প্রচলিত নিরাপত্তা হুমকি যেমন সীমান্ত বিরোধ ও সশস্ত্র সংঘাতের পরিবর্তে, বৈশ্বিক নিরাপত্তার ধারণা বর্তমানে এমন এক নতুন প্রেক্ষাপটে রূপান্তরিত হয়েছে, যেখানে ব্যতিক্রমধর্মী নিরাপত্তা চ্যালেঞ্জ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকি বলতে এমন এক ঝুঁকি বা সমস্যাকে বোঝায় যেগুলো প্রচলিত সামরিক সংঘাত বা যুদ্ধের বাইরে থেকে রাষ্ট্র, সমাজ বা মানুষের নিরাপত্তাকে প্রভাবিত করে থাকে। আন্তঃসীমান্ত অপরাধ, মানব ও মাদক পাচার, অবৈধ অভিবাসন ইত্যাদি সমস্যা জাতীয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির জন্য অধিক হুমকি হিসেবে দেখা দিতে পারে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের কৌশলগত অবস্থান, ভৌগোলিক বিশ্লেষণ এবং সমাজ-অর্থনৈতিক বাস্তবতা আমাদের এসব ব্যতিক্রমধর্মী নিরাপত্তা ঝুঁকির প্রতি অধিক সংবেদনশীল করে তুলতে পারে।
ফলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বর্তমানে এমন এক গুরুত্বপূর্ণ সীমান্ত রক্ষাকারী বাহিনীতে পরিণত হয়েছে, যারা কেবল সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করছে না বরং জাতীয় নিরাপত্তা ও সার্বিক আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায়ও কার্যকরী ভূমিকা পালন করছে। বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তা হুমকি এবং নানা ধরনের ঝুঁকি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবির দায়িত্ব ও কার্যপরিধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই বাহিনী দেশের বিস্তৃত স্থল ও নদী (অভ্যন্তরীণ) সীমান্তে সীমান্ত নিরাপত্তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্তে নানা প্রকার সক্ষমতা ব্যবস্থাপনা, দেশীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিবেশী দেশের সীমান্তবর্তী এলাকায় ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকি প্রতিরোধে বিজিবির কার্যকারিতা বাংলাদেশের সার্বিক জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। সীমান্তে অপরাধ দমন, অবৈধ বর্ডার ক্রসিং প্রতিরোধ এবং অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল রাখার মাধ্যমে বিজিবি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকি মোকাবিলায় বিজিবির ভূমিকা ক্রমবর্ধমানভাবে পরিবর্তিত ও বহুমাত্রিক পরিস্থিতি ধারণ করছে। আমার এ লেখাটিতে আঞ্চলিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকি মোকাবিলায় বিজিবির ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত মূল্যায়ন করা হয়েছে। এই বাহিনী নীতি-নির্ধারিত কাঠামোর আওতায় এবং বিভিন্ন সংস্থার সহযোগিতার মাধ্যমে অপারেশনাল কৌশলগুলো বাস্তবায়ন করছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে বিজিবির ব্যবস্থাপনাগত সক্ষমতা, বিদ্যমান সীমাবদ্ধতা এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় বৃদ্ধির সম্ভাবনাগুলো সমন্বিতভাবে পর্যায়ক্রমে পর্যালোচনা করা হয়েছে।
ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকির বিষয়ে অনুধাবন
প্রচলিত নিরাপত্তার বিষয়ে একটি মৌলিক সীমাবদ্ধতা হলো, রাষ্ট্রকে বহিরাগত সামরিক আক্রমণ থেকে রক্ষার ওপর নির্ভর করে। এই দৃষ্টিভঙ্গি প্রধানত সামরিক সীমারেখা ও ভূখণ্ডগত স্থিতিশীলতার নিরাপত্তাকে গুরুত্ব দেয়। তবে বৈশ্বিক নিরাপত্তা প্রেক্ষাপটের ধারাবাহিক পরিবর্তনের ফলে এ ধারণা পর্যায়ক্রমে বিস্তৃত হয়েছে, যেখানে ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকি এখন নিরাপত্তা আলোচনার মূল বিষয় হিসেবে প্রতীয়মান হয়েছে। বর্তমানে জাতীয় নিরাপত্তা হুমকি কেবল সামরিক নয়, বরং সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক কাঠামো ও পরিবেশগত উপাদানের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত; যা অনেক ক্ষেত্রেই রাষ্ট্রীয় সীমারেখা অতিক্রম করে এবং সামরিক নিয়ন্ত্রণের বাইরে থেকে কাজ করে। ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকি প্রচলিত যুদ্ধ বা সংঘাতের মতো সরাসরি না। তবে এসব হুমকি প্রায়ই পরোক্ষ ও অসম কৌশল এবং শক্তি ব্যবহার করে রাষ্ট্র বা অঞ্চলের স্থিতিশীলতা ব্যাহত করে; যা মোকাবিলায় সমন্বিত ও বহুমাত্রিক কৌশল অর্জন প্রয়োজন।
বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকিগুলো
আন্তঃসীমান্ত অপরাধ ও চোরাচালান: বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বিশেষত ভারত ও মিয়ানমারের সঙ্গে বিস্তৃত স্থল সীমান্ত রয়েছে; যা বাংলাদেশের বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকির সম্ভাবনা বাড়িয়ে তুলে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য চোরাচালান এক মারাত্মক প্রতিবন্ধকতা। এর বহুমুখী নেতিবাচক প্রভাব দেশের অগ্রগতির চাকাকে ব্যাহত করে। এসব অপরাধের মধ্যে মাদক ও অস্ত্র চোরাচালান, মানব পাচার, অপহরণ এবং অন্যান্য অবৈধ বাণিজ্য উল্লেখযোগ্য। সীমান্তপথে অবৈধ বাণিজ্য ও অনিয়ন্ত্রিত মানব চলাচল দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তার জন্য অধিকতর হুমকি হিসেবে বিবেচিত। অবৈধ পণ্যের অবাধ প্রবাহ দেশীয় শিল্পকে হুমকির মুখে ফেলে দেয়।
সংগঠিত অপরাধচক্র সীমান্ত এলাকার ভৌগোলিক দুর্বলতা ও প্রশাসনিক সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশে তাদের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করার ফলে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপনায় নানা সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। মানব পাচার ও অবৈধ অভিবাসন: মানব পাচার হলো গুরুত্বপূর্ণ সংবেদনশীল নিরাপত্তা হুমকি ও অমানবিক বিষয়; যা অবৈধ অধিবাসী তৈরি করার মাধ্যমে অসহায় মানুষদের মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে পরিবহন, স্থানান্তর, আশ্রয় বা অন্য দেশে পাচার করা। মানব পাচার বাংলাদেশের জন্য একটি জটিল ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা চ্যালেঞ্জ– বিশেষত প্রতিবেশী দেশের সীমান্তবর্তী এলাকায়। বাংলাদেশে যতগুলো সামাজিক ও অর্থনৈতিক সমস্যা রয়েছে তার মধ্যে মানব পাচার একটি।
ভুয়া কর্মসংস্থানের প্রলোভন, দারিদ্র্য এবং সামাজিক বৈষম্যের কারণে অনেক মানুষ পাচারকারীদের ফাঁদে পড়ে বাধ্যতামূলক শ্রম, পতিতাবৃত্তি, যৌন শোষণ কিংবা অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়। ওই কার্যক্রম শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির জন্যও মারাত্মক হুমকি। একই সঙ্গে দারিদ্য্য, সংঘাত ও সামাজিক অস্থিরতা থেকে উদ্ভূত অবৈধ অভিবাসন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিরাপত্তা ও কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করে। সাগরপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার তালিকায় বাংলাদেশিদের অভিবাসন প্রত্যাশীদের নাম পাওয়া যায়। ফলে মানব পাচার ও অবৈধ অভিবাসন কেবল জাতীয় নিরাপত্তার জন্য নয়; বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও একটি গুরুতর চিন্তার বিষয় হিসেবে বিবেচিত হয়েছে। তাই মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, শ্রম ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত অপরিহার্য।
