সেনাবাহিনী দেশের নিরাপত্তা, আত্মত্যাগ ও সৌর্যের প্রতীক। রাজনৈতিক ইতিহাস থেকে প্রাকৃতিক বিপর্যয়- জাতির প্রতিটি দুর্যোগ ও ক্রান্তিকালে সেনাবাহিনীর অনন্য ভূমিকার কথা কারো অজানা নয়। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত জাতির প্রতিটি ক্রান্তিকাল ও গৌরবজনক অর্জনে সেনাবাহিনী নির্দ্বিধায় জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের বিজয় ছিনিয়ে আনতে সহায়ক ভ’মিকা পালন করেছে। এর বিপরীত চিত্রও আছে। একটি দেশি-বিদেশি চক্র বাংলাদেশ সেনাবাহিনীকে হেয় করতে নানা ধরণের অপপ্রচারে লিপ্ত থাকতে দেখা যায়। পিলখানা ট্রাজেডি সেই ষড়যন্ত্র ও অপপ্রয়াসেরই অংশ ছিল। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও কোনো কোনো ব্যক্তিকে সেনাবাহিনী নিয়ে বেফাঁস মন্তব্য করতে দেখা গেছে, যা সেনাবাহিনীকে রাজনৈতিক বিতর্কে টেনে আনার শামিল। যদিও আমাদের সেনাবাহিনী সব সময়ই পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অক্ষুন্ন রাখতে সচেষ্ট। অতি সম্প্রতি ঢাকা ১৭ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী ডা. খালিদুজ্জামানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে ডা. খালিদুজ্জামান সেনানিবাসের গেটে দায়িত্বরত সেনা সদস্যদের সাথে তর্কে জড়িয়ে অশোভন, অসৌজ্যমূলক মন্তব্য করছেন।

যে বা যারাই সেনাবাহিনীর মান-মর্যাদার জন্য হানিকর বক্তব্য ও তৎপরতা চালাবে, জনগণ তাকে বা তাদেরকে চিহ্নিত করে প্রত্যাখ্যান করবে। ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা.খালিদুজ্জামান কিংবা যে উদ্ধত আচরণ করেছেন তা মোটেই শিক্ষিত ও আইন প্রণেতা হওয়ার মত ব্যক্তির যোগ্য বা প্রত্যাশিত আচরণ নয়। একজন সাধারণ নাগরিক সেনাবাহিনীর কর্মকান্ড বা লিগ্যাসি নিয়ে প্রশ্ন তুলবেন, এটা যেমন কারো কাছে প্রত্যাশিত বা শোভনীয় নয়, তেমনি কোনো বিশেষ ব্যক্তি, তিনি যত গুরুত্বপূর্ণই হোন না কেন, তার কাছ থেকেও এ ধরণের অনভিপ্রেত বক্তব্য প্রত্যাশিত নয়। রাষ্ট্র ও সেনাবাহিনীর নিরাপত্তা একটা সামগ্রিক ধারণা। সেনাবাহিনীর পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা দেশকে যে কোনো অস্থিতিশীল অবস্থা থেকে রক্ষা করতে পারে। সম্প্রতি ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের পর সে দেশের সেনাবাহিনীর ভূমিকা থেকে তা প্রমাণিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে জাতির ক্রান্তিকালে আমাদের সেনাবাহিনী ইতিবাচক মনোভাব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছে। জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকা এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের পক্ষে দাঁড়ানো এবং দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের পথে সহায়ক ভূমিকার জন্য সেনাবাহিনী তার প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয়নি। নির্বাচনের আগে একজন সংসদ সদস্য প্রার্থীর মুখে সেনাবাহিনী সম্পর্কে অযাচিত-অশোভন মন্তব্য উদ্বেগজনক। কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের কাছ থেকে এ ধরণের মন্তব্য অপ্রত্যাশিত।

আগামি বৃহষ্পতিবার ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল করতে একটি দেশি-বিদেশি চক্র শুরু থেকেই সক্রিয় ছিল এবং এখনো আছে। কোনো কোনো রাজনৈতিক পক্ষ নির্বাচনকে দীর্ঘায়িত করার প্রয়াসও দেখা গেছে। তবে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান বরাবরই ষড়যন্ত্র মোকাবেলা করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে এসেছেন। আশা করা যায়, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান তাদের প্রতিশ্রুতি রক্ষা করে দেশকে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে নিয়ে যেতে সক্ষম হবেন। এ ক্ষেত্রে যার যার অবস্থান থেকে দেশের আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোকে সমন্বিত ভূমিকা পালন করতে হবে।

কিন্তু সেনাবাহিনী বা পুলিশ বাহিনীকে বিশেষ দলের পক্ষে ট্যাগ লাগিয়ে দেয়া বা প্রতিষ্ঠানকে যে কোনো পক্ষের দোষারোপ বা হেয় প্রতিপন্ন করার যে কোনো প্রচেষ্টা বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী যে সব কথাবার্তা বলেছেন, তা যেমন নিন্দার্হ। সংসদ সদস্য বা জনপ্রতিনিধি হতে চাওয়া একজন ব্যক্তি যখন নির্বাচনের আগেই দেশের সেনাবাহিনী সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন, তিনি নির্বাচিত হলে বা তার দল ক্ষমতায় গেলে কি করবেন, তা নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। ব্যক্তি যে দল বা পেশার হোন, কেউ ভুলের ঊর্ধ্বে নন। তবে সেনাবাহিনী বা বিশেষ কোনো পেশা সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক বা সাবধানতা অবলম্বন করা জরুরি। তা না হলে পর্দার অন্তরালে থাকা ষড়যন্ত্রকারী তৃতীয় পক্ষ পানি ঘোলা করার সুযোগ নিতে পারে। দেশ আমাদের, সেনাবাহিনীও আমাদের। রাজনৈতিক দলাদলি বা ভোটের রাজনীতি যেন সেনাবাহিনীর মত প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা ও মর্যাদায় চির ধরাতে না পারে, সেদিকে সকলকে নজর দিতে হবে। সেনাবাহিনীর মত প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিতর্কে টেনে আনার প্রয়াস থেকে সব পক্ষকে বিরত থাকতে হবে।