দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। তবে এই স্থিতিশীলতা যে ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, সেই অর্থনীতির ভিত্তি বলতে কিছু নেই। অর্থনৈতিক পরিস্থিতি শোচনীয় বললেও কম বলা হবে। বলা যায়, শূন্যে ভাসছে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকার উত্তরাধিকারসূত্রে একটি দুর্বল অর্থনৈতিক কাঠামো পেয়েছে। এতে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক খাতে চাপ, বিনিয়োগের ধীরগতি, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সুশাসনের ঘাটতি রয়েছে। অর্থমন্ত্রী দেশের সামগ্রিক অর্থনীতির দুর্বলতার প্রধানতম কারণগুলো উল্লেখ করেছেন। জাতিকে তা জানিয়ে পুনরুদ্ধারের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন। অস্বীকার করার উপায় নেই, গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার দেড় দশকের শাসনের অবসানের পর মূল সংকট হিসেবে সামনে আসে দেশের অর্থনৈতিক দুর্দশার চিত্র।

এন্তার দুর্নীতি, লুটপাট, অর্থপাচারের মাধ্যমে হাসিনা ও তার দোসররা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছে। হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার করে ১৫-১৬ বছরে প্রায় ২৩০ বিলিয়ন ডলার বা ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। গত ১ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত অর্থপাচারের যে তথ্য দিয়েছেন জানিয়েছেন, তা হচ্ছে, ২৩৪ বিলিয়ন ডলার। এ চিত্র থেকে বুঝতে অসুবিধা হয় না, হাসিনার শাসনামলে দেশকে অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়া করে দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা বললেও তা করে যেতে পারেনি। উল্টো খারাপ থেকে খারাপ অবস্থায় রেখে গেছে। নির্বাচিত সরকার খারাপতম অর্থনৈতিক পরিস্থিতি নিয়েই যাত্রা শুরু করেছে। এর মধ্যে ইরানযুদ্ধ ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে। অনুমান করতে কষ্ট হয় না, সরকার এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। তাকে ঋণ করে চলতে হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে সরকারকে নানা অর্থনৈতিক পদক্ষেপ, পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করা ছাড়া বিকল্প নেই।

যেকোনো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার উপর সে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। আমাদের দেশের কথা বিবেচনা করলে দেখা যায়, ’৭৫ সালে যে পট পরিবর্তন হয়েছিল, তার অন্যতম কারণ ছিল ’৭৪ সালের দুর্ভিক্ষ। দুর্ভিক্ষে কয়েক লাখ মানুষ মারা যায়। সরকার তা সামাল দিতে না পারায় এর ক্ষোভ গিয়ে পড়ে সরকারের উপর। ’২৪-এ যে গণঅভ্যুত্থান হয়েছে, তার পেছনেও দেড় দশকের অর্থনৈতিক সংকট, বঞ্চনা এবং বৈষম্যের কারণ বিবেচিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের মধ্যে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার যে অভিপ্রায় পরিলক্ষিত হয়েছিল, তা ভেস্তে যাওয়ার পেছনেও অর্থনৈতিক শোচনীয় পরিস্থিতি কাজ করেছে। সাম্প্রতিক সময়ে উপমহাদেশে শ্রীলঙ্কা, নেপালে গণঅভ্যুত্থানে যে সরকার পরিবর্তন হয়েছে, তার পেছনেও দেশগুলোর অর্থনৈতিক সংকটের ভূমিকা রয়েছে।

ইরানযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাপের মুখে পড়েছে। আগামী নভেম্বরে দেশটিতে যে মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে, তাতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারের ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে রাজনৈতিক আন্দোলনের চেয়ে অর্থনৈতিক সংকট সবসময়ই বড় কারণ হয়ে থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সামনে মূল চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সবল করা। কাজটি অত্যন্ত কঠিন। এই কঠিন কাজ সহজ করা ছাড়া সরকারের সামনে আর কোনো পথ নেই। সঠিক পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করতে না পারলে মানুষ ক্ষুব্ধ-বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে।