আন্তর্জাতিক মাদক পাচার প্রবণতা: পৃথিবীর বিভিন্ন দেশে মাদক পাচারকারী ও প্রভাবশালী মহল অবৈধভাবে মাদক চোরাচালানের ব্যবসার সঙ্গে জড়িত বাংলাদেশ সীমান্তেও কার্যকরী এ প্রবণতা লক্ষ্য করা যায়। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বিভিন্ন দেশে মাদকদ্রব্য পাচার করে থাকে। বাংলাদেশের বিভিন্ন পথে সীমান্ত অতিক্রম করে ওই মাদকদ্রব্য পাচার প্রবণতা লক্ষ করা যায়।
বিশেষ করে সীমান্তবর্তী দেশগুলো থেকে ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ আইসসহ মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, কোকেন, বিয়ার, ভাং, রেক্টিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, তাড়ি, প্যাথেডিন ইনজেকশন, মরফিন, ভায়াগ্রা, সানাগ্রা, টলুইন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মিথাইল-ইথাইল কিটোন, স্কাফ সিরাপ, ট্যাপেন্টাডল, বুপ্রেনাফিন ইনজেকশন, নেশাজাতীয় ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্যের চোরাচালান বাংলাদেশের জন্য একটি ঝুঁকিপূর্ণ ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকি হিসেবে প্রতীয়মান আছে। মাদক পাচার কেবল সামাজিক অবক্ষয় ও জনস্বাস্থ্যের জন্য হুমকি নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে; যা দেশের সামগ্রিক স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এর ফলে সংগঠিত অপরাধ, দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতা বৃদ্ধি পায়।
ফলে সীমান্তে নিরাপত্তায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশকে বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে হয়। ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকি মোকাবিলায় করণীয়: প্রচলিত সামরিক যুদ্ধ কৌশল প্রায়ই বহুমাত্রিক ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকি মোকাবিলায় সীমাবদ্ধ হয়ে পড়ে। এসব কঠিন সমস্যার কার্যকর প্রতিকার নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ গোয়েন্দানির্ভর সমন্বিত অভিযান, আধুনিক সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, কূটনৈতিক সম্পৃক্ততা ও এর বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সহযোগিতা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব ব্যতিক্রমধর্মী হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আধুনিক ও কার্যকরী নজরদারি, তথ্য আদান-প্রদান এবং প্রতিবেশী দেশের সঙ্গে যৌথ নিরাপত্তা কার্যক্রমের মাধ্যমে। ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকির প্রতিকারে কার্যকারিতা বৃদ্ধি করতে প্রয়োজন একটি সমন্বিত আইনি কাঠামো, সুনির্দিষ্ট গাইড লাইন, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সরকারি ও আধা-সরকারি সংস্থার মধ্যে যৌথ প্রচেষ্টা; যা একটি যৌথ নিরাপত্তা ব্যবস্থা গঠনে সহায়ক হবে। বাংলাদেশের জন্য অপরিহার্য একটি সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ ও পূর্ব প্রস্তুতিমূলক নিরাপত্তা কৌশল, যা পরিবর্তনশীল ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকির প্রকৃতির সঙ্গে সময় ও পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে সক্ষম। এ জন্য আমাদের উচিত আঞ্চলিক নিরাপত্তা জোট গঠন, আধুনিক নজরদারি প্রযুক্তিতে বিনিয়োগ এবং নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব প্রদান। ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকির যথাসময়ে শনাক্তকরণ এবং সেই অনুযায়ী কার্যকরী মোকাবিলা কেবল জাতীয় স্থিতিশীলতা নয়, বরং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা ও দায়িত্ব
