রাজধানীর সর্বত্র খাবারের দোকান। ফুটপাত-রাস্তা, অলিগলি থেকে শুরু করে এহেন স্থান নেই, যেখানে খাবারের দোকান নেই। হাজার হাজার ছোট-বড় খাবারের দোকান। এসব দোকানে ডালপুরি-ফুসকা থেকে আরম্ভ করে পোলাও-বিরিয়ানিসহ বিভিন্ন নামী-দামী খাবার বিক্রি হয়। সব ধরনের ও মানের খাবার দোকানে মানুষের এত ভিড় যে, অনেক সময় দোকানগুলো খাবার সরবরাহ করতে হিমশিম খায়। এই শহরে প্রায় তিন কোটি লোকের বসবাস বা অবস্থান। কর্মজীবী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ সকাল থেকে রাত অবধি তাদের কাজে ব্যস্ত থাকে। অন্যদিকে বিভিন্ন উপলক্ষে হাজার হাজার মানুষ বাইরে থেকে এ শহরে আগমন করে। এইসব মানুষের অধিকাংশই নাস্তা, দুপুরের খাবার এমনকি রাতের খাবারও খেয়ে থাকে এসব খাবার দোকান ও হোটেল-রেস্তোরাঁ থেকে।

কর্মজীবী, পেশাজীবী এবং বিভিন্ন প্রয়োজনে বাইরে থেকে আসা মানুষগুলো সময়স্বল্পতা ও ব্যস্ততার কারণে এসব খাবারের দোকান থেকে খাবার কিনতে বাধ্য হয়। ফুটপাত-রাস্তা, হোটেল-রেস্তোরাঁর খাবার সহজপ্রাপ্য ও মুখবোচক হওয়ায় শিশু থেকে বয়স্ক ও বৃদ্ধ পর্যন্ত সবাই পছন্দ করে। এজন্য খাবার দোকানের সংখ্যা হু হু করে বাড়ছে। প্রশ্ন হলো, এসব দোকানে যেসব খাবার বিক্রী হয়, সে সবের মান কেমন? স্বাস্থ্যসম্মত, নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, অধিকাংশের খাবার মানসম্পন্ন নয়, বরং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফুটপাত-রাস্তা, অলিগলির ডালপুরি, ফুসকা, চটপটি, ভাজাপোড়া কিংবা হোটেল-রেস্তোরাঁর পোলাও-বিরিয়ানি, কাবাব তৈরিতে স্বাস্থ্যবিধি লংঘনের গুরুতর অভিযোগ রয়েছে। খাবার প্রস্তুত, সংরক্ষণ, পরিবেশন প্রতিটা ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব রয়েছে। রান্নাঘর, খাদ্যপণ্য রাখার জায়গা, পানির সংস্থানস্থল, কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই নেই। এই অমানসম্পন্ন পরিবেশে তৈরি ও পরিবেশিত খাবার খাওয়ার পর যে কোনো ব্যক্তির রোগাক্রান্ত হওয়া স্বাভাবিক। হচ্ছেও। খোলা জায়গায় যেসব খাবার রান্না হয়, উন্মুক্ত স্থানে রাখা হয়, সেসব খাবারের, বিশেষ করে বিভিন্ন ধরনের ভাজাপোড়া খেলে পেটের নানা ব্যাধি থেকে ডায়রিয়া-কলেরা প্রায় অবধারিত। চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিম্মমানের এবং ভেজাল হানিকর রং মিশ্রিত খাবার খেলে কিডনি রোগ, ক্যান্সার প্রভৃতি মারাত্মক রোগ হতে পারে। দেশে কিডনি রোগ, ক্যান্সার, হৃদরোগ ইত্যাদি ভয়াবহ রূপ নেওয়ার অন্যতম প্রধান কারণ, অখাদ্য, কুখাদ্য, ভেজাল ও দূষণযুক্ত খাবার খাওয়া।

