তাই কারা সেবার বাইরে আছেন, তা স্থানীয় তথ্য দিয়ে চিহ্নিত করে তাদের জন্য বরাদ্দ, উপযুক্ত ডিজাইনএবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা একসঙ্গে করতে হবে।
দেশের শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্কুলগুলোয় টয়লেটের অবস্থা প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়। এগুলোর মানোন্নয়নে কী কী সুবিধা নিশ্চিত করা জরুরি?
একটি স্কুলে টয়লেটের মান বোঝার সহজ উপায় হলো শিক্ষার্থীদের জিজ্ঞেস করা, প্রয়োজনের সময় তারা সেটি ব্যবহার করতে পারে কি না। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা টয়লেট, ভেতর থেকে বন্ধ করা যায় এমন দরজা, নিয়মিত পানির ব্যবস্থা এবং সাবান দিয়ে হাত ধোয়ার সুবিধা থাকতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে টয়লেটে পৌঁছাতে ও ব্যবহার করতে পারে, সেটিও নকশায় নিশ্চিত করা দরকার।
মাসিকের সময় ছাত্রীদের জন্য ব্যক্তিগত গোপনীয়তা, প্রয়োজনে স্যানিটারি প্যাড পাওয়ার ব্যবস্থা এবং ব্যবহৃত উপকরণ নিরাপদে ফেলার সুবিধা থাকা জরুরি। এসব সুবিধা সচল রাখতে স্কুল পরিচালনা কমিটির নিয়মিত বরাদ্দ, পরিচ্ছন্নতার সুনির্দিষ্ট দায়িত্ব এবং শিক্ষার্থীদের মতামত জানানোর ব্যবস্থা থাকা উচিত। আমাদের স্কুলভিত্তিক কাজের অভিজ্ঞতায়, অবকাঠামোর সঙ্গে শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটিকে যুক্ত করলে দৈনন্দিন সমস্যাগুলো চিহ্নিত ও সমাধান করা সহজ হয়।
প্রয়োজনে কোনো নারী যেন নিশ্চিন্তে গণশৌচাগার ব্যবহার করতে পারেন, সে জন্য সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর প্রথম পদক্ষেপ কী হওয়া উচিত?
প্রথম পদক্ষেপ হতে পারে বিদ্যমান গণশৌচাগারগুলোর অবস্থা যাচাই করা। এছাড়াও সিটি করপোরেশন বা পৌরসভাগুলো প্রয়োজন অনুযায়ী গণশৌচাগার তৈরি ও চালু টয়লেটগুলো নারী, শিশু ও প্রতিবন্ধী বান্ধব করার জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা দরকার।
এছাড়াযাচাইয়ের ভিত্তিতে স্থানীয় কর্তৃপক্ষ ঠিক করতে পারে কোথায় নতুন টয়লেট প্রয়োজন এবং কোথায় আলো, পানির ব্যবস্থা, দরজার ছিটকিনি, প্রবেশপথ বা নিয়মিত পরিচ্ছন্নতার মতো বিষয়ে আগে কাজ করতে হবে। খোলার সময়, ব্যবহারের ফি এবং সমস্যা জানানোর নম্বর প্রবেশপথে স্পষ্টভাবে দেয়া যায়। একজন ব্যবহারকারী যেন বের হওয়ার আগেই জানতে পারেন টয়লেটটি কোথায়, কখন খোলা এবং সেখানে কী সুবিধা পাবেন।
ঢাকায় গণশৌচাগার নিয়ে ওয়াটারএইডের দৃষ্টান্তমূলক কাজ রয়েছে। কোন উদ্যোগটি ব্যবহারকারীদের জন্য ফলপ্রসূ হয়েছে? ঢাকার আরো এলাকায় এবং অন্য জনবহুল শহরে সেই উদ্যোগ প্রসারে স্থানীয় কর্তৃপক্ষ কী করতে পারে?
