রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে উত্তরার ১৮ নম্বর সড়কের ৩৪ নম্বর ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ভবনের দুটি ফ্লোরে। ৬ তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ডুপ্লেক্স ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা জানিয়েছেন, আগুন নেভানোর পর তিনজনের লাশ উদ্ধার করা হয়।এছাড়া ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। নিহত ৬ জন দুই পরিবারের সদস্য বলে জানা গেছে। আগুন লাগার কারণ স¤পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, যতটুকু তথ্য পাওয়া গেছে, তাতে দোতলার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কিংবা গ্যাস লিকেজের কারণে হতে পারে। এদিকে স্থানীয় বাসিন্দারা প্রাণহানির জন্য ভবনের মালিকের অবহেলাকে দুষছেন। তারা তার গ্রেফতারেরও দাবি জানিয়েছেন।
রাজধানীতে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা গ্যাস সিলিন্ডারের লিকেজ ও বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা অনেকটা নিয়মিত হয়ে পড়েছে। বিশেষ করে গ্যাস সিলিন্ডারের লিকেজ ও বিস্ফোরণের ঘটনা বেশি ঘটছে। প্রাকৃতিক গ্যাস সংকটের কারণে বহু বছর ধরেই দেশে আমদানিকৃত তরল গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আবাসিক এলাকায় ব্যবহৃত হয়ে আসছে। এতে অগ্নিকাণ্ডের ঝুঁকিও বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে গ্যাসভর্তি সিলিন্ডারের নিরাপত্তা মান ও সচেতনতার অভাবের কথা বারবার বলা হয়েছে। এমনিক গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহারেরও অভিযোগ উঠেছে। বহুব্যবহৃত সিলিন্ডার বা যথাযথভাবে নিরাপত্তা নিশ্চিতে খামখেয়ালি করা নিয়ে পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সিএনজিচালিত যানবাহনেও মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। এতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে ভয়াবহ দুর্ঘটনা ঘটার বহু নজির রয়েছে। বাসাবাড়িতেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। উত্তরায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, তাতে গ্যাস সিলিন্ডারের লিকেজ হওয়ার অনুমান করা হচ্ছে। যথাযথ তদন্ত করলে প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে। বলার অপেক্ষা রাখে না, বৈদ্যুতিক লাইন ও সিলিন্ডারভর্তি গ্যাস অত্যন্ত সেনসেটিভ। এগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। আমাদের দেশে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বেশিদিনের নয়। গ্যাসভর্তি সিলিন্ডার মানেই বোমাসদৃশ। এগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবহারবিধি সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতার অভাব রয়েছে। যার ফলে, বিভিন্ন সময়ে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসাবাড়িতে যেসব প্রতিষ্ঠান গ্যাসসিলিন্ডার সরবরাহ করে এবং যারা তা চুলার সাথে সংযোগ দেয়, তাদের ভালোভাবে প্রশিক্ষণ থাকা দরকার। পাশাপাশি যেসব পরিবার গ্যাসসিলিন্ডার ব্যবহার করে তাদের যথাযথভাবে তার ব্যবহারবিধি বুঝিয়ে দিতে হবে। কখন গ্যাস সিলিন্ডারের লাইন চালু ও বন্ধ করতে হবে, এ ব্যাপারে ধারণা দিতে হবে। গ্যাসসিলিন্ডার প্রতিস্থাপন ও খোলার বিষয়টি জানা অত্যন্ত জরুরি। ঠিকমতো চুলার সাথে সংযোগ স্থাপিত হয়েছে কিনা, গ্যাস লিকেজ হচ্ছে কিনা, খোলার সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার, রান্না ঘরের জানালা খুলে রাখা, গ্যাসের গন্ধ পাওয়া গেলে কি করা প্রয়োজন ইত্যাদি বিষয়গুলো ব্যবহারকারিদের ভালোভাবে গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বুঝিয়ে দিতে হবে। এই ধরনের সতর্কতা ও সচেতনতায় ঘাটতি থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়।
গত কিছুদিন ধরে গ্যাসসিলিন্ডারের আকাল দেখা দিয়েছে। গ্রাহকরা সরকার নির্ধারিত দামের দ্বিগুণ বেশি দিয়েও গ্যাসসিলিন্ডার পাচ্ছে না। অনেক বাসাবাড়িতে গ্যাসের অভাবে রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। অনেকে পরিবারকে বাইরের খাবার কিনে খেতে হচ্ছে। অভিযোগ রয়েছে, সরবরাহকারি প্রতিষ্ঠানগুলো সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসসিলিন্ডার সরবরাহ কমিয়ে দিয়েছে। এতে সাধারণ মানুষ অসহনীয় দুর্ভোগে পড়েছে। এ ব্যাপারে সরকারের কোনো বিকার নেই। কেন ও কি কারণে সিলিন্ডারগ্যাস সংকট তীব্র হয়ে উঠেছে, জনদুর্ভোগ চরমে উঠেছে, তার কারণ ও প্রতিকারের ব্যবস্থা সরকারের তরফ থেকে নেই। এ সুযোগে সিন্ডিকেট মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। পুরণো ও ঝুঁকিপূর্ণ সিলিন্ডারে গ্যাস সরবরাহ করছে, যা ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা সৃষ্টি করেছে। উত্তরায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটেছে, তাতে বৈদুত্যিক শর্টসার্কিটের আশঙ্কার কথাও বলা হচ্ছে। বৈদ্যুতিক লাইনের ত্রুটিজনিত স্পার্ক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়া অস্বাভাবিক নয়। অতীতে এ কারণে বহু অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ব্যাপারেও যথাযথ সচেতনতা ও সর্তকতার বিকল্প নেই।