খাবার ছাড়া মানুষ কেন, কোনো প্রাণীই বাঁচতে পারে না। শুধু খাবার খেলেই চলে না, খাবারের সঙ্গে পানিরও প্রয়োজন। মানুষের বা প্রাণীর জীবনধারণের জন্য খাবার ও পানি সমানভাবে অত্যাবশ্যক। মানুষের রোগব্যাধির মূলে আছে, খাবার ও পানি, যদি তা নি¤œমানের ও দূষিত হয়। রোগ-ব্যাধি শুধু শারীরিক কষ্ট ও অসামর্থ্যরে হেতু নয়, অনেক সময় মৃত্যুরও কারণ। বিশেষজ্ঞদের মতে, আমাদের দেশে চিকিৎসার ব্যয়নির্বাহ করতে গিয়ে অনেকে পথের ফকিরে পরিণত হয়। দারিদ্র্য বৃদ্ধির একটা উল্লেখযোগ্য কারণ এই চিকিৎসা ব্যয়। দেশের স্বাস্থ্য খাতের অবস্থা খুবই লাজুক। কোভিডের সময় এটা প্রমাণিত হয়েছে। পরিতাপের বিষয়, কোভিড পরবর্তী এই ক’বছরে স্বাস্থ্য ব্যবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এটা নতুন করে প্রমাণিত হয়েছে হামের মতো রোগের মহামারি আকারে ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে। ইতোমধ্যে হামে কয়েকশ’ শিশুর মৃত্যু হয়েছে এবং অন্তত ৩০ হাজার শিশু আক্রান্ত হয়েছে। হামের টিকার সংগ্রহ ও সরবরাহ যথাসময়ে নিশ্চিত না করতে পারার কারণেই এই মর্মান্তিক শিশুমৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে। দেশ ব্যাঙের ছাতার মতো ছেয়ে গেছে হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টারে। এসব হাসপাতাল-সেন্টারে রোগীর কোনো কমতি নেই। বরঞ্চ বাড়ছে। আরো নতুন নতুন হাসপাতাল ও সেন্টার গড়ে উঠছে । দেশের দারিদ্র্য, নি¤œ ও মধ্যবিত্ত, এমনকি উচ্চবিত্ত লোকদের আয়-রোজগারের একটা বড় অংশ চিকিৎসাবাবদ ব্যয় হয়ে যাচ্ছে। এই ঘেরাটোপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হলে চিকিৎসাব্যবস্থার আগাপাছতলা সংস্কার করতে হবে। চিকিৎসাকে সাশ্রয়ী, সহজলভ্য ও কার্যকর করতে হবে। একথা বলা হয়ে থাকে, রোগের চিকিৎসার চেয়ে যাতে রোগ না হয়, সে ব্যবস্থা নেয়াই শ্রেয়। এটাই উত্তম পন্থা রোগ-ব্যাধি থেকে নিরাপদ থাকার।

যেহেতু রোগব্যাধির একটা বড় কারণ দূষিত, মানহীন খাবার ও পানি, সুতরাং খাবার ও পানির ব্যাপারে সতর্ক হওয়ার বিকল্প নেই। রাজধানীসহ দেশের সর্বত্র ফুটপাত-রাস্তার দোকান এবং ছোট-বড় হোটেল-রেস্তোরাঁয় যেসব খাবার বিক্রি হয় তার মান সম্পর্কে আগেই বলা হয়েছে। পানির ব্যাপারে বিশেষজ্ঞ অভিমত হলো, মানহীন ও দূষিত পানির কারণে মানুষ অন্তত ৭৫ রকম রোগে আক্রান্ত হতে পারে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন সময় হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালায়। আমরা ওইসব অভিযানে সংশ্লিষ্ট হোটেল-রেস্তোরাঁর যে চিত্র দেখতে পাই তা অনেক ক্ষেত্রে ভয়াবহ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একজন কর্মকর্তা ইনকিলাবকে জানিয়েছেন, ফুটপাত-রাস্তা ও অলিগলিতে যেসব খাবার দোকান আছে সেসবে কোনো অভিযান চালানো হয় না।

অথচ বাইরে যারা খায়, তাদের বেশির ভাগই নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ। তারাই সবচেয়ে বেশি স্বাস্থ্যহানি ও রোগব্যাধির শিকার হয়। ওই কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয় চাইলে ওইসব খাবার বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রণালয় এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা করি। পানির শুদ্ধতা নিরূপণের বিষয়ে কোনো অভিযান চালানো হয় কিনা আমাদের জানা নেই। তবে বিভিন্ন গবেষণা ও সমীক্ষায় অনেক কোম্পানির বোতলজাত পানি মানসম্পন্ন নয় বলে জানা যায়। বিএসটিআই মাঝে-মধ্যেই এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ নিতে পারে এবং অমানসম্পন্ন পানির কোম্পানির বিরূদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। ওয়াসার পানির মান নিয়ে প্রশ্ন অনেক দিনের। কীভাবে ওয়াসার পানিকে মানসম্পন্ন ও পানোপযোগী করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় কার্যব্যবস্থা নেয়া সময়ের বড় দাবি। মোটকথা, বিশুদ্ধ খাবার ও পানি যেকোনো মূল্যে নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, কোন দেশ কতটা সভ্য, তার একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি হলো, সে দেশের খাবার কতটা বিশুদ্ধ ও মানসম্পন্ন।