চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করিয়া মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যদিও দীর্ঘ চার দশক ধরিয়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির চেয়ারপারসনরূপে দায়িত্ব পালন করিয়াছেন; রাজনৈতিক সংগ্রাম ও রাষ্ট্রীয় দায়িত্বের মধ্য দিয়া তিনি হইয়া উঠিয়াছিলেন দল-মত নির্বিশেষে সকলের অভিভাবক। তিনি ৮০ বৎসরের পরিণত বয়সেই চিরবিদায় লইলেও রাজনৈতিক সন্ধিক্ষণে তাঁহার প্রয়াণ ‘অকাল’ বলিয়া বিবেচিত হইবে। স্বীকার্য, খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ নানা জটিল রোগে ভুগিতেছিলেন এবং এই কারণে দেশ-বিদেশে চিকিৎসাও লইতে হইয়াছে। কিন্তু গণতন্ত্রে উত্তরণের এই মুহূর্তে তাঁহার অনুপস্থিতি অপূরণীয় শূন্যতা সৃষ্টি করিবে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ দেশের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের মধ্য দিয়া তাঁহার জন্য সমগ্র জাতির শোকই প্রকাশিত হইয়াছে। সাধারণ নাগরিকরাও কতখানি শোকাহত; সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে উহা স্পষ্ট প্রতিফলিত। আমরা দেখিয়াছি, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকিবার সময় দেশের কোটি কোটি মানুষ তাঁহার সুস্থতার জন্য প্রার্থনা করিয়াছেন। সমকালের পক্ষ হইতে আমরা গভীর শোক প্রকাশ করিতেছি; শোকসন্তপ্ত পরিবার ও দলের প্রতিও রহিল সমবেদনা।

খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়া বাংলাদেশ হারাইল উহার অসাধারণ প্রাজ্ঞ নেতাকে, যিনি গৃহবধূ হইতে আপসহীন সংগ্রামের মাধ্যমে দেশের রাজনীতির অন্যতম মধ্যমণিতে পরিণত হইয়াছিলেন; তিন-তিনবার অলংকৃত করিয়াছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর পদ।

খালেদা জিয়ার মৃত্যু এমন সময়ে ঘটিল, যখন দেশ এক গভীর সংকটকাল অতিক্রম করিতেছে; রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনসাধারণ নিরাপত্তা সংকটে ভুগিতেছে। স্মরণ করা যাইতে পারে, জুলাই গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের নাটকীয় পতন ঘটিলে খালেদা জিয়া তখন তাঁহার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যক্তিগত অহম বা প্রতিশোধ প্রকাশ না করিয়া নীরব থাকাকেই শ্রেয় মনে করিয়াছিলেন। হাসপাতালের বিছানা হইতে ভিডিও লিঙ্কের মাধ্যমে দলীয় জনসভায় প্রদত্ত বক্তব্যেও সমগ্র জাতিকে ‘প্রতিহিংসার রাজনীতি’ প্রত্যাখ্যান করিয়া শান্তি প্রতিষ্ঠায় মনোযোগী হইবার আহ্বান জানাইয়াছিলেন। জাতির এইরূপ অভিভাবকের স্থান পূরণ করা সহজসাধ্য নহে।

আমরা জানি, ১৯৮১ সালে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে খালেদা জিয়ার স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রাণ হারান, তখন তাঁহার বয়স কমবেশি ৩৫। উক্ত মর্মন্তুদ ঘটনা দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানসহ পরিবারটিকে যদ্রূপ অকূল পাথারে ভাসাইয়া দিয়াছিল, তদ্রূপ বিএনপিকেও ঝড়ঝঞ্ঝার মধ্যে নিক্ষেপ করিয়াছিল। তবে খালেদা জিয়া ধীর-স্থির পদক্ষেপের মাধ্যমে দুই ক্ষেত্রেই পরিস্থিতি সামাল দিয়াছিলেন।

১৯৮৪ সালে খালেদা জিয়া যখন দলের হাল ধরেন তখন দেশে ছিল দোর্দণ্ড প্রতাপশালী এরশাদের সামরিক শাসন। বিএনপির জ্যেষ্ঠ নেতা অনেকেই এরশাদের সহিত যোগ দেন। এতৎসত্ত্বেও তাঁহার দৃঢ় সংকল্পের নিকট সকল প্রতিকূলতা পরাভব মানে। তাঁহার নেতৃত্বাধীন সাতদলীয় জোট, শেখ হাসিনার নেতৃত্বাধীন আটদলীয় জোট এবং বামপন্থিদের পাঁচদলীয় জোট যুগপৎ ধারায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আগাইয়া নেয়। সেই সময় বারংবার কারান্তরীণ হইবার পরও এরশাদের অধীনে নির্বাচন না করিবার অঙ্গীকারে তিনি অটল থাকেন। ইহারই ফলস্বরূপ সামরিক স্বৈরাচারমুক্ত ১৯৯১ সালের প্রথম সাধারণ নির্বাচনে তাঁহার নেতৃত্বে বিএনপি সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করিয়া সরকার গঠন করে। তিনি হন দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। তাঁহার শাসনামলে সংসদীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, নারী শিক্ষার সম্প্রসারণ, সংবাদমাধ্যমের স্বাধীনতাসহ অনেক যুগান্তকারী উদ্যোগ গৃহীত হইয়াছিল।

আমরা জানি, বিএনপির বর্তমান শীর্ষ নেতা তারেক রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান; তাঁহাকে খালেদা জিয়াই স্বীয় উত্তরসূরি হিসাবে নির্বাচিত করিয়াছেন। সেই হিসাবে খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, দৃঢ়তা, সর্বোপরি একটা স্থিতিশীল রাষ্ট্র নির্মাণে দূরদর্শী পদক্ষেপগুলির ধারাবাহিকতা বিএনপির বর্তমান নেতৃত্ব রক্ষা করিবে বলিয়া আমাদের বিশ্বাস। তবে তাহাদের সাফল্য-ব্যর্থতা নির্বিশেষে খালেদা জিয়া প্রজন্মের পর প্রজন্মে স্মরিত হইবেন।