২৩০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বিজিবি প্রতিষ্ঠালগ্ন থেকে সার্বক্ষণিক দেশের সীমান্তে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। বাহিনীটি ৪ হাজার ৪২৭ বর্গকিলোমিটার সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সময়ের সঙ্গে সঙ্গে এ বাহিনীর কার্যপরিধি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে এর দায়িত্বের পরিধিতে যুক্ত হয়েছে ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকি মোকাবিলার বিষয়টি– যেমন আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ, মানব পাচার, অবৈধ অভিবাসন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত বিভিন্ন ঝুঁকি প্রতিরোধ। বর্তমানে বিজিবি কেবল সীমান্তরক্ষী বাহিনী হিসেবেই নয়, বরং জাতীয় নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ও নানা ভূমিকা পালনকারী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতিক হিসেবে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ও কার্যকরী ভূমিকা পালন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে অগ্রণী ভূমিকা রাখছে।
ব্যতিক্রমধর্মী নিরাপত্তা ঝুঁকি আঞ্চলিক স্থিতিশীলতায় এর প্রভাব
ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকি মোকাবিলায় বিজিবির কার্যক্রম কেবল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতায়ও সরাসরি ভূমিকা রাখে। বাংলাদেশের ভৌগোলিক কৌশলগত অবস্থান বঙ্গোপসাগরের সংযোগস্থলে। বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নিরাপত্তা ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা কার্যক্রম কার্যকরীভাবে প্রভাবিত ফেলছে সন্ত্রাস দমন, মানব পাচার প্রতিরোধ, শরণার্থী ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যের নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের ওপর। প্রতিনিয়ত এ বাহিনীটি অবৈধ অনুপ্রবেশ রোধ, অবৈধ অস্ত্র প্রবেশ প্রতিরোধ ও উদ্ধার করে এই ঝুঁকি কমিয়ে রাখছে।
(ক) সীমান্তে অপরাধ ও সন্ত্রাসী অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কার্যকর ভূমিকা এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তাকে শক্তিশালী করেছে। মাদক, অস্ত্র, মানব ও চোরাচালান রোধের মাধ্যমে আঞ্চলিক অর্থনীতি স্থিতিশীল রাখতে ভূমিকা রাখছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আঞ্চলিক সহযোগিতা আরও কার্যকরী ও বেগবান করার চেষ্টা অব্যাহত আছে।
(খ) সীমান্ত পথে অবৈধ বাণিজ্য (চোরাচালান) এবং আর্থিক অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখছে। পাশাপাশি সীমান্তে নিরাপদ বাণিজ্য পথ আঞ্চলিক সংযোগ সহযোগিতা বৃদ্ধিতে কার্যকরী সহায়ক ভূমিকা রাখছে।
(গ) সীমান্তে কার্যকরী ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে আন্তঃসরকারি সম্পর্ক আরও সুসংহত করে চলেছে। এরই ধারাবাহিকতায় যৌথ প্রশিক্ষণ, সীমান্ত সম্মেলন এবং গঠনমূলক বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে পারস্পরিক পেশাদারি কার্যক্রম ও বিশ্বাস বৃদ্ধির মাধ্যমে সম্ভাব্য সংঘাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে প্রতীয়মান।
সম্ভাব্য করণীয় ক্রমবর্ধমান ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকি এবং জটিল নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের জন্য প্রয়োজন একটি গ্রহণযোগ্য ও মানানসই সমন্বিত কৌশলগত কাঠামো। এর জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সংযুক্তি, আঞ্চলিক সহযোগিতা প্রসার, সুনির্দিষ্ট গাইড লাইন ও দৃঢ় আইনি কাঠামো গঠন প্রয়োজন। (ক) রিয়েল টাইম গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং উন্নত নজরদারি ব্যবস্থার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে যৌথ তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। পাশাপাশি সীমান্ত অবকাঠামোর উন্নয়ন, আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা এবং কার্যকরী যোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণ করা জরুরি।