জ্বালানি সংকট এবং নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে এখনই মানুষের নাভিশ্বাস উঠেছে এবং ক্ষোভ জমা হতে শুরু করেছে। সরকার সবেমাত্র এসেছে বলে হয়ত সরব হয়ে উঠেনি। তবে সরকার যদি দ্রুত এ পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ না নেয়, জনগণের পক্ষে চুপ থাকা সম্ভব হবে না। অর্থনীতি পুনরুদ্ধারের অন্যতম শর্ত হচ্ছে, দেশের উৎপাদন খাতকে সচল রাখা। আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হচ্ছে, কৃষিখাত। পরিসংখ্যান অনুযায়ী, জিডিপির শতকরা ১১ থেকে ১৩ ভাগ এ খাত যোগান দেয়। ৪০ থেকে ৬০ ভাগ শ্রমশক্তির কর্মসংস্থান এ খাতে নিয়োজিত। গ্রামীণ অর্থনীতি, শিল্প ও কৃষির কাঁচামাল সরবরাহ, দারিদ্র্য হ্রাস, রপ্তানি আয় এবং বিশাল জনসংখ্যার খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে কৃষিখাত সরাসরি ভূমিকা রাখে।

অর্থনৈতিক যে শোচনীয় পরিস্থিতি চলছে, তা সামাল দিতে সরকারকে সবার আগে এ খাতের দিকে নজর দিতে হবে। আমরা সবসময়ই দেখে আসছি, কৃষক শ্রম ও ঘামে ফসল ফলিয়ে সঠিক দাম, এমনকি উৎপাদন খরচও পায় না। পত্রপত্রিকার সংবাদ অনুযায়ী, এবারও একই চিত্র দেখা যাচ্ছে। আলু, তরমুজ, শাকসবজি, ফলফলাদিসহ নানা ফসল ফলিয়ে কৃষক দাম পাচ্ছে না। অনেক কৃষকের ফসল পচে যাচ্ছে। জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা বিঘিœত হচ্ছে। উৎপাদিত ফসল যথাসময়ে বাজারজাত করতে না পারায় কৃষকরা ব্যাপক লোকসানের মুখে পড়ছে। সামনে ফলের মৌসুম। গতকাল দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফল উৎপাদনকারি জেলাগুলোতে আম, লিচুসহ মৌসুমী ফলের বিপুল উৎপাদন হবে।

পাহাড়ে আনারসসহ অন্যান্য ফলের ব্যাপক উৎপাদন হচ্ছে। এসব ফল যথাসময়ে বাজারজাত করতে না পারলে পচে যাওয়ার যেমন শঙ্কা রয়েছে, তেমনি সরবরাহ সংকটের কারণে দাম বেড়ে যাবে। রপ্তানিও ব্যাহত হবে। সাধারণত ওই অঞ্চলকে ফসলের ভা-ার হিসেবে আখ্যায়িত করা হয়। শুধু ফলফলাদি নয়, ধান, গম, পেঁয়াজ, ডাল, মরিচ, রসুনসহ সবধরনের ফসলের ব্যাপক উৎপাদন হয়। উত্তরাঞ্চলের মাটি এতটাই উর্বর যে, বিশ্বের সর্বোচ্চ গম উৎপাদনকারি দেশ যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা এসে তাদের দেশের গম উৎপাদন অঞ্চলের মাটির সমতুল্য মাটি এখানে আছে বলে জানিয়েছেন। এতে বোঝা যায়, ওই অঞ্চলকে কেন ফসলের ভা-ার বলা হয়। সমস্যা হচ্ছে, ফসল উৎপাদন হলেও সরবরাহ ব্যবস্থার সংকটের কারণে অনেক সময় কৃষকরা সঠিক দাম পায় না। প্রতিবাদে সড়কে ফসল ফেলে দেয়।

