বর্তমানে তীব্র গ্যাস সংকটে গৃহস্থালি কর্মের পাশাপাশি শিল্পক্ষেত্রে যে অচলাবস্থা দেখা যাইতেছে, সামগ্রিক অর্থনীতির জন্য উহা যথেষ্ট উদ্বেগজনক। বৃহস্পতিবার সমকাল আয়োজিত সংলাপে বক্তারা বলিয়াছেন, গ্যাসের অভাবে দেশের শিল্পকারখানা বড় ধরনের সংকটে পড়িয়াছে। উৎপাদন চালাইয়া লইবার জন্য প্রয়োজনীয় চাহিদার অর্ধেক গ্যাসও মিলিতেছে না, যাহার ফলে সক্ষমতার ৫০ হইতে ৫৫ শতাংশ কম উৎপাদন হইতেছে কারখানায়। এই সমস্যা যদ্রূপ দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের উৎস তৈরি পোশাকশিল্পে চলিতেছে, তদ্রূপ টেক্সটাইলসহ অন্যত্রও একই অবস্থা। স্বাভাবিকভাবেই এই সংকট একদিকে কারখানার মালিকদের কপালে ভাঁজ ফেলিয়াছে; কারণ সক্ষমতা অনুসারে উৎপাদন করিতে না পারিলে তাহারা শুধু আর্থিক লোকসানের সম্মুখীন হইবেন না, ব্যাংকঋণের কিস্তি পরিশোধেও ব্যর্থ হইবেন। অন্যদিকে কারখানায় উৎপাদন না চলিলে শ্রমিক-কর্মচারী ছাঁটাই হইবে এবং ঋণের কিস্তি না পাইলে সংশ্লিষ্ট ব্যাংকগুলিও সংকটে পড়িবে। ইহার ফলে শুধু ইতোমধ্যে বিশাল হইয়া ওঠা খেলাপি ঋণ আরও বাড়িবে না শুধু, পরিচালন ব্যয় বৃদ্ধির পাশাপাশি ব্যাংকগুলির নূতন ঋণ বিতরণের ক্ষমতাও হ্রাস পাইবে, যাহার নেতিবাচক প্রভাব অর্থনীতির প্রায় সর্বক্ষেত্রেই পড়িবে। এমন পরিস্থিতিতে শুধু শিল্পমালিক নহে, সচেতন মহলমাত্রেরই উদ্বিগ্ন হওয়ার কারণ রহিয়াছে বলিয়া আমরা মনে করি।
সমকাল সংলাপে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তাহাদের সরকারের গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে বলিতে গিয়া কার্যত সম্পূর্ণ সংকটের দায় বিগত আওয়ামী লীগ সরকারের উপর চাপাইয়া দিতে চাহিয়াছেন। আমরা মনে করি, বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সেই সরকারের ভুল নীতি ছিল, উহার সমালোচনাও অসংখ্যবার হইয়াছে। ইহাও সত্য, ওই সকল ভুল সংশোধন রাতারাতি সম্ভব নহে। তবে আওয়ামী লীগ সরকার বিদায় লইয়াছে দুই বৎসর হইল, এই সময়ের মধ্যে আন্তরিক চেষ্টার মাধ্যমে অন্তত গ্যাস সংকটের তীব্রতা হ্রাস করা যাইত। বর্তমান গ্যাস সংকটের কারণ হিসাবে সরকার মহেশখালীতে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট তথা ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করিলেও, বাস্তবে উহাই চলমান সংকটের প্রধান উৎস নহে।
মূলত সময়মতো এলএনজি আমদানি না হওয়া এবং আমদানির জন্য পর্যাপ্ত অর্থের জোগান না থাকিবার কারণে গ্যাস বা জ্বালানি সংকটকে তীব্রতর করিয়াছে। দেশীয় গ্যাসের উৎপাদন কমিবার ফলে এলএনজির উপর নির্ভরতা অনাকাঙ্ক্ষিত হইলেও এটা বাস্তবতা। যে কোনো উপায়ে এলএনজি সংগ্রহের উপর তাই গুরুত্ব দিতে হইবে। এই ক্ষেত্রে সরকারকে প্রথমে জনগণের নিকট সমস্যার স্বরূপ ও তীব্রতা স্বীকার করিতে হইবে। স্বল্পমেয়াদে এলএনজি ক্রয়ের ক্ষেত্রে একটি বিশেষজ্ঞ টিম গঠন করিয়া খোলাবাজার এবং দীর্ঘমেয়াদি চুক্তির মধ্যে সমন্বয় করিয়া কেনাকাটা করিবার যে পরামর্শ বিশেষজ্ঞরা দিতেছেন তাহা গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারে প্রচেষ্টাও চালাইয়া যাইতে হইবে। আমরা জানি, একই সম্ভাবনাময় সামুদ্রিক এলাকায় প্রতিবেশী মিয়ানমার ও ভারত তেল-গ্যাস আবিষ্কারে আগাইয়া যাইলেও বাংলাদেশ পিছাইয়া রহিয়াছে। বর্তমান সরকার এই ক্ষেত্রে বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করিয়াছে বলিয়া মন্ত্রী জানাইয়াছেন। তবে অতীতের ন্যায় এই বিষয়ে যেন কোনো বিতর্ক বা জাতীয় স্বার্থ বিসর্জনের অভিযোগ না উঠে সেই বিষয়ে সতর্ক থাকিতে হইবে। আমরা প্রত্যাশা করি, এলএনজি টার্মিনালের ত্রুটি দ্রুততম সময়ের মধ্যে সারানো যাইবে। সংলাপে উপস্থিত ব্যবসায়ীগণ ভাসমান এলএনজি টার্মিনাল বাড়াইবার যে পরামর্শ দিয়াছেন, উহাও আমলে লইতে হইবে। শিল্প ও দেশের অর্থনীতির স্বার্থে সুষ্ঠু জ্বালানি সংগ্রহ ও ব্যবস্থাপনাকে এই মুহূর্তে অগ্রাধিকার দিতে হইবে।
