আইনশৃঙ্খলার অবনতিজনিত উদ্বেগ কোনোভাবেই কাটিতেছে না। বুধবার প্রকাশিত সমকালের শীর্ষ প্রতিবেদন অনুযায়ী, দেশে পাঁচ ঘণ্টার ব্যবধানে গত সোমবার তিন জেলায় তিনটি নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়াছে– সন্ধ্যা ৬টার দিকে যশোরের মনিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামে এক ব্যবসায়ীকে মাথায় গুলি ও ছুরি দিয়া গলা কাটিয়াছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের রাউজানে সিকদারপাড়ায় রাত্রি ৮টার দিকে মুহাম্মদ জানে আলম সিকদার নামে এক যুবদল নেতাকে মাথায় গুলি করিয়া খুন করা হয়। ইহার তিন ঘণ্টা পর নরসিংদীর পলাশে গুলি করিয়া খুন করা হয় মনি চক্রবর্তী নামে আরেক ব্যবসায়ীকে। দুঃখজনক হইলেও সত্য, গত ১৬ মাসে এহেন রোমহর্ষক খুনের ঘটনা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বারংবার ঘটিলেও সরকারের কোনো হেলদোল দৃশ্যমান নয়। এই সম্পাদকীয় স্তম্ভে বারংবার আমরা জননিরাপত্তা লইয়া শঙ্কা প্রকাশ করিলেও পরিস্থিতির উন্নতি হয় নাই। উক্ত সময়ে সরকার দুই দফা অপারেশন ডেভিল হান্ট নামক পুলিশি অভিযান চালাইলেও পরিস্থিতির উপর উহার ন্যূনতম প্রভাব দৃশ্যমান নহে। তৎসহিত ইহাও বলা প্রয়োজন, ইতোপূর্বে দেশে চাঞ্চল্যকর যেই সকল হত্যাকাণ্ড ঘটিয়াছে, সেইগুলির যথাযথ বিচার হইলে গুরুতর অপরাধ সংঘটনে সংশ্লিষ্টরা দ্বিতীয় ভাবনা ভাবিত।
সমকালের প্রতিবেদনে স্পষ্ট, রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার ও ব্যক্তিগত শক্রতাকে কেন্দ্র করিয়া প্রাণগুলি ঝরিতেছে। বিশেষত যশোর ও নরসিংদীর ঘটনায় কেহ কেহ বিশেষ সহিংসতার গন্ধ পাইলেও সরকার উহার ব্যাখ্যা দিতে যতটা ব্যস্ত, তাহার কিয়দংশও এহেন অপরাধ বন্ধে পরিলক্ষিত হইতেছে না। ফলে প্রতিটি হত্যাকাণ্ডেই সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাজনিত শঙ্কা সৃষ্টি হইতেছে। আমরা দেখিয়াছি, নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি লইয়া মঙ্গলবার হতাশা ব্যক্ত করিয়াছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রধান নির্বাচন কমিশনারের সহিত বৈঠকের পর সাংবাদিকদের তিনি যথার্থই বলিয়াছেন, অনেক এলাকায় এখনও চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসীরা ঘুরিয়া বেড়াইতেছে, যাহাদের জেলের বাহিরে রাখিয়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নহে। সমকালের প্রতিবেদনে স্পষ্ট, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার হইতে পালাইয়া যাওয়া বন্দিদের ফেরারি হওয়া এবং কারাগার হইতে খোয়া যাওয়া অস্ত্রের উল্লেখযোগ্য অংশ এখনও বেহাত। তদুপরি, ইতোমধ্যে বহু শীর্ষ সন্ত্রাসী জামিনে কারাগারের বাহিরে আসিয়াছে। উহাদের অনেকেই পুনরায় অপরাধজগতে সক্রিয় হইয়াছে। আমরা জানি, দেশের গণতান্ত্রিক উত্তরণে এইবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষও গভীর আগ্রহ লইয়া ভোট দিবার জন্য অপেক্ষা করিতেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি অব্যাহত থাকিলে নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিঃসন্দেহে হ্রাস পাইবে, গণতন্ত্রের জন্য যাহা শুভ হইবে না।
বস্তুত দেশে যেই হারে মব সহিংসতা ঘটিয়া চলিয়াছে, যাহার থাবা হইতে এমনকি সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ও রক্ষা পায় নাই, অন্যদিকে এই সকল কিছুতে অন্তর্বর্তী সরকার পরোক্ষ হইলেও প্রশ্রয় দিয়াছে, তাহাতে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখিয়া বিস্মিত হইবার কোনো কারণ নাই। অস্বীকার করা যাইবে না, গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করিয়া পুলিশ বাহিনী যেই নৈতিক মনোবল হারাইয়াছিল, উহা হইতে উত্তরণ কষ্টসাধ্য। প্রতিশ্রুতি সত্ত্বেও অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদাররূপে গড়িয়া তুলিতে পারে নাই। কিন্তু নির্বাচন সম্মুখে রাখিয়া এই সকল অজুহাত গ্রহণযোগ্য হইতে পারে না। সরকারকে শেষ ভালো হিসাবে নির্বাচনের সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে তাহার সদিচ্ছা প্রমাণ করিতেই হইবে। প্রার্থীরা যাহাতে অবাধে স্ব স্ব নির্বাচনী প্রচারণা চালাইতে পারেন এবং ভোটাররা নিঃশঙ্ক চিত্তে ও অনুকূল পরিবেশে ভোটকেন্দ্রে যাইতে পারেন, তজ্জন্য পূর্বেই সকল ব্যবস্থা লইতে হইবে। গোয়েন্দা বাহিনীসহ সকল বাহিনী তৎপর হইলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন একেবারে অসম্ভব নহে। এই ক্ষেত্রে রাজনীতিকদেরও সহায়ক ভূমিকা পালন করিতে হইবে। সর্বোপরি, অভিযানের নামে নিরপরাধ মানুষ যাহাতে হেনস্তার শিকার না হয়, তাহাও নিশ্চিত করিতে হইবে।
