গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসায় মানুষের আশা ছিল, তাদের ভাগ্যের পরিবর্তন হবে, অর্থনীতিতে সুবাতাস বইবে, তাদের টানাপোড়েনের জীবনে স্বস্তি আসবে, বেকারদের কর্মসংস্থান হবে, ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে, জীবনমানের উন্নয়ন ঘটবে, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। হাসিনার ভেঙে দেয়া অর্থনীতি মেরামত হবে। অন্তর্বর্তী সরকার মানুষের সে আশা তো পূরণ করতে পারেইনি, উল্টো অর্থনীতির যে বাতিটুকু টিম টিম করে জ্বলছিল, তাও নিভিয়ে দিয়েছে। অর্থনীতির সকল সূচক নি¤œমুখী হয়েছে। কর্মসংস্থান, বিনিয়োগ, নতুন শিল্পকারখানা প্রতিষ্ঠা দূরে থাক, একের পর এক শিল্পকারখানা বন্ধ হয়েছে, লাখ লাখ কর্মজীবী বেকার হয়েছে।

গতকাল দৈনিক ইনকিলাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের এক বছরে প্রায় ৪০০ শিল্পকারখানা বন্ধ হয়েছে। বেকার হয়েছে ১৫ লাখ শ্রমজীবী। পরিসংখ্যান অনুযায়ী, দেশে বেকারের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৩ কোটি ৬৬ লাখ। অতি দরিদ্র্যের সংখ্যা বাড়ছে, নি¤œবিত্ত দরিদ্রে, মধ্যবিত্ত নি¤œবিত্তে পরিণত হচ্ছে। বিদ্যমান কর্পোরেট প্রতিষ্ঠান, শিল্প কারখানার ব্যয় কমাতে কর্মকর্তা-কর্মচারি ছাঁটাই করছে। কষ্টের জীবনে পড়ে মানুষের মধ্যে নীরব হাহাকার চলছে। হতাশায় নিমজ্জিত হয়ে অনেকে অপরাধে জড়িয়ে পড়ছে। পরিবার ও সমাজ অস্থিতিশীল হয়ে উঠছে। এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। বিশিষ্ট র্অনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ পরিস্থিতিকে ভূমিকম্পের সাথে তুলনা করে বলেছেন, আমরা কিছুদিন আগে ভয়াবহ ভূমিকম্পের মুখোমুখি হয়েছি। তবে দেশের অর্থনৈতিক পরিস্থিতির যে দৈন্যদশা, তাতে সামনে রাজনৈতিক ও সামাজিক ভূমিকম্পের শঙ্কা রয়েছে। বলা বাহুল্য, পরিবার, সমাজ, রাজনীতি ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য অর্থের বিকল্প নেই। অর্থনীতি ঠিক থাকলে, সবকিছু ঠিক থাকে।

দেশের অর্থনীতির শোচনীয় পরিস্থিতি নিয়ে দৈনিক ইনকিলাবে দিনের পর দিন নানা প্রতিবেদন, সম্পাদকীয়, নিবন্ধ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারকে সচেতন ও দিকনির্দেশনা দেয়া হয়েছে। শুধু ইনকিলাবই নয়, অন্যান্য পত্রপত্রিকাও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে সরকারের কোনো বিচলন ঘটেনি, আমলে নেয়নি, কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। সরকার যেন দেখেও না দেখা, বুঝেও না বোঝার ভান করে রয়েছে। সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে গার্মেন্ট ও শিল্পকারখানায় পতিত ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ষড়যন্ত্রে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা সৃষ্টি হয়েছিল। অনেক গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে গেছে। সরকার এসব ষড়যন্ত্র বন্ধ করতে পারলেও কোনো কারখানা চালু করতে পারেনি।

