চট্টগ্রাম বন্দরের বৃহত্তম কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেয়ার উদ্যোগ গ্রহণ করেছিল পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার। মূলত স্কপসহ বন্দর সংশ্লিষ্টদের তীব্র প্রতিবাদ-প্রতিরোধের মুখে হাসিনার সে চেষ্টা সফল না হলেও অন্তর্বর্তী সরকার শেষ সময়ে এসে তড়িঘড়ি করে নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে দীর্ঘ মেয়াদি ইজারা চুক্তি সম্পন্ন করেছে বলে জানা যায়। গতকাল ইনকিলাবে প্রকাশিত রিপোর্টে জানা যায়, চট্টগ্রাম বন্দরের বৃহত্তম ও লাভজনক টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেয়ার কার্যক্রম চূড়ান্ত করতে একদিকে সরকারের নির্দেশে বন্দরের শীর্ষ কর্মকর্তারা ঢাকায় অবস্থান করছেন অন্যদিকে শ্রমিক কর্মচারী ঐক্যজোটের(স্কপ) নেতারাও এই অশুভ চুক্তি ঠেকাতে আন্দোলনের নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত নিউমুরিং টার্মিনাল বন্দর কর্র্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে নির্মিত ও পরিচালিত সবচেয়ে গতিশীল ও লাভজনক টার্মিনাল। এই টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার কোনো যৌক্তিক কারণ নেই বলে মনে করেন স্কপের নেতারা। চুক্তি সম্পন্ন হলে বন্দর পরিচালনা ব্যয় হিসেবে প্রতি বছর ডিপি ওয়ার্ল্ডকে কমপক্ষে ১১শ’ কোটি টাকা দিতে হবে বলে জানা গেছে। এর আগে এনসিটি ইজারা চুক্তির বিরোধিতায় রাজপথের আন্দোলনের পাশাপাশি উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। গত বছর ডিসেম্বরের প্রথমদিকে হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায়ের কারণে ডিপি ওয়ার্ল্ডের সাথে ইজারা চুক্তির তোড়জোড় কিছুটা স্তিমিত হয়ে পড়লেও ২৯ জানুয়ারি আদালতের চূড়ান্ত রায় বা নির্দেশনা চুক্তির পক্ষে যাবে, এমন সম্ভাবনার কারণেই সংক্ষিপ্ত রায় প্রকাশিত হওয়ার সাথে সাথেই তড়িঘড়ি চুক্তির কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে সরকারের সংশ্লিষ্টরা।

পুরো জাতি যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে, তখন অন্তর্বর্তী সরকার কেন সামাজিক-রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করে ঘটা করে নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দিতে এমন মরিয়া হয়ে উঠেছে, এই প্রশ্ন উঠছে। বিগত হাসিনা সরকার ভারতের সাথে বেশকিছু বিতর্কিত চুক্তি করে অনেক বিতর্ক ও জনরোষের শিকার হলেও বন্দর বিদেশিদের কাছে ইজারা দেয়ার পরিকল্পনায় সফল হননি। জুলাই অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তী সরকার বিদেশিদের কাছে বন্দর ইজারা দেয়ার যে পরিকল্পনা ঘোষণা করেছিল তা দেশের মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। এখন আদালতের কাঁধে বন্দুক রেখে দেশের স্বার্থবিরোধী ইজারা চুক্তি করা হলে তা প্রতিহত করার ডাক দিয়েছেন স্কপের নেতারা। এনসিটি ইজারার বিরোধিতায় তারা জরুরি বৈঠক করে চট্টগ্রামের জাতীয়তাবাদী শ্রমিক দল ও সিবিএ নেতারা ৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম থেকে বিরত বা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। চট্টগ্রাম বন্দরের কৌশলগত ও লাভজনক টার্মিনাল হিসেবে এনসিটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেয়া হলে তা বন্দরের নিরাপত্তা, রাজস্ব বা অর্থনৈতিক স্বার্থ ও কর্মসংস্থানের উপর বিরূপ প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ প্রান্তে এসে তড়িঘড়ি করে বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং টার্মিনাল ইজারা দিতে হাসিনা আমলের বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি। আর নিউমুরিং টার্মিনাল বন্দরের প্রধান অঙ্গ। বন্দর কর্তৃপক্ষ প্রায় পৌনে তিন হাজার কোটি টাকা ব্যয়ে এনসিটির আধুনিকায়নের পর থেকে সাইফ পাওয়ার টেক দেড় যুগ ধরে বন্দর পরিচালনা করছিল। বন্দরের মোট আয়ের ৬০ শতাংশই আসছে এনসিটি থেকে। গত জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এনসিটি পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে এর গতিশীলতা ও কার্যক্ষমতা প্রায় ২৭ শতাংশ বেড়েছে বলে জানা যায়। উন্নত ও স্বচ্ছ পরিচালনা পদ্ধতি, উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্যান্ট্রি ক্রেনসহ অত্যাধুনিক প্রযুক্তিগত সক্ষমতার কারণে নিউ মুরিং টার্মিনালে এখনই নতুন বিনিয়োগের কোনো প্রয়োজন নেই। এহেন বাস্তবতায় আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ছেড়ে দেয়ার যৌক্তিক কোনো কারণ নেই।

বিশেষত অন্তর্বর্তী সরকার এবং পুরো জাতি যখন জাতীয় নির্বাচন নিয়ে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন, তখন বিগত সরকারের পরিকল্পনা বাস্তবায়নে তাদের এমন আগ্রহ নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের শুরুতেই গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মওকুফসহ বেশকিছু সুযোগ সুবিধার প্রসঙ্গ উঠে এসেছিল। এখন সরকারের শেষ সময়ে এসে অতি দ্রুততায় নিউমুরিং টার্মিনাল ইজারার উদ্যোগকে স্বাভাবিকভাবে মেনে নেয়া যায় না। এ ধরনের পদক্ষেপ নির্বাচিত সরকার কিংবা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। এটি একটি অন্তর্বর্তী সরকার হলেও এই সরকারের কার্যক্রম জবাবদিহির বাইরে নয়। এর আগে গতবছর লালদিয়া চর কন্টেইনার টার্মিনাল ডেনমার্কের একটি কোম্পানির কাছে এবং পানগাঁও কন্টেইনার টার্মিনাল সুইজারল্যান্ডের কোম্পানির কাছে ঝটিকা বেগে ইজারা দেয় ইউনূস সরকার। এসব কার্যক্রম নিয়ে যেসব বির্তক ও অভিযোগ উঠছে তা অমূলক নয়। জাতীয় স্বার্থ, নিরাপত্তার কারণেই এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেয়া উচিত ছিল। বিশেষত বন্দর ব্যবহারকারী ও শ্রমিক-কর্মচারীদের ঐক্যবদ্ধ দাবিকে গ্রাহ্য করে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তির প্রশ্নে সরকারকে ত্বরিৎ সিদ্ধান্ত গ্রহণের নীতি পরিহার করতে হবে।