গত বৎসরের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায় হইয়াছে সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রদত্ত এই রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মৃত্যুদণ্ড পাইয়াছেন। স্বীয় দোষ স্বীকারকারী রাজসাক্ষীরূপে বাংলাদেশ পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পাঁচ বৎসরের কারাদণ্ড ভোগ করিবেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ ছিল পাঁচটি– উস্কানিমূলক বক্তব্য প্রদান; ছাত্র বিক্ষোভকারী, রংপুরের আবু সাঈদ, ঢাকার চানখাঁরপুলে ছয়জনকে গুলি করিয়া এবং আশুলিয়ায় ছয়জনকে পোড়াইয়া হত্যার নির্দেশ দান। দ্বিতীয় অভিযোগসহ মোট তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হইয়াছে। আসাদুজ্জামান খান কামাল মৃত্যুদণ্ড পাইয়াছেন দুইটি অভিযোগে। সর্বোচ্চ সাজা, তৎসহিত দেশে তাহাদের সম্পদ রাষ্ট্রের অনুকূলে জব্দের নির্দেশও দিয়াছেন ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করিতেও সরকারকে নির্দেশ দেওয়া হইয়াছে।
গত বৎসর জুলাই-আগস্ট মাসের গণআন্দোলনে পুলিশসহ অন্যান্য বাহিনীর নৃশংসতা সর্বজনবিদিত। আন্দোলন দমনের লক্ষ্যে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং উহার সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী কতখানি সহিংস হইয়া উঠিয়াছিল, উহাও ভুলিয়া যাইবার অবকাশ নাই। অন্যদিকে সরকারি বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের নৃশংসতা থামাইবার ক্ষেত্রে বিশেষত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনও বলিয়াছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’-এর ঘটনা ঘটিয়াছে। এই প্রেক্ষাপটে অভিযুক্তদের কেহই আইন প্রয়োগকারী সংস্থার নৃশংসতা রোধে পদক্ষেপ গ্রহণ করেন নাই। এমনকি ঘটনার পরও তাহাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা লওয়া হয় নাই বলিয়া ট্রাইব্যুনালের রায়ে যথার্থই বলা হইয়াছে।
বিশেষত শহীদ পরিবার এবং গণঅভ্যুত্থানকালে পুলিশের গুলিতে কিংবা অন্যভাবে আহত ও স্থায়ীভাবে অক্ষম হইয়া পড়া কয়েক সহস্র মানুষের জন্য এই রায় কিছুটা হইলেও উপশমের কারণ হইবে। ইহাও বলা যায়, প্রধান উপদেষ্টা যথার্থই বলিয়াছেন, এই রায় প্রমাণ করিল ক্ষমতার অবস্থান যাহাই হউক, আইনের ঊর্ধ্বে কেহ নহে। পাশাপাশি আলোচ্য মামলা ও রায় বিশেষত বিচার প্রক্রিয়া লইয়া সচেতন নাগরিক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহের নিকট হইতে যেই সকল প্রশ্ন ও পরামর্শ আসিয়াছে, সেইগুলিও সকলের স্মরণে রাখা উচিত। বিশেষত আন্তর্জাতিক অপরাধ বিষয়ক অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান সংশ্লিষ্ট আইন ও বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা সম্পর্কে নানা পরামর্শ দিয়া আসিতেছেন, যেইগুলি বিগত সরকার আমলে লয় নাই। শেখ হাসিনার মামলার রায়ের পরও তিনি ইংরেজি সংবাদপত্র ডেইলি স্টারে কিছু পর্যবেক্ষণ তুলিয়া ধরিয়াছেন, যেগুলি প্রণিধানযোগ্য। তাঁহার মতে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য ২০১৩ সালে আবুল কালাম আজাদের (বাচ্চু) অনুপস্থিতিতে অনুষ্ঠিত বিচারের তুলনায় শেখ হাসিনার বিচারটি উত্তম ছিল না। এই জন্য তিনি ২০১৩ সালের বিচারের ন্যায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে তাহাদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবীর দুর্বলতাকে বিশেষভাবে দায়ী করিয়াছেন। তাঁহার মতে, রাষ্ট্রপক্ষের বক্তব্য ও সাক্ষ্যপ্রমাণের উপস্থাপন লইয়া অনেক প্রশ্ন উত্থাপনের সুযোগ থাকিলেও আসামিপক্ষের আইনজীবী সেই সুযোগ গ্রহণ অথবা গ্রহণের চেষ্টা করেন নাই।
আমরা মনে করি, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সকল হত্যা ও নৃশংসতায় জড়িত সকলেরই উপযুক্ত বিচার ও শাস্তি হইতেই হইবে। জুলাই গণঅভ্যুত্থানে যেই বিপুল প্রাণ ও রক্ত ঝরিয়াছে, উহা বৃথা যাইতে পারে না। কিন্তু সেই বিচার প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও আইনানুগ করিয়া তুলিবার বিকল্প নাই। শাস্তি বিধানের পূর্ব পর্যন্ত অভিযুক্ত এবং আসামিরাও যাহাতে আইনানুগ সকল অধিকার পাইতে পারেন, উহা নিশ্চিত করিতে হইবে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই। আমরা চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায়বিচারের এমন দৃষ্টান্ত প্রতিষ্ঠা করিবে, যাহা লইয়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলিও প্রশ্ন তুলিতে না পারে। বস্তুত গণতন্ত্র, সুশাসন ও স্বাধীন বিচার ব্যবস্থার জন্যই জুলাই গণঅভ্যুত্থানে এত প্রাণ ও আত্মত্যাগ স্বীকার করিয়াছিল এই জাতি।
