শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট কতটা শক্তিশালী, দুইটি মৃত্যুর অঘটনই উহার প্রমাণ। মঙ্গলবার ইহার বলি হইয়াছেন জামশেদ আলী। তাঁহাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করিবার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে রেফার করা হইলেও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হস্তক্ষেপজনিত বিলম্বের কারণে তথায় পৌঁছাইবার পূর্বেই তিনি মৃত্যুর কোলে ঢলিয়া পড়েন। সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পরিবারের লোকজন রোগীকে ঢাকায় লইয়া যাইবার জন্য সাড়ে ছয় সহস্র টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করিলেও স্থানীয় অ্যাম্বুলেন্স চক্রের লোকজন আরও দুই সহস্র টাকা দাবি করেন। পরে ঢাকাগামী আরেক অ্যাম্বুলেন্সকে পাঁচ সহস্র টাকায় ভাড়া করিবার পর রওনা দিতে গেলে দুইবার উহার গতিপথে বাধা প্রদান করে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। অহেতুক এই বিলম্ব হইবার কারণে অ্যাম্বুলেন্সটি যখন ঢাকার বাংলামোটরে পৌঁছায় তখনই রোগী মারা যান এবং নিউরোসায়েন্সেস হাসপাতালে পৌঁছাইবার পর চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, শরীয়তপুর সদর হাসপাতাল হইতে ঢাকায় কোনো রোগী লইয়া যাইতে হইলে স্থানীয় অ্যাম্বুলেন্স চক্রকে তিন-চার সহস্র টাকা অতিরিক্ত দিতে হয়। ইহার বিপরীতটা ঘটিলেই অ্যাম্বুলেন্স থামাইয়া পদে পদে বাধা তৈয়ার করা হয়। অনুরূপ এক ঘটনা আমরা দেখিয়াছি গত বৎসরের আগস্টের মাঝামাঝি পর্যায়ে যখন একইভাবে একটি শিশুর প্রাণহানি ঘটে। ঐ সময় স্থানীয় না হইবার কারণে আটককারীরা সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্সটির চাবি কাড়িয়া লইয়া চালককে মারধর করেন। এমনকি ছাড়িয়া দিতে অনুরোধ করিবার পর রোগীর স্বজনকেও লাঞ্ছিত করা হয়। এই কারণে চিকিৎসা না পাইয়া পথেই শিশুটির মৃত্যু হয়।
চিকিৎসাসংক্রান্ত সকল সেবাই মানবিক। অ্যাম্বুলেন্সে যদ্রূপ রোগী বহন করিয়া থাকে তদ্রূপ সংকটাপন্ন মুহূর্তে রোগীর জীবন বাঁচাইতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তাও থাকে এই বাহনে। রোগীকে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছাইয়া পরিস্থিতি অনুযায়ী জরুরি সেবা প্রদান করিতে সহায়তা যেইখানে অ্যাম্বুলেন্সের প্রধান উদ্দেশ্য, সেইখানে এহেন ব্যবসায়িক সিন্ডিকেট অত্যন্ত অমানবিক। আরও হতাশার বিষয়, সেইখানকার এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটও সরকারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাই যে নিয়ন্ত্রণ করিয়া থাকেন, তাহা ইতোপূর্বে সমকালের প্রতিবেদনে উঠিয়া আসিয়াছে। এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল উদ্দেশ্য যে রোগীর পকেট কাটা, উহা বলাই বাহুল্য।
গত মধ্য আগস্টের ঘটনায় এই সম্পাদকীয় স্তম্ভে আমরা উদ্বেগ প্রকাশ করিয়াছিলাম যে, অ্যাম্বুলেন্স সেবাপ্রত্যাশী রোগীদের এহেন অসহায়ত্ব শরীয়তপুরেই সীমাবদ্ধ নহে, বস্তুত সমগ্র দেশেই একই অবস্থা চলিতেছে। ‘বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি’ ও ‘ঢাকা মেট্রোপলিটন অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি’ রাজধানীসহ বিভিন্ন জেলায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জড়িত। প্রতিটি সরকারি-বেসরকারি হাসপাতালের আশেপাশে থাকে তাহাদের শক্ত নেটওয়ার্ক। অধিকাংশ অ্যাম্বুলেন্সের মালিক হাসপাতালের কর্মী, প্রভাবশালী রাজনীতিক কিংবা স্থানীয় জনপ্রতিনিধি। কেহ সরাসরি মালিক; কেহ আবার মাসিক লভ্যাংশ পান। দুর্ভাগ্যবশত, ইতোপূর্বে বহুবার এই বিষয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হইলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেহ উহাতে কর্ণপাত করে নাই। ফলে অদ্যাবধি পরিস্থিতির উন্নতি ঘটে নাই, বরং সিন্ডিকেট যে শক্তিশালী হইয়াছে মঙ্গলবার বৃদ্ধের মৃত্যুই উহার প্রমাণ।
শরীয়তপুরের অঘটন প্রমাণ করিতেছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সর্বাঙ্গেই ব্যথা। নাগরিকের চিকিৎসা পাইবার অধিকার নিশ্চিতে সমগ্র ব্যবস্থা বদলের বিকল্প নাই। আমরা প্রত্যাশা করি, এই ক্ষেত্রে আগত গণতান্ত্রিক সরকার নজর দিবে এবং রাজনৈতিক দলসমূহের ইশতেহারেও উহার প্রমাণ আমরা দেখিতে চাহিব। তবে তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে বর্তমান প্রশাসনকে এই অমানবিক অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভাঙ্গিয়া দিতে হইবে। শরীয়তপুরে বৃদ্ধের মৃত্যু যাহাদের লোলুপ মানসিকতাজাত অন্যায় বাধার কারণে হইল, তাহাদের আইনের আওতায় আনিয়া শাস্তির ব্যবস্থা করিতে হইবে। নচেৎ এহেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু পুনরায় আমাদের দেখিতে হইবে।
