দেশে এইচআইভি ভাইরাসসৃষ্ট এইডস রোগীর সংখ্যা বৃদ্ধি পাইলেও উহাদের চিকিৎসা লইয়া যেই সংকটের উদ্ভব, উহাতে উদ্বিগ্ন হইবার যথেষ্ট কারণ বিদ্যমান। সমকালে প্রকাশিত এইডসের চিকিৎসা সংকটের উপর দুই পর্বের প্রতিবেদনে আমরা দেখিয়াছি, পরীক্ষার জন্য এইডস টেস্টিং কিট কতটা অপ্রতুল। তৎসহিত এইচআইভি রোগীদের উপর অপ্রয়োজনীয় পরীক্ষার বিষয়ও উপেক্ষণীয় নহে। যাহা বিস্ময়কর, ছয় মাস ধরিয়া দেশের এইডস পরীক্ষার ২৩টি সরকারি কেন্দ্রে তিন ধাপের বাধ্যতামূলক পরীক্ষার মধ্যে দুই ধাপের কিটই নাই। বিনামূল্যের রক্ত পরীক্ষার পরিবর্তে রোগীদের অনেকে বাহিরে গিয়া অর্থ দিয়া পরীক্ষা না করাইয়া ফেরত যাইতেছেন। ইহা নিঃসন্দেহে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে বড় হুমকি। তৎসহিত এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা শুরুর পূর্বেই যেইভাবে ‘ভাইরাল লোড’ পরীক্ষা বাধ্যতামূলক করা হইয়াছে, তাহাতে যদ্রূপ সরকারের অর্থের অপচয় হইতেছে, তদ্রূপ রোগীর ভোগান্তিও বর্ধমান। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, এই পরীক্ষা ঔষধ সেবন শুরুর ছয় মাস বা এক বৎসর পর করা উচিত।
স্বাস্থ্য অধিদপ্তরের এইডস ও এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য বলিতেছে, গত এক বৎসরে দেশে নূতন এইচআইভি রোগী শনাক্ত হইয়াছেন প্রায় ১৪০০; তন্মধ্যে মৃত্যু হইয়াছে ১৮৬ জনের। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা আট সহস্রাধিক। রোগীর বাড়বাড়ন্ত চিত্রই বলিতেছে, এইডস চিকিৎসার বিষয় কতটা অগ্রাধিকার পাওয়ার যোগ্য। সেইখানে পরীক্ষাই যদি ঠিকমতো করা না হয় তবে ইহার ফল ভয়ানক হইতে পারে। কিটের ঘাটতির কারণ সমকালের প্রতিবেদনে উঠিয়া আসিয়াছে। বৈদেশিক তহবিলের মেয়াদ শেষ হইবার পর হইতেই কিট সরবরাহে বিঘ্ন দেখা দিয়াছে। সরকার চলতি বৎসর এইচআইভির প্রারম্ভিক পরীক্ষা তথা ডিটারমাইনের লক্ষাধিক কিট ক্রয় করিলেও দ্বিতীয় ও তৃতীয় ধাপের ‘ইউনিগোল্ড’ ও ‘ফার্স্ট রেসপন্স’ কিট যথেষ্ট পরিমাণে সংগ্রহ করে নাই। আমরা মনে করি, এই সকল কিটও সরকারের তহবিল হইতে ব্যবস্থা করা দরকার।
সমকাল প্রতিবেদক রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে খোঁজ লইয়া দেখিয়াছেন, ছয় মাস ধরিয়াই ঐ শ্রেণির কিট নাই। প্রথম পরীক্ষায় ‘পজিটিভ’ হইবার পর উহাদের অধিকতর পরীক্ষার জন্য অবশ্যই পরবর্তী ধাপগুলি সম্পন্ন করিতে হয়।
এত দিবস ধরিয়া সেই পরীক্ষাগুলি যদ্রূপ বিনামূল্যে করা যাইত, উহার ধারাবাহিকতাও তদ্রূপ জরুরি। সরকার এই ক্ষেত্রে উহার ভার যেইভাবে রোগীদের উপর দিতেছে, তাহাতে অর্থচিন্তায় অনেকে সেই সকল পরীক্ষা নাও করিতে পারেন। এহেন পরিস্থিতিতে যেই ঝুঁকি তৈয়ার হইতেছেম উহা সামাল দেওয়া কঠিন হইবে। আমরা জানি, এইচআইভি আক্রান্ত ব্যক্তি হইতে সহজেই এই ভাইরাসে অপর ব্যক্তি আক্রান্ত হইতে পারে। শারীরিক মিলন ব্যতিরেকে ইনজেকশন বা রক্তদানের মাধ্যমেও উহা ছড়াইতে পারে। তজ্জন্য প্রাথমিকভাবে যাহাদের ‘পজিটিভ’ ফল দেখা যাইবে, সরকারে দায়িত্ব হইবে তাহাদের পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা করা। দেশে এইচআইভি এইডস চিকিৎসা ব্যবস্থা এমনিতেই অপ্রতুল। দেশে ইহার জন্য বিশেষায়িত কোনো হাসপাতালও নাই। রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে এইডস রোগী ভর্তি রাখিয়া চিকিৎসা দেওয়া হইলেও শয্যা একেবারে সীমিত। ৪০ শয্যায় এই চিকিৎসা নিশ্চিত করাও কঠিন। তবে রোগ চিহ্নিত হইলে বাড়িতে থাকিয়াও এই চিকিৎসা হইতে পারে। তজ্জন্য অন্তত পরীক্ষাগুলি যথাযথরূপে সম্পাদন করিতে হইবে। মনে রাখিতে হইবে, এই ভাইরাস কেবল যৌনকর্মী, মাদকসেবী ও তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নাই; সাধারণ মানুষও নানাভাবে আক্রান্ত হইতেছে। এই বিষয়ে আন্তর্জাতিক সহায়তা সম্প্রতি হ্রাস পাইয়াছে, তাহা আমরা জানি। তবে নিজস্ব আয়োজনে হইলেও এইচআইভির পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করিতে হইবে।
