খেলার মান থাকে, লেখাপড়ার মান থাকে, রাজনীতিরও মান থাকার কথা। সরকারে রাজনীতি থাকে, রাজনীতি থাকে বিরোধী দলেও। উভয় জায়গায় এখন রাজনীতির মানটা কেমন? সরকারি বয়ানে তারা এগিয়ে যাচ্ছেন, বিরোধী দলের বয়ানে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। গণতান্ত্রিক রাজনীতিতে এমন আলোচনা-সমালোচনা খুবই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এ কেমন রাজনীতির বিস্ফোরণ ঘটালো? রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংতা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে দলটি কি প্রমাণ করতে চাইলো? তবে আপাতত একটি বিষয় প্রমাণিত হয়েছে যে, এ দলটি নিষিদ্ধ হওয়ার যোগ্য। ক্ষমতায় থাকতে তারা ফ্যাসিবাদী আচরণ করেছে, আর ক্ষমতা হারিয়ে এখন নেমেছে অগ্নিসন্ত্রাসে। রাজনীতির এমন ন্যক্কারজনক মান নিয়ে তারা জনগণের সামনে দাঁড়াবে কোন মুখে? আসলে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হলে তো দেশের মানুষকে গুরুত্ব দেবে। গণঅভ্যুত্থানের মুখে দলটির নেতৃবৃন্দ শুধু পালিয়ে যায় নি, নিয়ে গেছে অঢেল অর্থও; এছাড়া বিদেশে রয়েছে তাদের অবৈধ অর্থের স্তূপ। সেই অর্থের উত্তাপ দিয়ে তারা বাংলাদেশে নাশকতা ছড়িয়ে নিজেদের অস্তিত্ব জাহিরের চেষ্টা করছেন। কিন্তু এটা কি কোনো রাজনীতি হলো? দলের কল্যাণ চাইলে তো তারা অপরাধ স্বীকার করে আইনের মুখোমুখি হতে পারতেন।

ফ্যাসিবাদী দলটির হঠাৎ আস্ফালনে প্রশ্ন জেগেছে, এ সাহস তারা পেলো কোত্থেকে? প্রতিবেশী দেশের প্রশ্রয়ের বিষয়টি তো সবার জানা। তবে এ আলোচনাও আছে যে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সরকার ও রাজনীতিবিদরা ভুল পথে হাঁটছেন না তো? ভুলপথ বলতে রাজনৈতিক বিরোধ কিংবা মতভিন্নতার কথা বোঝানো হচ্ছে না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং আগ্রাসন বিরোধী জাতীয় ঐক্য ও সংহতির কথা এখানে বলা হচ্ছে। ফ্যাসিস্ট দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের পর এখন হয়তো সরকার ও রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সময়ের আওয়াজ শুনতে পাচ্ছেন। প্রসঙ্গত এখানে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপণী বক্তব্যের কথা উল্লেখ করা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান পঁচাত্তরের ৭ নভেম্বর এবং চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পরাজিত ফ্যাসিবাদী ও তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অধিবেশনে। তিনি বলেন, এ মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। দলমত, রাজনৈতিক আদর্শে পার্থক্য থাকা সত্ত্বেও গণতন্ত্রের পক্ষে থাকা সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। আমাদের অবস্থান হবে অত্যন্ত দৃঢ়; কোনোভাবেই এ অপশক্তিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া যাবে না।

সংসদের সমাপণী বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেন, ঐক্যের জায়গায় দুর্বলতা ও ফাটল তৈরি হওয়ায় ফ্যাসিবাদীরা আবারও সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো একই কাতারে ও একই দর্শনে ছিল। দেশের বৃহত্তর স্বার্থে এখন সে ঐক্যে ফিরে আসতে হবে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ঐক্য আরো শক্তিশালী হবে। একই সঙ্গে দেশে সাম্প্রতিক নাশকতা, শিল্প-কারখানায় হামলা, চাঁদাবাজি, দুর্নীতি, দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সরকারের প্রতি এসব বিষয়ে সুস্পষ্ট নীতি-কৌশল গ্রহণ এবং দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

লক্ষণীয় বিষয় হলো, প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা উভয়ই দেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষায় তাঁবেদার ও ফ্যাসিবাদী চক্রের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়েছেন। তবে লক্ষ্য পথে এগুতে হলে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রয়োজন হবে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তি।