গত ১ মে শুক্রবার বিকেলে মহান মে দিবসে উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন, বিগত কয়েক বছরে বন্ধ হওয়া কলকারখানা আমরা আবার চালু করার উদ্যোগ নিয়েছি। তিনি বলেছেন, বিএনপি সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার। সেজন্য সরকার গঠিত হওয়ার পর সাথে সাথে আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বসেছি এবং নির্দেশনা দিয়েছি, কত দ্রুত বন্ধ কলকারাখানা কোনটি কোনটি চালু করতে পারি, যাতে করে যেসব শ্রমিক বেকার হয়ে গিয়েছিল, তাদের কর্মের ব্যবস্থা করতে পারি। এ সপ্তাহে আবার মিটিং করব। দেশে যেসব কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, পর্যায়ক্রমে সেগুলো চালু করার উদ্যোগ নেব। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ নিঃসন্দেহে ভালো। এতে কর্মসংস্থান বাড়বে, উৎপাদন ও রফতানি বৃদ্ধি পাবে। যেকোনো বিবেচনায় বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু হওয়া অবশ্যক। তবে এসব কলকারখানা চালু করার জন্য বিপুল অর্থের প্রয়োজন হবে। বন্ধ হয়ে যাওয়া কলকারখানার মালিকদের প্রণোদনা ও ঋণের ব্যবস্থাসহ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। তারপর এগুলো চালু করা যাবে। এতে যে অর্থের প্রয়োজন হবে, তা এই মুহূর্তে সরকারের পক্ষে সরবরাহ করা সম্ভব হবে কিনা, এ বিষয়টিও মাথায় রাখা জরুরি।

বর্তমান সরকার প্রায় ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতির উপর দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছে। এই অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো যথেষ্ট কঠিন এবং সময়সাপেক্ষ ব্যাপার। ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দেশের অর্থনীতির করুণ চিত্র উঠে এসেছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনি দিনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীও দেশের অর্থনীতি কোথায় অবস্থান করছে, তা বিভিন্ন সূচকের অবনমনের তথ্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, আর্থিক খাতে বর্তমানে কঠিন পরিস্থিতি চলছে। আগামী দুই বছর কঠিন হবে। এ পরিস্থিতি থেকে বের হতে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এদিকে, চলতি অর্থবছরে (২০২৫-২৬) সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ৫ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি ২৮ লাখ টাকা।

অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) আদায় হয়েছে প্রায় ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা। এ সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি হয়েছে প্রায় ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। অর্থবছর শেষে ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অর্থনীতিবিদরা শঙ্কা প্রকাশ করেছেন। অর্থাৎ অর্থবছর শেষে রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্য অর্জিত হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। একদিকে রাজস্ব ঘাটতি, আরেকদিকে সরকারের হাতে পর্যাপ্ত অর্থ নেই। সরকারকে টানাটানির মধ্য দিয়ে চলতে হচ্ছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে, কখনো কখনো নতুন টাকা ছাপিয়ে চলতে হচ্ছে। বৈদেশিক সংস্থা থেকে ঋণ নেয়ার ক্ষেত্রে কঠিন কঠিন শর্ত মেনে নিতে হচ্ছে। আইএমএফ ৪৭০ কোটি ডলারের ঋণের কিস্তি ছাড়ের ক্ষেত্রে নানা শর্ত দিচ্ছে। সরকারকে অত্যন্ত কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই পরিস্থিতিতে ইরানযুদ্ধ ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এসেছে। জ্বালানিসংকট এবং মূল্যবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিকে সহনীয় পর্যায়ের বাইরে নিয়ে গিয়েছে। মানুষের আয় কমে গেছে, যে আয় করছে তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। বেকারত্ব ও দারিদ্র্যের হার বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, বন্ধ কলকারখানা চালু করতে যে অর্থের প্রয়োজন হবে, তা সরকার কোথা থেকে পাবে? এ বিষয়টি সরকারকে ভেবে দেখতে হবে। আমরা বলছি না, বন্ধ কলকারখানা চালু করা যাবে না। তবে সরকারকে সর্বাগ্রে কোনটি প্রাধান্য দিতে হবে, কোনটি বেশি জরুরি এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবে কোন কাজটি আগে করতে হবে, সেদিকে দৃষ্টি দিতে হবে।

এই মুহূর্তে সরকারকে সবার আগে দেশের খাদ্যনিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। মানুষের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করতে হবে। এটি নিশ্চিত করতে পারলে মানুষ স্বস্তি পাবে। ইতোমধ্যে জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বৈশাখে বর্ষার মতো বৃষ্টি হয়েছে। এ সময়ে এ বৃষ্টি ফসলের জন্য কল্যাণকর হলেও অতিবৃষ্টিতে ফসলের ভা-ার হিসেবে পরিচিত হাওর অঞ্চলের ফসল পানিতে তলিয়ে গেছে। সেখানে কৃষকের মধ্যে হাহাকার চলছে। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিস্থিতিতে দ্রুততার সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন, তথাপি ফসলের যে ক্ষতি হয়েছে, তাতে খাদ্যঘাটতি দেখা দিতে পারে। কৃষক প্রণোদনা পেলেও তলিয়ে যাওয়া ধান-চাল মানুষ পাবেনা। সম্প্রতি বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, এ বছর বিশ্ব শক্তিশালী এল নিনোর কবলে পড়বে।

এতে বিশ্বের তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাবে। এর প্রভাবে জলবায়ুর যে পরিবর্তন হবে, তাতে আমাদের মতো দেশগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়বে। বাংলাদেশে তীব্র তাপদাহ ও দীর্ঘস্থায়ী খরার শঙ্কা রয়েছে। এতে অনিয়মিত ও কম বৃষ্টিপাতের ফলে ফসল উৎপাদন ব্যাহত হবে, যাতে খাদ্যঘাটতি দেখা দেবে। ইরানযুদ্ধ ও জলবায়ুর ক্ষতিকর প্রভাবে দেশ এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এমতাবস্থায়, খাদ্যনিরাপত্তায় সরকারকে কৃষিখাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি গোখামারি, পোল্ট্রি ও মৎস্যখামারিরা যাতে তাদের উৎপাদন অব্যাহত রাখতে পারে, সেদিকে দৃষ্টি দিতে হবে। তাদের প্রণোদনার ব্যবস্থা করতে হবে। সরকার বন্ধ কলকারখানা চালুর যে সিদ্ধান্ত নিয়েছে, এ নীতি ঠিক আছে। ব্যবসায়ী কিংবা কলকারখানার মালিকরা চাইবে, তাদের কলকারখানা খুলুক। এটা চাওয়া স্বাভাবিক। তবে সরকারকে ভাবতে হবে, কোনটি আগে করতে হবে। মানুষের খাদ্যযোগানের নিত্যকার খাত কৃষি এবং এ সংশ্লিষ্ট অন্যান্য খাত। খাতগুলো ক্ষতিগ্রস্ত হলে কিংবা উৎপাদন হ্রাস পেলে খাদ্যঘাটতি দেখা দেয়। ফলে সরকারকে এসব খাতের কৃষক এবং উদ্যোক্তাকে সবার আগে সহায়তা করে উৎপাদন অব্যাহত রাখতে হবে।