মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যেই ভাষণ দিয়াছেন, উহাকে আমরা তাৎপর্যপূর্ণ বলিয়া মনে করি। বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন সম্মুখে রাখিয়া তিনি এই ভাষণ দিয়াছেন বলিয়া সংগত কারণেই নির্বাচন গুরুত্ব পাইয়াছে। তিনি নির্বাচনের পূর্বে প্রতিটি দিবসকে যেইভাবে উৎসবমুখর করিয়া রাখিবার আহ্বান জানাইয়াছেন, উহা জরুরি হইলেও বিপরীত চিত্র দৃশ্যমান। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে জনমনে এখনও শঙ্কা বিরাজ করিতেছে। ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করিয়া হত্যাচেষ্টার মধ্য দিয়া প্রার্থীদের নিরাপত্তার নাজুকতা স্পষ্ট। বিশষ করিয়া মূল অপরাধী এখনও গ্রেপ্তার না হইবার কারণে মানুষ আশ্বস্ত হইতে পারিতেছে না। তবে প্রধান উপদেষ্টা যখন তাঁহার ভাষণে বিষয়টি উল্লেখ করিয়াছেন, তখন তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথোপযুক্ত ব্যবস্থা লইবেন বলিয়া আমাদের বিশ্বাস।
মুহাম্মদ ইউনূস যথার্থই বলিয়াছেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট হইবে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত এবং এই ভোটের উপরই নির্ভর করিতেছে দেশের ভবিষ্যৎ। বলা বাহুল্য, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন উপহার দিবার মাধ্যমে দেশকে গণতান্ত্রিক পথে পরিচালনা অন্তর্বর্তী সরকারের একটি প্রধান কাজ। নির্বাচন কমিশনের তপশিল ঘোষণার মাধ্যমে সেই পথে সরকার অনেকটাই অগ্রগামী। কিন্তু ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট অনুষ্ঠান পর্যন্ত এই সময়টা অন্তর্বর্তী সরকারের জন্য পরীক্ষার ন্যায়। এই পরীক্ষায় উত্তীর্ণ হইবার জন্য সরকারের কঠোর হইবার বিকল্প নাই। বর্তমান সরকারপ্রধান হিসাবে প্রধান উপদেষ্টার স্কন্ধেই এই গুরুদায়িত্ব সর্বাগ্রে বর্তায়।
প্রধান উপদেষ্টা নির্বাচন ঘিরিয়া নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে গুরুত্বের সহিত বিবেচনার বিষয়টি যথার্থই উল্লেখ করিয়াছেন। বাস্তবেও উহার প্রতিফলন ঘটাইবার বিকল্প নাই। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলিকেও আগাইয়া আসিতে হইবে। নির্বাচনের গ্রহণযোগ্যতা ও পবিত্রতা রক্ষার জন্য রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা যে অপরিসীম, উহা তিনি উল্লেখ করিয়া বলিয়াছেন, রাজনৈতিক দলগুলি যেন একে অপরকে শত্রুরূপে না দেখিয়া প্রতিযোগীরূপে দেখে। নির্বাচনের মাঠে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশ তৈয়ার করিবার বিষয়ে রাজনৈতিক দলগুলির দায়িত্ব অপরিসীম। প্রধান উপদেষ্টা তাঁহার ভাষণে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের অবতারণা করিলেও নির্বাচনের বিষয়টিই বারংবার উল্লেখ করিয়াছেন।
স্মরণে রাখিতে হইবে, দীর্ঘ সময় মানুষ তাহার ভোটাধিকার প্রয়োগ করিতে পারে নাই। বস্তুত চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের সহিত বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানেরও গভীর সংযোগ রহিয়াছে। গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আজকের যেই পরিবেশ আসিয়াছে, তাহা রক্ষা করিবার দায় সকলের। তবে সরকারকে আইনশৃঙ্খলা লইয়া জনমনে যেই উদ্বেগ রহিয়াছে, উহা দূর করিতেই হইবে। প্রার্থীর অবাধে নির্বাচনী প্রচারণা চালাইবার এবং ভোটারের ভোটকেন্দ্রে যাইবার নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতে পূর্ব হইতে ব্যবস্থা লইতে হইবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বিশেষ অভিযানের সূচনা করিয়াছে বটে, উহার সহিত অবৈধ অস্ত্র উদ্ধার এবং শীর্ষ ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারে সমন্বিত ও জোরালো পদক্ষেপ লইতেই হইবে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হইলে উহা নিরাপত্তা লইয়া নতুন শঙ্কা তৈয়ার করিবে কিনা, উহাও ভাবিতে হইবে।
প্রধান উপদেষ্টা তাঁহার ভাষণে যেইভাবে আশ্বাস দিয়াছেন; সরকার গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা উহাতে আশ্বস্ত হইতে চাই। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনকেও কঠোর হইতে হইবে এবং তাহাদের পূর্ণ সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তার বিকল্প নাই। ভোটের প্রস্তুতি লইয়া নির্বাচন কমিশন এখনও যেই অগোছালো অবস্থায় রহিয়াছে, উহা দ্রুত কাটাইয়া উঠিতে হইবে।