শুধু গার্মেন্ট খাতই নয়, কর্মসংস্থান ও অর্থনীতির অন্যতম খাত হয়ে ওঠা আবাসন ইতিহাসের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে। সরকার এ খাতের দিকে নজর তো দেয়ইনি, বলা যায়, খাতটিকে গলা টিপে মেরেছে। ব্যবসায়ীদের মধ্যে আহাজারি চলছে। বলার অপেক্ষা রাখে না, প্রতিটি খাতের প্রতিষ্ঠান ও কারখানা দেশের অর্থনীতির ভিত্তির একেকটি ইটের মতো। এসব খাতে কর্মরত প্রত্যেক কর্মজীবীর মাধ্যমে একেকটি পরিবার সচল থাকে। গত এক বছরে চারশ’ শিল্পকারখান বন্ধ হয়ে যে ১৫ লাখ মানুষ বেকার হয়েছে, তাতে লাখ লাখ পরিবারের জীবন ও জীবিকা অচল হয়ে গেছে। সরকার তা উপলব্ধি যে করছে না, তা তার পদক্ষেপ না নেয়া এবং নিস্পৃহ থাকা থেকে বুঝতে অসুবিধা হয় না। তাহলে, সরকার জনগণের জন্য কি করেছে এবং কি উপকারে লাগছে, এ প্রশ্ন এখন জনগণের।

জনগণ দেখছে, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারিরা নিজেদের আখের গুছিয়েছে। নিজেদের ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য সুযোগ-সুবিধা ষোলআনা বুঝে নিচ্ছে। জনগণের অর্থ খরচ করে নিজেদের আরাম-আয়েশ ও ভোগ-বিলাস নিশ্চিত করছে। সরকারের নীতিনির্ধারণী দায়িত্বে থাকা যারা দ্বৈত নাগরিকত্বের অধিকারী, তারা হর্তাকর্তা হয়ে বসে আছে। সরকারের মেয়াদ শেষে এরা দেশ ছেড়ে যাবে এবং খুঁজে পাওয়া যাবে না। তবে সরকার জনগণের জন্য কিছু করতে না পারলেও তার এখতিয়ার বা সীমারেখার বাইরে গিয়ে দেশের স্বার্থবিরোধী চুক্তি ও উদ্যোগ নেয়ার ক্ষেত্রে পটুত্ব দেখিয়েছে। জনগণের মতামতের তোয়াক্কা না করে মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা দেয়ার মতো দেশের স্বার্থ পরিপন্থী কাজে লিপ্ত হয়েছে। অন্যদিকে, নিজের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে। দেশের রাজনীতি ও অর্থনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টির উপলক্ষ তৈরি করছে। দেশে যেসব অস্বাভাবিক ও অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে, তা সরকারের যথাযথ উদ্যোগ না নেয়ার কারণেই ঘটছে।

অন্তর্বর্তী সরকার দেশকে কোন পরিস্থিতিতে রেখে যাবে, তা বুঝতে বাকি থাকে না। সরকার যেন অপেক্ষা করছে, নির্বাচিত সরকারের ওপর সব দায় ও বোঝা চাপিয়ে দেয়ার জন্য। নতুন যে সরকার আসবে, তাকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যে ভঙ্গুর অর্থনীতি মেরামতে অন্তর্বর্তী সরকার কোনো উদ্যোগ নেয়নি, নতুন সরকারকে সেই কাজ করতে হবে। সব কাজই যেন সরকার নির্বাচিত সরকারের জন্য রেখে দিয়েছে। এটা কোনো দায়িত্বশীল সরকারের কাজ হতে পারে না। সরকার দেশের অর্থনীতিকে ন্যূনতম পর্যায়ে টেনে তুলতে পারেনি। জনগণের অর্থের সংস্থান করতে পারেনি, নিজের চলার মতো অর্থেরও সংস্থান করতে পারেনি। কেবল ঋণ খেলাপির হিসাব দিয়ে নিজের ব্যর্থতা ঢাকতে চাইছে। ঋণ খেলাপির বিষয়টি নতুন নয়। এই অপসংস্কৃতি আগেও ছিল। এটা নিয়ন্ত্রণ করা যেতে পারে, চিরতরে দূর করা কঠিন। অথচ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ ছিল, দেশের অর্থনীতি স্বাভাবিক করে মানুষের জীবনমানে স্বস্তি আনা। ব্যবসা-বাণিজ্যে গতি আনা। বিভিন্ন খাতের স্টেক হোল্ডারদের সাথে বসে তাদের সমস্যা দূর করে ব্যবসা-বাণিজ্য চাঙ্গা করা। যেসব কলকারখানা বন্ধ হয়ে গেছে, সেগুলোর মালিকদের সাথে বসে কীভাবে খোলা যায়, এ আলোচনা করা। সরকার তার কিছুই করেনি। পর্যবেক্ষকদের মতে, ইউনূস সরকার দেশ পরিচালনায় যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাতে ইতিহাস তাকে ক্ষমা করবে না। এর দায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকেই নিতে হবে।