আমাদের অভিজ্ঞতায়, প্রশিক্ষিত কর্মী দিয়ে নিয়মিত গণশৌচাগার পরিচালনা এবং ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী সুবিধা দেয়ার উদ্যোগটি ফলপ্রসূ হয়েছে। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আমাদের নগর কর্মসূচির আওতায় ঢাকাসহ কয়েকটি শহরের ৩০টি গণশৌচাগার এক কোটি ৬০ লাখের বেশি বার ব্যবহৃত হয়েছে। এই ব্যবহারের হিসাব দেখায়, চলার পথে এমন সেবার কতটা চাহিদা আছে।
মহাখালী বাস টার্মিনালেদেশের প্রথম বিশেষায়িত নারী টয়লেট‘অনন্যা’ সেই অভিজ্ঞতার ওপর গড়ে ওঠা একটি উদাহরণ। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সুইডেন দূতাবাসের সহযোগিতায় গড়ে ওঠা গণশৌচাগারটি পরিচালনা করছে ভূমিজ। সেখানে প্রশিক্ষিত নারী কর্মী, প্রতিবন্ধী নারীদের ব্যবহারোপযোগী টয়লেট, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সুবিধা এবং শিশুর যত্নের জন্য আলাদা জায়গা রয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় কর্তৃপক্ষ ব্যস্ত স্থানগুলো চিহ্নিত করতে পারে, বিদ্যমান টয়লেটের মান উন্নয়ন করতে পারে এবং পরিচালনার চুক্তিতেই পরিচ্ছন্নতা, সাশ্রয়ী ফি ও সেবা সচল রাখার শর্ত ঠিক করে দিতে পারে। ব্যবহারকারীদের মতামত নিয়মিত নিলে বোঝা যাবে কোথায় আরো পরিবর্তন দরকার।
শহরের ঘনবসতিপূর্ণ নিম্ন আয়ের এলাকায় অনেকগুলো পরিবার একই টয়লেট ব্যবহার করে। এসব টয়লেট নিয়মিত পরিষ্কার ও সচল রাখার খরচ কীভাবে মেটানো যায়, যাতে ব্যবহারকারীদের ওপর বাড়তি আর্থিক চাপ না পড়ে?
শুরুতেই টয়লেট চালু রাখার প্রকৃত খরচ হিসাব করতে হবে। পানির বিল, পরিচ্ছন্নতাকর্মীর পারিশ্রমিক, ছোটখাটো মেরামত এবং প্রয়োজনমতো পয়ঃবর্জ্য অপসারণের খরচ সেখানে ধরতে হবে। এরপর বাসিন্দা ও স্থানীয় কর্তৃপক্ষ মিলে ঠিক করতে পারে, পরিবারগুলো সামর্থ্য অনুযায়ী কতটা দেবে এবং কোন ব্যয় স্থানীয় বাজেট থেকে মেটানো হবে। সবচেয়ে কম আয়ের পরিবারের জন্য ফি ছাড় বা সহায়তার ব্যবস্থা রাখা যায়। ব্যক্তিমালিকানাধীন জমিতে বাড়ি বা জমির মালিককেও এই আলোচনায় যুক্ত করা প্রয়োজন।
আয়–ব্যয়ের হিসাব দেখতে, পরিচ্ছন্নতার সময়সূচি ঠিক করতে এবং মেরামতের প্রয়োজন জানাতে একটি কমিটি থাকতে পারে। কমিটিতে নারী ব্যবহারকারী ও ভাড়াটিয়াদের মতামত শোনা জরুরি, কারণ তারাই প্রতিদিনের সমস্যাগুলো সবচেয়ে কাছ থেকে দেখেন। মূল লক্ষ্য হলো, টয়লেট সচল রাখা এবং পরিবারের সামর্থ্যের মধ্যে সেবা নিশ্চিত করা।
বন্যা বা জলোচ্ছ্বাসে টয়লেট ডুবে গেলে কিংবা পয়ঃবর্জ্য পানিতে ছড়িয়ে পড়লে পুরো এলাকার জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। জলবায়ু সঙ্কটাপন্ন এলাকায় এমন পরিস্থিতি ঠেকাতে কোন ব্যবস্থা বাস্তবে কাজ করেছে?
