শরিয়াভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার সম্প্রসারণ এবং ডিজিটাল লেনদেন বাড়াতে নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ইসলামি ধারার ব্যাংকের ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনার পূর্ণাঙ্গ নীতিমালাও জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ নীতিমালায় গ্রাহক ও ব্যাংক উভয় পক্ষের জন্যই স্পষ্ট কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এ কার্ডের কার্যক্রম যেন সম্পূর্ণ সুদমুক্ত ও শরিয়াহসম্মত হয়, সে জন্য কী করা যাবে এবং কী করা যাবে না, তা সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অ্যালকোহল, জুয়া, নাইট ক্লাব, প্রচলিত বীমা কোম্পানি, অবৈধ ডেটিং বা ম্যাচমেকিং এবং পর্ক সংক্রান্ত (শূকরের মাংস) ব্যবসা প্রতিষ্ঠানে ইসলামিক ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না। এখন ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ইসলামিক ক্রেডিট কার্ড আছে। শরিয়াহসম্মত লেনদেন ব্যবস্থার উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক অধিকার সুরক্ষায় এই নীতিমালা করা হয়েছে।

‘ইসলামিক ক্রেডিট কার্ড’-এই নামের মধ্যে একটি বার্তা আছে। অর্থাৎ এ ক্রেডিট কার্ড ব্যবহারে ইসলামের মূল্যবোধ সমুন্নত রাখতে হবে। নির্দেশনায় তা উপলব্ধি করা যায়। নির্দেশনায় বলা হয়েছে, ইসলামিক ক্রেডিট কার্ড ব্যবহার করে শরিয়াহ বিরোধী বা বেআইনি কোনো পণ্য বা সেবা কেনা যাবে না। এ জন্য ব্যাংকগুলোকে সিস্টেম লেভেলে ‘মার্চেন্ট ক্যাটাগরি কোড’ ব্লক করে রাখতে হবে। যেমন অ্যালকোহল, জুয়া, নাইটক্লাব, শূকরের মাংস সংক্রান্ত ব্যবসা প্রতিষ্ঠানে এই কার্ড কার্যকর হবে না। নতুন নির্দেশনা অনুসারে ব্যাংক শুধু কার্ড ইস্যু, নবায়ন, প্রতিস্থাপন, নেটওয়ার্ক সুবিধা এবং হিসাব রক্ষণাবেক্ষণের মতো নির্দিষ্ট সেবার জন্য নির্ধারিত ‘উজরহ’ বা মাশুল নিতে পারবে। গ্রাহক সময়মতো বিল পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক কোনো ‘বিলম্ব জরিমানা’ নিয়ে আয় হিসেবে নিতে পারবে না। তবে গ্রাহক চুক্তির সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দাতব্য সংস্থায় দান করার প্রতিশ্রুতি (ইলতিজাম বি আততাবাররু) দেবেন। নতুন কার্ড চালুর আগে ওয়ান টাইম পাসওয়ার্ডভিত্তিক সম্মতি নিতে হবে। কার্ডের তথ্য সম্পূর্ণ গোপন রাখতে হবে। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া কার্ড ব্লকের অনুরোধ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে অননুমোদিত লেনদেন অর্থ ফেরত দিতে হবে। এছাড়া কার্ডে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রচলিত ক্রেডিট কার্ডের মতো এটিকে গ্রাহকের ঋণের ওপর ভিত্তি করে ব্যাংকের আয়ের উৎস হিসেবে ব্যবহার করা যাবে না।

বর্তমান সভ্যতায় ক্রেডিট কার্ড কোনো নতুন বিষয় নয়। তবে প্রচলিত ক্রেডিট কার্ডের সাথে ইসলামিক ক্রেডিট কার্ডের কিছু পার্থক্য রয়েছে। এ কার্ডের নীতিমালায় হালাল-হারামের বিষয়টি যুক্ত আছে। অ্যালকোহল, জুয়া, নাইটক্লাবের মত হারাম পণ্য বা সেবা কেনা যাবে না এই কার্ড দিয়ে। হারাম পণ্য বা সেবায় ইসলামিক ক্রেডিট কার্ড কার্যকর হবে না। আরো কিছু পার্থক্য রয়েছে প্রচলিত ক্রেডিট কার্ডের সাথে এ কার্ডের। তবে ঘোষিত নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন সব প্রতিষ্ঠানের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে এ ধারা কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়।