এতে কৃষক যেমন বঞ্চিত হচ্ছে, ভোক্তরাও বঞ্চিত হচ্ছে। অর্থনৈতিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা মনে করি, সরকারের এদিকে সর্বাদিক গুরুত্ব দেয়া উচিৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে অবস্থানকালে আলু চাষীদের দুর্ভোগ দেখে বলেছিলেন, আলাদা গণভোট না করে খরচ বাঁচিয়ে সেি অর্থ আলু চাষীদের দেয়া যেতে পারে। এর মর্মার্থ সরকারি দলের প্রত্যেক এমপি এবং ভবিষ্যত প্রার্থীদের বোঝা জরুরি। বর্তমান মন্ত্রী-এমপিরা তাদের নিজ নিজ এলাকায় কৃষকরা কী সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সমাধানে কী পদক্ষেপ নিচ্ছেন, তা দৃশ্যমান নয়। বরং আমরা দেখছি, তাদের অনেকের স্ত্রী-সন্তানদের নমিনেশন পাওয়া ও বিভিন্ন জায়গায় বসানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রায় সব জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। তারা কী কাজ করছেন, কী পদক্ষেপ নিচ্ছেন, তা বোঝা যাচ্ছে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন। অথচ প্রধানমন্ত্রীর পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার সাথে তালমিলয়ে অন্যদের পরিশ্রম করতে দেখা যাচ্ছে না। দেশ যে অর্থনৈতিকভাবে মহাসংকটের দিকে ধাবিত, সেদিকে তাদের মনোযোগ আছে বলে মনে হয় না। উল্লেখ করা প্রয়োজন, এবারের নির্বাচনে বিরোধীদল উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভাল ফলাফল করেছে। এর কারণ হচ্ছে, দলটি সেসব এলাকায় বিশেষভাবে কাজ করছে এবং কৃষকসহ সকলের পাশে দাঁড়িয়েছে। সরকার যদি এদিকে নজর না দেয়, তাহলে রাজনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে।

দেশ চরম অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। বৈশ্বিক মন্দবাস্থার কারণে এ সংকট বাড়বে বৈ কমবে না। ইতোমধ্যে ইরানযুদ্ধ ও জ্বালানি সংকটের কারণে বিশ্বে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। যুদ্ধ বন্ধ না হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। বন্ধ হলেও এর নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হবে। এ প্রভাব থেকে বাংলাদেশ রেহাই পাবে না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমবে, মূলস্ফীতি আরও বাড়বে, আমদানি-রফতানি ব্যয় বাড়বে, বিনিয়োগ ও কর্মসংস্থান আশানুরূপ হবে না। এসব বিষয় মাথায় রেখে কালক্ষেপণ না করে সরকারকে এখনই যথাযথ পদক্ষেপ নিতে হবে। সবকিছুতে ভারসাম্য সৃষ্টি করতে হবে। সবার আগে খাদ্যনিরাপত্তা নিশ্চত করতে হবে। কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয়, কৃষক যাতে উৎপাদিত ফসলের সঠিক দাম পায়, ফসল নষ্ট না হয়, এদিকে দৃষ্টি দিতে হবে। মনে রাখতে হবে, বিএনপি সরকার দেশের অত্যন্ত নাজুক পরিস্থিতিতে দায়িত্ব পেয়েছে। তার প্রতি মানুষের বিপুল প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে কোনো মন্ত্রী-এমপির ‘হানিমুন পিরিয়ড’ কাটানোর সুযোগ নেই। প্রতিটি দিনই দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। অর্থনৈতিক সংকট কাটাতে কঠোর পরিশ্রম করতে হবে। তা নাহলে, মানুষের অসন্তোষ বৃদ্ধি পাবে। রাজনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে। এর কী ফলাফল হতে পারে, তা বোধকরি বুঝিয়ে বলার অবকাশ নেই।