সাতক্ষীরার কালীগঞ্জে রূপান্তরের সঙ্গে আমাদের কাজের একটি উদাহরণ আছে। সেখানে জোয়ারের পানিতে জলাবদ্ধতা হয়। স্থানীয় মুন্ডা জনগোষ্ঠীর জন্য নির্মিত কমিউনিটি টয়লেটের সেপটিক ট্যাংকে এমন ভালভ রাখা হয়েছে, যা দুর্যোগের সময় বন্ধ করে বাইরের পানি প্রবেশ ঠেকানো যায়। ট্যাংকে কয়েকদিনের বর্জ্য ধরে রাখার জন্য বাড়তি জায়গাও রাখা হয়েছে। এতে জলাবদ্ধতার সময় টয়লেট ব্যবহার চালু রাখা এবং বর্জ্য উপচে পড়ার ঝুঁকি কমানোর ব্যবস্থা হয়েছে।
এ ধরনের নকশা বেছে নিতে এলাকার প্লাবনের উচ্চতা, পানি কত দিন আটকে থাকে এবং ভূগর্ভস্থ পানির স্তর বিবেচনায় নিতে হয়। কোথাও টয়লেটের মেঝে উঁচু করা জরুরি, কোথাও বর্জ্য ধারণ ও নিরাপদে অপসারণের ব্যবস্থায় বেশি গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ের দুর্যোগ প্রস্তুতি ও অবকাঠামো বরাদ্দে এসব প্রয়োজন যুক্ত করার সুযোগ রয়েছে।
সেপটিক ট্যাংক বা টয়লেটের পিট খালি করার পর পয়ঃবর্জ্য কোথায় যাচ্ছে? এই বর্জ্য নিরাপদে সংগ্রহ, পরিবহন ও শোধনের ব্যবস্থায় বাংলাদেশ কতটা এগিয়েছে? সবচেয়ে বড় ঘাটতি কোথায় দেখছেন?
এলাকাভেদে চিত্র ভিন্ন। সৈয়দপুরপৌরসভায় যন্ত্র দিয়ে সেপটিক ট্যাংক থেকে বর্জ্য সংগ্রহ করে শোধনাগারে নেয়া হয়। জাতীয় পর্যায়ে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক কাঠামো ও কর্মপরিকল্পনা স্থানীয় কর্তৃপক্ষকে এ ধরনের সেবা গড়ে তোলার ভিত্তি দিয়েছে।
তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট সাপোর্ট সেল, মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ওয়াটারএইডের যৌথ সমীক্ষায় নির্বাচিত ৫০টি পৌরসভায় গড়ে ৮১ শতাংশ পয়ঃবর্জ্য অনিরাপদভাবে ব্যবস্থাপিত হওয়ার চিত্র পাওয়া গেছে। আমার বিবেচনায়, সবচেয়ে বড় ঘাটতি হলো সংগ্রহ, পরিবহন ও শোধনকে একটি নিয়মিত সেবা হিসেবে যুক্ত করা। পরিবার যেন সহজে ও সাশ্রয়ী খরচে ট্যাংক খালি করার সেবা পায়, সংগ্রহ করা বর্জ্য যেন নির্ধারিত শোধনাগারে পৌঁছায় এবং পৌরসভা যেন সেই হিসাব রাখতে পারে। এই তিনটি কাজ একসঙ্গে এগোলে কোথায় ঘাটতি আছে, তাও স্থানীয় কর্তৃপক্ষের জন্য চিহ্নিত করা সহজ হবে।
স্যানিটেশন কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়োগকারী প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে কোন পদক্ষেপটি এখনই দাবি করা উচিত?
আমার মতে, প্রথম পদক্ষেপ হলো প্রতিটি কাজের আদেশ ও ঠিকাদারি চুক্তিতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার মানদণ্ড বাধ্যতামূলক করা এবং মাঠে তা মানা হচ্ছে কি না, নিয়মিত তদারক করা। কর্মী সরাসরি নিয়োগ পান বা ঠিকাদারের মাধ্যমে কাজ করেন, সবার জন্যই কাজের ঝুঁকি অনুযায়ী প্রশিক্ষণ, উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং দুর্ঘটনায় দ্রুত সহায়তার ব্যবস্থা থাকতে হবে।
একই সঙ্গে স্যানিটেশন সেবার আধুনিকায়ন জরুরি। সেপটিক ট্যাংক ও পিট খালি করতে যন্ত্রের ব্যবহার বাড়ালে কর্মীদের ঝুঁকিপূর্ণ পরিবেশে নামার প্রয়োজন কমবে। ঘনবসতিপূর্ণ এলাকার সরু গলিতেও ব্যবহার করা যায়, এমন যন্ত্র বেছে নিতে হবে। স্থানীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বর্জ্য সংগ্রহ থেকে নির্ধারিত শোধনাগারে পৌঁছানো পর্যন্ত পুরো ব্যবস্থাটি নিয়মিত সেবা হিসেবে গড়ে তোলা দরকার। এতে কর্মীদের কাজ নিরাপদ হবে এবং নাগরিকেরা প্রয়োজনের সময় নির্ভরযোগ্য সেবা পাবেন।
