গত বুধবার শেরপুরে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসিবার ন্যায় তুচ্ছ এক ঘটনা ঘিরিয়া বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে যেই প্রাণঘাতী সংঘর্ষ হইয়াছে, উহা শুধু অনাকাঙ্ক্ষিত নহে; ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য এক অশনিসংকেতও বটে। উক্ত সংঘর্ষে জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নিহত এবং দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হইয়াছেন। দেখা যাইতেছে, সংসদ নির্বাচন যত আগাইয়া আসিতেছে, নির্বাচনী সহিংসতার ঘটনাও তত বাড়িতেছে। শুক্রবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবমতে, ২২ জানুয়ারি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার আরম্ভ হইবার পর হইতে ২৯ জানুয়ারি পর্যন্ত আট দিনে দেশে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটিয়াছে ৪২টি।
ইহাতে চারজন নিহত এবং ৩৫৩ জন আহত হইয়াছেন। আর ১ হইতে ২৯ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটিয়াছে ৬৫টি, যথায় নিহতের সংখ্যা ১০ এবং আহত হইয়াছেন ৫৫৫ জন। এই সকল সংঘর্ষের ঘটনায় স্বাভাবিকভাবেই সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাইতেছে। এমনকি এই পরিস্থিতিতে ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটের পরিবেশ কতটা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন থাকিবে–এমন প্রশ্নও উঠিতেছে। বুধবারের সংঘর্ষটি ঘটিয়াছে স্থানীয় প্রশাসন আয়োজিত সংসদ সদস্য প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে। তথায় প্রত্যেকের বসিবার স্থান পূর্ব হইতে নির্ধারণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পর্যাপ্ত আয়োজন থাকিলে উক্ত সংঘর্ষটি হয়তো দ্রুত নিয়ন্ত্রণ করা যাইত। এই পরিপ্রেক্ষিতে উক্ত প্রাণহানির দায় প্রশাসন এড়াইতে পারে না। মাঠপর্যায়ে রাজনৈতিক দলসমূহের নিয়ন্ত্রণ যে যথেষ্ট নহে, ইহাও উক্ত ঘটনায় বোঝা যায়। দলসমূহের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এবং রাজনৈতিক অসহিষ্ণুতাও প্রবলভাবে স্পষ্ট। এই অবস্থায় নেতৃবৃন্দ যখন নির্বাচনী জনসভায় একে অন্যের প্রতি অভিযোগের তীর ছুড়িয়া দেন, তাহাতে ভোটের মাঠে কথার লড়াই জমিয়া উঠে এবং কোনো কোনো ক্ষেত্রে তাহা সহিংসতার রূপ গ্রহণ করে।
নির্বাচনী প্রচারাভিযান স্ব স্ব দলের তৎপরতা, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা ভোটারদের সমক্ষে তুলিয়া ধরিবার মাধ্যম। এইখানে সংঘাত-সংঘর্ষ ঘটিবে কেন? দুর্ভাগ্যবশত ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করিয়া প্রতিদ্বন্দ্বী দলসমূহ কোনো কোনো ক্ষেত্রে শক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তারের লড়াইয়ে নামিয়াছে, যদিও ইহার বহুমুখী নেতিবাচক প্রভাব সম্পর্কে কেহই অবহিত নহে। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায়, সংঘাত-সংঘর্ষ চলিতে থাকিলে শুধু সাধারণ ভোটারদের মধ্যেই ভোটকেন্দ্রবিমুখ প্রবণতা সৃষ্টি হয় না, শক্তিশালী প্রার্থীদের মধ্যে নানা অনিয়মের মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হইবার প্রবণতাও সৃষ্টি হয়। এইবারের নির্বাচনে এমনটা ঘটিলে শুধু নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সাংবিধানিক অধিকার হইতে বঞ্চিত হইবেন না, চলমান রাজনৈতিক সংকট জটিলতর রূপ গ্রহণ করিবে।
আমরা জানি, মতভেদ থাকিলেও শান্তিপূর্ণ সহাবস্থান হইল গণতন্ত্রের সৌন্দর্য। নির্বাচনী প্রতিযোগিতা যত উত্তাপই ছড়াক, উহাকে কখনোই সহিংসতায় গড়াইতে দেওয়া যাইবে না। রাজনৈতিক দলসমূহের আত্মসংযম, প্রশাসনের কার্যকর ভূমিকা এবং নাগরিক সমাজের সচেতনতাই পারে নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য রাখিতে। তবে এই সময়ে নির্বাচন কমিশনের দায় সর্বাগ্রে। একটা স্বাধীন সংস্থা হিসেবে প্রয়োজন হইলে তাহাকে ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করিতে হইবে। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধির বাহিরে কোনো কর্মকাণ্ড চোখে পড়িলে তৎক্ষণাৎ ব্যবস্থা লইতে হইবে। সর্বোপরি, সরকারকে যদ্রূপ ইসিকে সর্বাত্মক সহযোগিতা করিতে হইবে, তদ্রূপ রাজনৈতিক দলসমূহেরও সহযোগিতামূলক আচরণ জরুরি। বিগত তিনটি নির্বাচনে ভোটাধিকারবঞ্চিত জনগণ পুনরায় একই বঞ্চনার শিকার হইতে পারেন না।
