জুলাই গণঅভ্যুত্থানকালে চট্টগ্রামে লুণ্ঠিত হওয়া অস্ত্র ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ বিবিধ অপকর্মে ব্যবহৃত হইতেছে বলিয়া পুলিশের তথ্যের বরাত দিয়া রবিবার সমকাল যেই সংবাদ প্রকাশ করিয়াছে, উহা যথেষ্ট উদ্বেগজনক। পুলিশের বক্তব্য, চট্টগ্রামে গত এক বৎসরে যত পেশাদার অপরাধী ধরা পড়িয়াছে, সকলের নিকটই ওই অস্ত্র মিলিতেছে। পুলিশ ও আদালত সূত্রে প্রকাশ, ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম নগরীর ১৬টি থানার মধ্যে আটটি থানা ও আটটি ফাঁড়ি হইতে ৯৪৫টি অস্ত্র লুণ্ঠিত হয়; উদ্ধার হইয়াছে ৮০০। তদুপরি চট্টগ্রাম জেলা পুলিশের রাউজান, লোহাগাড়াসহ কয়েকটি থানা হইতেও সেই সময় অস্ত্র লুণ্ঠিত হয়। অস্ত্রগুলি যে বসিয়া নাই; বরং সন্ত্রাসীদের হস্তে পৌঁছাইয়াছে, উহা বুঝিতে বিশেষজ্ঞ হইতে হইবে না।

এইখানে জননিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগও না বাড়িবার কোনো কারণ নাই। পাঁচলাইশ থানায় গ্রেপ্তার এক সন্ত্রাসীর নিকট ডবলমুরিং থানা হইতে লুণ্ঠিত বিদেশি পিস্তল, এসএমজি উদ্ধারের উদাহরণ সেই উদ্বেগ বাড়ায় বৈ কমায় না। এই ধরনের অস্ত্র যেই কোনো জনপদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইবার জন্য যথেষ্ট। শুধু উহাই নহে, গত অক্টোবরে সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমে পূর্ববর্তী এক বৎসরে রাজনৈতিক কোন্দল, চাঁদাবাজি, দখলদারিত্ব ইত্যাদি কারণে সংঘটিত অন্তত ৩৫টি হত্যকাণ্ডের খবর আসে, তন্মধ্যে শুধু রাউজানেই ঘটে ১৬টি হত্যাকাণ্ড। অনুসন্ধানে হয়তো জানা যাইবে, এহেন খুন-খারাবিতে ঐ লুট হওয়া অস্ত্রের ভূমিকা ছিল।

ইহাও স্মরণে রাখিতে হইবে, পুলিশের অস্ত্র শুধু চট্টগ্রাম অঞ্চলেই লুণ্ঠিত হয় নাই; রাজধানীসহ দেশের প্রায় সর্বত্র এহেন নজিরবিহীন অঘটন ঘটিয়াছে। উপরন্তু সেই সময় শুধু অস্ত্রই লুট হয় নাই; শীর্ষ সন্ত্রাসীসহ বহু দণ্ডিত দাগি অপরাধীও কারাগার হইতে বাহিরে চলিয়া আসে। তন্মধ্যে অনেকে বিস্ময়করভাবে জামিনও পায়। পুলিশ সূত্র হইতে জানা গিয়াছে, বিভিন্ন সময়ে অভিযান চালাইয়া চলতি বৎসরের ৫ জানুয়ারি পর্যন্ত ৪ সহস্র ৪২৮টি অস্ত্র উদ্ধার করা হইয়াছে। এখনও ১ সহস্র ৩৩৫টি অস্ত্র উদ্ধার হয় নাই। অন্যদিকে, জনপরিসরে ব্যাপক সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার গুরুতর অপরাধে অভিযুক্তদের জামিন বাতিল করিয়া পুনরায় আইনের আওতায় আনিবার ব্যর্থ প্রতিশ্রুতি দিয়াছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে প্রায় দুই মাস অতিক্রান্ত হইলেও পরিস্থিতি তথৈবচ। আমরা দেখিয়াছি, অন্তর্বর্তী সরকারের শাসনামলে খুলনা, কুষ্টিয়া, রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিবিধ নামে নূতন নূতন অপরাধ চক্র মাথাচাড়া দিয়াছে। ঢাকার বিশেষত মোহাম্মদপুর, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় নূতন নূতন অপরাধ চক্রের উৎপাত দেখা গিয়াছে। এই সকল বাহিনীর অনেক সদস্যের হস্তে থানা ও ফাঁড়ি হইতে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ ছিল– এমন কথা পুলিশ-সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানের সময় সংবাদমাধ্যমেও আসিয়াছে।

সামগ্রিকভাবে বলা যায়, বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি হইতে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের অংশবিশেষ এখনও অপরাধীদের হস্তে থাকিবার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং জননিরাপত্তার প্রতি হুমকি বিদ্যমান। অস্ত্রগুলি দ্রুত উদ্ধার, তৎসহিত বিশেষত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার তাই সময়ের দাবি। স্মরণে রাখিতে হইবে, চোরাচালান ও অন্যান্য মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিবিধ অপরাধকর্মে সংশ্লিষ্টরা বহু পূর্বেই অবৈধ অস্ত্র হস্তগত করিয়াছে। সেই সকল অস্ত্রের সহিত পুলিশের লুট হওয়া অস্ত্র মিলিত হইয়া আইনশৃঙ্খলার অবনতি ঘটাইতে পারে। বিষয়টি লইয়া কর্তৃপক্ষের হেলাফেলার ন্যায় আত্মঘাতী কর্ম আর হইতে পারে না।