(খ) বর্ডার গার্ড বাংলাদেশসহ সীমান্ত সংক্রান্ত বাহিনীর সদস্যদের জন্য আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি ব্যবস্থা করা জরুরি। যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সন্ত্রাসবিরোধী কৌশল, সাইবার অপরাধ বিশ্লেষণ, আর্থিক তদন্ত, আন্তর্জাতিক মানবিক আইনবিষয়ক নীতিমালা এবং বিদেশি ভাষা প্রশিক্ষণ। এ ছাড়া মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং শরণার্থী ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বৃদ্ধিও অপরিহার্য।
(গ) সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি সংযোজন এবং ড্রোন সার্ভিলেন্স সংযুক্ত করা যেতে পারে, যেন তৎক্ষণাৎ তথ্য পাওয়া যায়। (ঘ) প্রযুক্তি এবং অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহায়তা গ্রহণ করা যেতে পারে। এ ছাড়া বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা সমাধান বাস্তবায়ন করা যেতে পারে। (ঙ) জাতীয় নিরাপত্তাবিষয়ক কমিটি এর অধীনে পর্যায়ক্রমে তিনটি মূল উদ্যোগ গ্রহণ করা যেতে পারে:
(১) বর্ডার সিকিউরিটি অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট প্রণয়ন। (২) সীমান্ত অপরাধ সংক্রান্ত বিচার প্রক্রিয়া দ্রুততর করা। (৩) যৌথ কমিটি ও মনিটরিং সেল গঠন করা। যারা আঞ্চলিক চুক্তি, বিভিন্ন আন্তঃকেন্দ্রীয় বিষয়ে পর্যালোচনা পূর্বক কার্যক্রম গ্রহণ করবে।
ব্যতিক্রমধর্মী নিরাপত্তা হুমকি প্রতিরোধে জাতীয় ও আঞ্চলিক উভয় পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশের অপরিহার্য প্রশংসনীয় ভূমিকা পালন করছে। মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালান, সন্ত্রাসবাদ এবং জলবায়ুজনিত অভিবাসনের মতো ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বিজিবির কৌশল, আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধি করা গেলে অধিকতর সফলতা অর্জন করা যাবে। কার্যকরী গোয়েন্দা ব্যবস্থা, আইনি সংস্কার, সুনির্দিষ্ট গাইড লাইন, আইনি অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে একটি টেকসই সীমান্ত নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হলে অত্র অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হবে; যা অপ্রচলিত হুমকি মোকাবিলায় কার্যকরী ভূমিকা রাখবে। ভবিষ্যতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, কাস্টমস কর্তৃপক্ষের সাফল্য আরও কার্যকরী করা যাবে সমন্বিত কৌশলগত এবং উন্নত দৃষ্টিভঙ্গি গ্রহণের মাধ্যমে। যেখানে অন্তর্ভুক্ত থাকবে প্রাতিষ্ঠানিক উন্নয়ন, নতুন নীতিমালা, উন্নত প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা। এই কৌশলগত পরিবর্তনের মাধ্যমে বিজিবি আরও বহুমাত্রিক পেশাদার ও গ্রহণযোগ্য নিরাপত্তা বাহিনীতে উন্নত হবে; যা জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, প্রচলিত হুমকি মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করবে। ফলে জাতীয় ও আঞ্চলিক সবার সমন্বিত নীতিগত ও কাঠামোগত নির্দেশনা বাংলাদেশ তথা অত্র অঞ্চলে নিরাপত্তাসহ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা যায়।
লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, বিজিবিএম, জি+, আর্টিলারি: পরিচালক, অধিনায়ক, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)
