দেশের রফতানি, কর্মসংস্থান ও রেমিটেন্স আয়ের সবচেয়ে বড় খাত তৈরী পোশাক শিল্পের নানাবিধ সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৈরী পোশাক রফতানি খাতে অনেকগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাত রয়েছে। এর মধ্যে টেক্সটাইল অন্যতম। দেশের তৈরী পোশাক শিল্পের জন্য ফ্যাব্রিক্স, সুতাসহ প্রয়োজনীয় কাঁচামালের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা হলেও টেক্সটাইলসহ তৈরী পোশাকের প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদনে দেশীয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ উৎপাদন ব্যবস্থা ক্রমেই জোরালো ভূমিকা রাখতে শুরু করেছে। এ কারণেই তৈরী পোশাক রফতানি খাত ও টেক্সটাইল খাত এখন হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট এই দুই শিল্পখাতকেই বেশি আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত করছে। এ খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের প্রতিনিধিরা বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে এ খাতের সমস্যাগুলো তুলে ধরার পর প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনের সুপারিশ অনুসারে এ খাতের উন্নয়ন ও সমস্যা সমাধানের প্রশ্নে সরকার নীতিগত সিদ্ধান্তসহ প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণ করবে। যুদ্ধের কারণে ইউরোপ-আমেরিকায় অর্থনৈতিক সংকট আমাদের রফতানি খাতের উপর যে ধরনের প্রভাব ফেলতে পারে তা কাটিয়ে ওঠার সঠিক কর্মপরিকল্পনা ও আন্তঃযোগাযোগ নিশ্চিত করতে হবে।

দেশের তৈরী পোশাক খাত বহুমুখী সমস্যা নিয়ে রফতানি খাতের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গার্মেন্ট কারখানা ও টেক্সটাইল মিলগুলোর বিনিয়োগ দীর্ঘদিন ধরেই গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। শেখ হাসিনা সরকারের দুর্নীতি, জালিয়াতি, লুটপাট ও বিপুল অর্থ পাচারের কারণে দেশের ব্যাংকিং সেক্টরের দেউলিয়াত্ব তৈরী পোশাক খাতকে বেশি বিপর্যস্ত করেছে। সাম্প্রতিক এক রিপোর্টে জানা যায়, গত তিন বছরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সাড়ে ৪শ’র অধিক গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে। এর ফলে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ও লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে একদিকে যেমন জ্বালানি সংকট আরো ঘনীভূত ও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বেড়ে গেছে, অন্যদিকে অর্থনৈতিক মন্দার কারণে ক্রেতারাও ক্রয়াদেশ কমিয়ে দিতে শুরু করায় এ খাত এখন আশঙ্কাজনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এহেন বাস্তবতায় বিজিএমইএ এবং বিটিএমএ প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এর প্রতিবিধান চাইলেন। এ সংকট হঠাৎ করে শুরু হয়নি। দীর্ঘদিনে তা ক্রমে আরো জটিল আকার ধারণ করেছে। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিজিএমইএ প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সাথে সাক্ষাতের সময় চেয়ে দীর্ঘদিন ঘুরতে হয়েছে বলে জানা যায়। দেশের সবচেয়ে বড় রফতানিমুখী শিল্পখাত ও বিনিয়োগ-কর্মসংস্থানে এর গুরুত্ব বিবেচনায় এ খাতের সংকট নিরসন সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে গণ্য হওয়া বাঞ্ছনীয়। প্রায় অর্ধকোটি মানুষ সরাসরি তৈরী পোশাক শিল্পের সাথে জড়িত। ব্যাকওয়ার্ড লিঙ্কেজসহ এ সংখ্যা দ্বিগুণের বেশি। রফতানি খাতের শতকরা ৮০ শতাংশের বেশি আয় এবং জিডিপি বা দেশজ উৎপাদনের শতকরা ১১ ভাগের বেশি এই খাতের উপর নির্ভরশীল। গ্যাস-বিদ্যুতের সরবরাহ এবং মূল্যস্ফীতির সংকট এবং ব্যাংকিং খাতের দৈন্যদশা এ খাতের বিনিয়োগে যে ঝুঁকি সৃষ্টি করেছে ক্রমবর্ধমান হারে গার্মেন্ট কারখানা ও টেক্সটাইল মিল বন্ধের মধ্য দিয়ে তা প্রকটভাবে প্রকাশিত হচ্ছে।

ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি, কর্মসংস্থানসহ দেশের সামগ্রিক অর্থনীতিকে ধ্বংস করে পালিয়েছে। অতঃপর অভ্যন্তরীণ অস্থিতিশীলতা-অনিশ্চয়তার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ উত্তরণের পথকে আরো দূরূহ করে তুলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সে অবস্থা থেকে দেশের অর্থনীতিসহ সামগ্রিক অবস্থার উন্নয়নে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। মূলত অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ও মানোন্নয়নের উপর দেশের স্থিতিশীলতা ও কাক্সিক্ষত উন্নয়ন নির্ভরশীল। বাংলাদেশে জুলাই অভ্যুত্থান, শ্রীলঙ্কা ও নেপালে গণআন্দোলনের মুখে সরকার পরিবর্তন এবং ভারতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলন মূলত রাষ্ট্রীয় বৈষম্য, বেকারত্ব ও অর্থনৈতিক সংকট থেকে সৃষ্ট গণবিক্ষোভের ফল। রফতানি বাণিজ্য একটি দ্বিপাক্ষিক বিষয়।

ক্রেতা ও বিক্রেতার অর্থনৈতিক সামর্থ্য, স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তার মতো ইস্যুগুলো এর সাথে সম্পর্কযুক্ত। আমদানিনির্ভর জ্বালানি খাত যুদ্ধ ও আঞ্চলিক অস্থিতিশীলতার দ্বারা প্রবলভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রিত হতে বাধ্য। এ ক্ষেত্রে জ্বালানি সরবরাহ লাইনের নিরাপত্তার প্রশ্নে বহুপাক্ষিক কূটনৈতিক তৎপরতার পাশাপাশি নিজস্ব জ্বালানি সক্ষমতার উপর নজর দিতে হবে। আগামী এক বছরের মধ্যে শিল্পখাতে জ্বালানি সমস্যা সমাধানে বিজিএমইএ এবং বিটিএমএ প্রতিনিধিদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সাথে তৈরী পোশাক খাতের সামগ্রিক সমস্যা সমাধানে বিজিএমইএ, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রীর সমন্বয়ে তাৎক্ষণিকভাবে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ খুবই ইতিবাচক দৃষ্টান্ত। সাম্প্রতিক সময়ে কোনো সরকার প্রধানকে এমন ডায়ন্যামিক পদক্ষেপ নিতে দেখা যায়নি। কোনো আমলাতান্ত্রিক কালোহাত যেন সরকারের এই শুভ উদ্যোগকে ব্যাহত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।